‘ফ্যাবুলাস’ ফ্যাবিয়ানো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলে তিনটি স্পর্শ, তিনজন ডিফেন্ডার ছিটকে পড়লেন। এরপর দুর্দান্ত ফিনিশিং। ‘ফ্যাবুলাস, ‘ফ্যাবুলাস’! লুইস ফ্যাবিয়ানোকে মানুষ আদর করে ডাকেন ‘দ্য ফ্যাবুলাস ওয়ান’। নামের সঙ্গে সংগতি রেখে পরশু আইভরিকোস্টের বিপক্ষে সত্যি সত্যি ‘ফ্যাবুলাস (অবিশ্বাস্য)’ এক গোল করে ফেললেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।টিভি রিপ্লেতে স্পষ্ট হলো ৫২ মিনিটে লুইস ফ্যাবিয়ানো দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করার সময় বল যে তিনবার স্পর্শ করেছেন, এর মধ্যে দুবারই নিয়ন্ত্রণ করেছেন হাত দিয়ে। টিভি রিপ্লে দেখে একটু হয়তো হতাশ হয়েছেন কেউ কেউ। হয়তো ভেবেছেন, যে গোলটিকে এমন প্রশংসায় ভাসানো হচ্ছে, সেটা কি হাতের কারিকুরিতে করা? কিন্তু একবার ভেবে দেখুন, ডি-বক্সের মধ্যে অমন সময়ে এভাবে বল নিয়ন্ত্রণ করতে পারাটাও কি অসম্ভব কাজ নয়?পুরো ব্যাপারটি বুঝতে রেফারি খানিক দেরি করে ফেলেছেন। গোলের সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পর মাঝবৃত্তের দিকে যাওয়ার সময় ফ্যাবিয়ানোকে কী বলে যেন হাসছিলেন তিনি। কিন্তু ফ্যাবিয়ানো তাঁকে ইশারায় বুক দেখালেন। হয়তো বোঝাতে চাইলেন, বুক দিয়েই বল নিয়ন্ত্রণ করেছেন। তবে ম্যাচ শেষে আসল সত্যটি প্রকাশ করলেন ফ্যাবিয়ানো। বলটা দুবারই তাঁর হাতে লেগেছে কি না, এমন এক প্রশ্নে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্য। মনে হচ্ছে প্রথমবার বল আমার হাতে এবং দ্বিতীয়বার কাঁধে লেগেছে। আসলে গোলটির আরও সুন্দর হয়ে ওঠার জন্য এই সন্দেহটুকু তৈরি হওয়ার দরকার ছিল।’ পরেই আবার বলেছেন, ‘বল আমার হাতে লেগেছে। তবে এটা দুর্ঘটনা।’একটা মিল কি খুঁজে পাচ্ছেন? ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে বলেছিলেন, ওটা ছিল ‘হ্যান্ড অব গড’। আর এবার ফ্যাবিয়ানো বললেন হ্যান্ডবল নাকি তাঁর গোলের ‘সৌন্দর্য’ বাড়িয়ে দিয়েছে! দ্বিতীয় গোলটিতে বিতর্ক মিশে থাকলেও কাকার ডিফেন্স-চেরা পাস থেকে করা তাঁর প্রথম গোলটিও ছিল অসাধারণ। প্রতিপক্ষ আইভরিকোস্টের অধিনায়ক দিদিয়ের দ্রগবাও বলেছেন, ফ্যাবিয়ানোই পার্থক্য গড়ে দিয়েছেন। তবে তাঁর দ্বিতীয় গোলটি মেনে নিতে পারছেন না চেলসি স্ট্রাইকার, ‘ম্যাচের প্রধান চরিত্র ছিল লুইস ফ্যাবিয়ানোই। দুটি অসাধারণ গোল করেছে সে। তবে দ্বিতীয় গোলটি পুরোপুরি বৈধ ছিল কি না সন্দেহ আছে।’৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ২৫ গোল, তবে পরশুর ম্যাচের আগে প্রায় ৬ মাস গোলের দেখা পাননি ফ্যাবিয়ানো। দক্ষিণ আফ্রিকায় পা রেখে দুটি প্রস্তুতি ম্যাচের পর উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটিও কেটেছে গোলশূন্য। টানা ৫ ম্যাচে গোল নেই! পরিসংখ্যানটা গিয়ে দাঁড়িয়েছিল ৩৮ ম্যাচে ২৫ গোল। বিতর্ক-টিতর্ক নয়, ফ্যাবিয়ানোর গোলে ফেরাটাই তাই বড় ব্রাজিলের জন্য। কাল এই খরা কাটালেন জোড়া গোলে। কাটালেন ‘ফ্যাবুলাস’ দুটি গোল করে।বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিততে চান। পরশু প্রথম গোল করে ৬টি আঙুল দেখালেন ফ্যাবিয়ানো। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে কেউ হয়তো ৬টি গোল করার ইঙ্গিত, কেউ আবার ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের ব্যাপারও ধরে নিতে পারেন। আসলে তা নয়। নিজের গোলে ফেরার সঙ্গে ফ্যাবিয়ানো তাঁর মেয়ের ষষ্ঠ জন্মদিনটাকে রাঙিয়ে দিতে পারার আনন্দটাও প্রকাশ করলেন এভাবে। গোল উদ্যাপনটাও কি ‘ফ্যাবুলাস’ নয়?