'বছরটা যদি আরও লম্বা হতো!'

রিবেরি: এটা সত্যি, জন্মের পর থেকেই অনেক প্রতিকূলতা পার হতে হয়েছে আমাকে। আর এটাই আমাকে শক্তি জুগিয়েছে। সাফল্যের প্রণোদনা দিয়েছে। ভয় জিনিসটা আমার মধ্যে নেই। সে কারণেই অনেক কঠিন পরিস্থিতি আমি সামলে উঠতে পেরেছি।
ক্যারিয়ারের একটা ম্যাচ বেছে নিতে বললে কোনটিকে নেবেন?
রিবেরি: খুবই কঠিন প্রশ্ন। স্পেনের বিপক্ষে ২০০৬ বিশ্বকাপের ম্যাচটা আমার জন্য খুবই আবেগের ছিল। গত বছর বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটাও ছিল একই রকম।
আপনার প্রিয় গোল?
রিবেরি: চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে করা গোলটা। আমরা ১-০ গোলে পিছিয়ে ছিলাম। আমার গোল দলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিল। আমরা পরে পেনাল্টিতে জিতেছি। মনশেনগ্লাডবাখের সঙ্গে করা গোলের কথাও মনে আছে আমার। আমরা ৩-২ গোলে পিছিয়ে ছিলাম, আমি দারুণ একটা ভলিতে গোল করি। এরপর রোবেনকে আরেকটা বানিয়ে দিই।
আপনি তো অনেক দুষ্টুমি করতে পছন্দ করেন, কোনটা বেশি মনে আছে?
রিবেরি: একবার সবাই মিলে অলিভার কানের মাথায় পানি ঢেলে দিয়েছিলাম। দুষ্টুমিটা আমার মজ্জাগত। এখন বয়স হয়েছে, বাবা হয়েছি। আগের মতো অতো মজা করতে পারি না।
ফ্রান্সের হয়ে আপনার পরের চ্যালেঞ্জ তো এখন ব্রাজিল বিশ্বকাপ, তাই না?
রিবেরি: আমার জন্য এটাই হয়তো শেষ বিশ্বকাপ। আমরা চেষ্টা করব ফ্রান্সকে একটা উৎসবের উপলক্ষ এনে দিতে।