'বছরে দুটি জিএম টুর্নামেন্ট করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দাবার সঙ্গে সম্পৃক্ততা অনেক দিনের। ফেডারেশনের গত কমিটিতে ছিলেন সহসভাপতি। কাল নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সৈয়দ শাহাবুদ্দিন শামীম দিলেন অনেক প্রতিশ্রুতি
সৈয়দ শাহাবুদ্দিন শামীম
সৈয়দ শাহাবুদ্দিন শামীম

* আগামী চার বছরে আপনাদের পরিকল্পনা কী?
সৈয়দ শাহাবুদ্দিন শামীম: গত চার বছর ইচ্ছা থাকলেও অনেক কাজ করতে পারিনি। অনেক ভুলত্রুটি ছিল আমাদের। সেসব এবার শোধরাতে চাই। এ জন্য সপ্তাহ খানেকের মধ্যে একটি কর্মসূচি হাতে নেব। সেপ্টেম্বরে আজারবাইজানে দাবা অলিম্পিয়াড হবে। ওই প্রতিযোগিতার জন্য বিদেশি কোচ এনে ১০ জন দাবাড়ুর প্রশিক্ষণের ব্যবস্থা করব।
* গত নির্বাচনের আগেও বলেছিলেন জিএম (গ্র্যান্ডমাস্টার) টুর্নামেন্ট করবেন। কিন্তু একটা টুর্নামেন্টও তো হলো না...
শামীম: তখন একটা সমস্যা হয়েছিল। কিছু ভালো উদ্যোগ নিতে গিয়ে কয়েকজন কর্মকর্তা আমাদের ভুল বুঝেছিলেন। উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। তখন সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন আমার ব্যক্তিগত অনুরোধে জাতীয় দাবায় স্পনসর করেছেন। ওই স্পনসর না দেওয়ার জন্যও বাধা দিতে চেয়েছিল কেউ কেউ। আমি দায়িত্বে থাকলে ব্যর্থতার দায় আমাকেও নিতে হবে। তবে এবার শতভাগের চেয়েও বেশি চেষ্টা করব। প্রতিবছর ঢাকায় দুটি জিএম টুর্নামেন্ট করব। চট্টগ্রামে গত বছর একটা জিএম টুর্নামেন্ট করেছি, আবারও করব।
* কিন্তু চার বছর পর দেখা যাবে কিছুই হয়নি। এই অভিজ্ঞতা তো অনেক দিনের...
শামীম: না, এবার তেমন কিছু হবে না। আমি কাজ করব। এতটা আশাবাদী হওয়ার কারণ, এই মুহূর্তে দাবায় কোনো আর্থিক সংকট নেই। আশা করি সমস্যা হবে না।
* ফেডারেশনের বিদায়ী সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। তিনি এবার আপনার কমিটির সহসভাপতি। এটা কীভাবে দেখছেন?
শামীম: ওই সময় আমার সভাপতিত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল। আসলে আমাদের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের সাংগঠনিক অভিজ্ঞতা ছিল না। ওই সময় যে আয়-ব্যয় হয়েছে, সেগুলো সঠিকভাবে লেখা হয়নি। অনেক ত্রুটি ছিল। ওই ত্রুটিগুলো দেখিয়ে দিলে আমরা বিষয়টি ঠিক করে ফেলতাম। আসলে কাউকে ফাঁসানোর জন্য এই রিপোর্ট হয়েছিল। এরপরও র্যাবের একজন কর্মকর্তা দিয়ে আবারও তদন্ত করিয়েছি। আশা করি, আগামী ১০ দিনের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন সবাইকে জানাতে পারব।
* বিদেশে দল খেলতে গেলেই দাবাড়ুদের সঙ্গে একাধিক কর্মকর্তা বিদেশ ভ্রমণে যান। এসব এবার বন্ধ হবে?
শামীম: দাবাড়ুর বাইরে নির্বাহী কমিটির কেউ গেলে নিজের অর্থেই যান। কীভাবে টুর্নামেন্ট আয়োজন করতে হয়, সেটি শেখাই তাঁদের উদ্দেশ্য। এটা খারাপ কিছু নয়। তবু আমরা বিষয়টা দেখব।
* নির্বাচন নিয়ে আদালতে একটা রিট আবেদনের নিষ্পত্তি অসম্পূর্ণ রয়েছে। ভবিষ্যতে যদি আদালত এই কমিটিকে অবৈধ ঘোষণা করেন, তখন আপনারা কী করবেন?
শামীম: এটা আদালতের বিষয়। তবু পুরোনো অভিজ্ঞতা থেকে বলছি, আদালত গণতান্ত্রিক উপায়ে হওয়া নির্বাচনে ব্যত্যয় ঘটান না। তারপরও আদালত যা বলবেন, আমরা তা মেনে নেব।