স্পেনের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবধান কতটুকু?
খুব বেশি ফুটবলবোদ্ধা হওয়ার দরকার নেই, দরকার নেই এত বিচার-বিশ্লেষণেরও। জবাবটা র৵াঙ্কিংই দিয়ে দেয়। ফিফার সর্বশেষ র৵াঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ৬২ নম্বরে, এই বিশ্বকাপে সর্বনিম্ন। আর শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, কয়েক বছর ধরেই র৵াঙ্কিংয়ের শীর্ষস্থানটা স্প্যানিশদের দখলে। এই বিশ্বকাপ শুরুর আগেও তাদের শিরোপার দাবিদার বলেছেন পেলে-ম্যারাডোনার মতো কিংবদন্তিরা।
সেই স্পেনই যেভাবে ডাচ-ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, অস্ট্রেলিয়া আদৌ কি পায়ের নিচে মাটি পাবে?
উড়তে থাকা রোবেন-পার্সিদের সামনে দাঁড়াতে এখন ভয় পাওয়ার কথা ফুটবলের সব পরাশক্তিদের, অস্ট্রেলিয়া সেই তুলনায় নিতান্তই পুঁচকে দল! তবে চিলির কাছে প্রথম ম্যাচে ৩-১ গোলে হারলেও ম্যাচে কিছু দারুণ মুহূর্ত উপহার দিয়েছে সকারুরা। সেই আত্মবিশ্বাস আজকের ম্যাচেও সাহস জোগাচ্ছে অ্যাঞ্জে পোস্তেকোগলোর দলকে। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউ লেকি তো বলেও দিয়েছেন, ‘আমি নিশ্চিত, চিলি আমাদের কাছ থেকে এতটা প্রতিরোধ আশা করেনি। আর ওই ম্যাচটা দেখলে হল্যান্ডও আমাদের নিয়ে নতুন করে ভাববে।’
নতুন করে আসলে ভাবছে ডাচরা। তবে সেটা শুধু অস্ট্রেলিয়াকে নিয়ে নয়, নিজেদের নিয়েও। বিশ্বকাপ শুরুর আগে কিংবদন্তি সাবেক খেলোয়াড় ও ফুটবল বোদ্ধারা সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় হল্যান্ডকে খুব একটা জায়গা দিতে চাননি। কিন্তু প্রথম ম্যাচেই স্পেনকে গুঁড়িয়ে দিয়ে যেন সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে লুই ফন গালের দল। স্পেন-বধের পর চারদিকে আরিয়েন রোবেন আর ফন পার্সিদের বন্দনা। কেউ কেউ এখন হল্যান্ডকে দেখেছেন সম্ভাব্য ফাইনালিস্ট। তবে এমন প্রশংসা-বন্যায় ভেসে না গিয়ে পা মাটিতে রাখতে চান ডাচ অধিনায়ক রবিন ফন পার্সি, ‘এটা ফুটবল। এখানে এমন রমরমা অবস্থা যেমন আচমকা আসে, আবার তেমনি আচমকা মিলিয়েও যেতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে, যাতে এই ফর্মটা দীর্ঘস্থায়ী হয়। আগের ম্যাচ নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না। এটা নতুন একটা ম্যাচ, নতুন করেই শুরু করতে হবে।’
নতুন করে শুরু করার চেষ্টা হিসেবেই আজ হয়তো ৫-৩-২ ছক বদলে আবার ৪-৩-৩ ছকে ফিরে যেতে পারেন ফন গাল। স্পেনের টিকি-টাকা ব্যর্থ করে দিতেই প্রথম ম্যাচে অাঁটসাঁট রক্ষণ নিয়ে নেমেছিলেন ডাচ কোচ। কিন্তু আজ তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলেই আরও ধারালো আক্রমণভাগ নিয়ে মাঠে নামতে চাইছেন। সে ক্ষেত্রে মিডফিল্ডার ইয়োনাথন ডি গুজমানকে হয়তো জায়গা ছেড়ে দিতে হবে স্ট্রাইকার জারমেইন লেন্সের কাছে। মাঝমাঠে ওয়েসলি স্নাইডার, নাইজেল ডি ইয়ংয়ের পাশে থাকবেন ইয়র্ডি ক্লাসি অথবা জর্জিনিয়ো ভাইনালডম।
খুব বেশি বদল থাকার কথা নয় অস্ট্রেলিয়া দলে। চিলির বিপক্ষে তার দলকে ৪-২-৩-১ ছকে খেলিয়েছিলেন পোস্তেকোগলো। আজ পোর্তো আলেগ্রেতেও হয়তো সেই ছকেই থাকবেন অস্ট্রেলিয়া কোচ। একমাত্র বদল রক্ষণভাগে। প্রথম ম্যাচে পাওয়া চোটের কারণে রাইট ব্যাক ইভান ফ্রানিচের বিশ্বকাপই শেষ হয়ে গেছে। তাঁর জায়গা নিতে পারেন রায়ান ম্যাকগাওয়ান অথবা আলেক্স উইলকিনসন।
গ্রুপিংটা জানার পরেই প্রায় নিশ্চিত হয়ে গেছে এই বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছে শিক্ষাসফরের চেয়ে বেশি কিছু নয়। তবে হারানোর কিছু নেই বলেই হয়তো একেবারে নির্ভার হয়ে খেলতে পারছে অস্ট্রেলিয়া। মিডফিল্ডার মার্ক ব্রেসিয়ানো তো প্রায় হুমকিই দিলেন, ‘আমরা বিশ্বকাপে আমাদের স্বাক্ষর রেখে যেতে চাই। ইতিহাস গড়তে চাই।’
‘ফ্লাইং ডাচ’রা কি আদৌ সেই সুযোগ দেবে অস্ট্রেলিয়াকে?

চোখ রাখুন
মুখোমুখি হল্যান্ড–অস্ট্রেলিয়া
আরিয়েন রোবেন
আগের ম্যাচেই ফন পার্সিকে সঙ্গী করে গুঁড়িয়ে দিয়েছেন স্প্যানিশ দুর্গ। চিতার গতি, ধ্রুপিদ ড্রিবলিং, দুর্দান্ত ডজ ছাড়াও আচমকা শটে গোল করার অসাধারণ ক্ষমতা—কী নেই রোবেনের! তাঁর সামনে আজ অসহায় হয়ে যেতে পারে সকারুরাও।
মার্ক ব্রেসিয়ানো
বয়স মধ্য তিরিশে। কিন্তু অস্ট্রেলিয়ার মাঝমাঠের খেলাটা এখনো নিয়ন্ত্রণ করেন তিনি। এমনিতে বেশ মৃদুভাষী হলেও ম্যাচের আগেই হল্যান্ডকে হুমকি দিয়ে রেখেছেন। সেই হুমকি যে ফাঁকা বুলি নয়, সেটা প্রমাণের দায়িত্বও আজ তাঁর।