‘ফ্রেডি’ এবার মুষ্টিযোদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর নানা কিছু করে এবার বক্সিং রিংয়ে নামছেন অ্যান্ড্রু ফ্রেডি ফ্লিনটফ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বর ম্যানচেস্টার অ্যারেনাতে অভিষেক হতে যাচ্ছে বক্সার ফ্লিনটফের। লড়াইটা দেখানো হবে ‘দ্য গ্লাভস আর অফ’ নামের একটা প্রামাণ্যচিত্রেও।বিশাল শরীরের কারণে অনুমিতভাবেই হেভিওয়েট শ্রেণীতে পড়েছেন। ব্রিটিশ বক্সিং বোর্ড অব কন্ট্রোলের কাছে লাইসেন্সের জন্য এখনো আবেদন করেননি। তবে বসে নেই ফ্লিনটফ, হাত মকশো করতে শুরু করে দিয়েছেন এর মাঝেই। তা-ও আবার যারতার কাছে নয়, সাবেক ফেদারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগুইগান ও তাঁর ছেলে শেন দীক্ষা দিচ্ছেন তাঁকে।‘নতুন’ ভূমিকায় নিজেকে কল্পনা করে রোমাঞ্চিত এই অলরাউন্ডার, ‘আমি ভালোবাসি এমন একটা খেলা খেলতে পারাটা দারুণ এক সুযোগ। ৩৪ বছর বয়সে আবার পেশাদার খেলোয়াড় হওয়ার সুযোগ আমার সামনে। আমার কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ, সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জই। বিশেষ করে এত কম সময়ের মধ্যে। আমার সামনে লম্বা একটা পথ, অনেক কাজ। ঝুঁকিটা অনেক বেশি।’বক্সিং খেলাটা তো ছেলের হাতের মোয়া নয়, তাই ফ্রেডিকে উত্তীর্ণ হতে হবে শারীরিক পরীক্ষাতেও। ব্রিটিশ বক্সিং বোর্ড অব কন্ট্রোলের মহাসচিব রবার্ট স্মিথ জানিয়েছেন সে রকমই, ‘পরিস্থিতির ওপর নির্ভর করে আবেদন মঞ্জুর হতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। তাঁকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, দেখতে হবে আসলেই তিনি কাজটা করতে পারবেন কি না।’ নিউজিল্যান্ডের রাগবি বিশ্বকাপজয়ী দলের সনি বিল উইলিয়ামসও এর মাঝে বক্সিং রিংয়ে আলোড়ন তুলেছেন। দুই ভুবনের দুই তারকার লড়াইয়ের আশা দর্শকেরা এখন করতেই পারে! রয়টার্স।