'ফ্রান্সে কি বর্ণবাদ বৈধ?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে নিয়ে সবার অভিযোগ। মারিও বালোতেল্লি এটা ঠিক করেননি, বালোতেল্লি ওটা ঠিক করেননি...কত কী! কিন্তু খ্যাপাটে ইতালিয়ান নিজেও মাঝেমধ্যে একটা অভিযোগ করেন অন্যদের ব্যাপারে—বর্ণবাদের অভিযোগ!
ক্যারিয়ারে অনেকবারই প্রতিপক্ষ খেলোয়াড়, সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বালোতেল্লি। পরশু ফ্রেঞ্চ লিগে বাস্তিয়ার বিপক্ষে ম্যাচে হলেন আরেকবার। নিস স্ট্রাইকারের অভিযোগ অন্তত তা-ই। যদিও বাস্তিয়া কর্তৃপক্ষ সেটি অস্বীকার করেছে।
ফ্রেঞ্চ লিগে নিসের হয়ে দুর্দান্ত খেলছেন ‘বালো’, ১০ ম্যাচে করেছেন ৮ গোল। এই ম্যাচে অবশ্য গোল পাননি, লিগ শীর্ষে থাকা নিসও ম্যাচটা ড্র করেছে ১-১ গোলে। তবে এসব নয়, ম্যাচ শেষে ২৬ বছর বয়সী ইতালিয়ান ইনস্টাগ্রামে অভিযোগ করেছেন বাস্তিয়ার সমর্থকদের নিয়ে, ‘ম্যাচের ফল ঠিকই আছে। রেফারিও ভালো করেছেন। কিন্তু ফ্রান্সের লোকজনকে নিয়ে আমার প্রশ্ন আছে। বাস্তিয়ার সমর্থকেরা যেভাবে ম্যাচজুড়ে শোরগোল করল আর ‘উহ-উহ’ (বানরের মতো আওয়াজ) করে গেল, কিন্তু ‘শৃঙ্খলা কমিশনের’ কেউও কিছু বলল না, সেটি কি স্বাভাবিক?’
বালোতেল্লি ফ্রান্সে এমন বর্ণবাদী কাণ্ড দেখে বিস্মিত, ‘তার মানে কি ফ্রান্সে বর্ণবাদ বৈধ? নাকি শুধু বাস্তিয়ায়? ফুটবল দুর্দান্ত একটি খেলা...কিন্তু বাস্তিয়ার ওই মানুষগুলো খেলাটাকে জঘন্য বানিয়ে ফেলেছে। লজ্জার ব্যাপার!’
বাস্তিয়া বালোতেল্লির অভিযোগ শুনে ‘অবাক’! বিবৃতিতে লিখেছে, ‘শুক্রবার সন্ধ্যায় নিসের কোনো কর্মকর্তা, দলের প্রতিনিধি বা অন্য কোনো সদস্য একটি মুহূর্তেও এমন কোনো বর্ণবাদী আচরণের অভিযোগ করেননি।’
বালোতেল্লির অভিযোগের পর বিষয়টি তদন্ত করার ঘোষণা দিয়েছে ফ্রেঞ্চ লিগের শৃঙ্খলা কমিটি। এএফপি।