'বজ্রবিদ্যুতের' দেখা প্যারিসেই
টাইসন গেকে মৌখিক জবাবটা দিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। উসাইন বোল্ট ট্র্যাকেও জবাবটা দিলেন দ্রুতই। ১০০ মিটারে অবশ্য নয়। গত পরশু অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী ডায়মন্ড লিগ প্যারিস মিটের ২০০ মিটার জিতেছেন মৌসুমের সেরা সময় করে। ভেঙে দিয়েছেন প্যারিসে এই ইভেন্টের ২৩ বছরের পুরোনো রেকর্ডও। প্যারিসে আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল জনসনের দখলে। ১৯৯০ সালে তিনি সময় করেছিলেন ২০.০১ সেকেন্ড। সেটাকে মুছে ফেলে বোল্ট পরশু সময় করেছেন ১৯.৭৩ সেকেন্ড। টাইসন গের করা বছরের আগের সেরা সময়ের চেয়ে দশমিক শূন্য ১ সেকেন্ড কম। গত মাসে যুক্তরাষ্ট্রের বাছাইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গে সময় করেছিলেন ১৯.৭৪ সেকেন্ড।
১৯.৯২ সেকেন্ড সময় করে দ্বিতীয় হয়েছেন লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী বোল্টেরই স্বদেশি ওয়ারেন উইয়্যার। ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী ঘরের ছেলে ক্রিস্টোফ লেমাত্রে হয়েছেন তৃতীয় (২০.০৭)।
অনুকূল আবহাওয়াতেও শুরুটা তেমন ভালো হয়নি। শেষ ৪০ মিটারে দারুণ দৌড়েই স্কোর বোর্ডটাকে আলোকিত করেছেন। বোল্টের কণ্ঠে তাই স্বস্তি, ‘এটা দারুণ। আমি নিজেকে নিয়ে খুশি।’
গত মাসে রোমে বোল্ট ১০০ মিটারে হেরে যান সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাটলিনের কাছে। আগামী মাসে শুরু হতে যাওয়া মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ওই হারকে বোল্টের জন্য সতর্কবার্তাই মনে করছেন অনেকে। গত বৃহস্পতিবার লুসান ডায়মন্ড লিগে গে ৯.৭৯ সেকেন্ড সময় করে ১০০ মিটার জেতায় আলোচনাটা আরও জোর পেয়েছে। গে নিজেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্যারিসের দৌড় শেষে বোল্টের মুখে পাওয়া গেল ‘বোল্টীয়’ জবাব, ‘আমি একবার ১০০ মিটার হেরেছি। অনেক মানুষই এটাকে বড় করে দেখছে। তবে এতে আমি সত্যিই উদ্বিগ্ন নই। আমি চ্যাম্পিয়নশিপের অ্যাথলেট। কাজেই আমি উদ্বিগ্ন নই। সবচেয়ে বড় কথা, আমি খুব ভালো অবস্থায় আছি।’ তবে জ্যামাইকান বজ্রবিদ্যুৎ অনুমান করছেন আগামী মাসে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা হবে দারুণ, ‘সব মিলিয়ে দুর্দান্ত এক বিশ্ব চ্যাম্পিয়নশিপই হতে যাচ্ছে। আপনারা সেখানে দুর্দান্ত লড়াই-ই দেখতে পাবেন, এটা হবে খুবই উত্তেজনাপূর্ণ। আমি এর জন্য তৈরি হতে চাই।’
প্যারিসে মেয়েদের ১০০ মিটার জিতেছেন দুবারের অলিম্পিকজয়ী শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস। বোল্টের স্বদেশিনী সময় করেছেন ১০.৯২ সেকেন্ড। ১০.৯৩ সেকেন্ড সময় করে দ্বিতীয় নাইজেরিয়ার ব্লেসিং অ্যাকাগবারে। ৫০০০ মিটারে মিট রেকর্ড এবং সর্বকালের সপ্তম সেরা সময় করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় সোনার দাবিটা আরও জোরালো করেছেন ইথিওপিয়ার বিশ্ব রেকর্ডধারী তিরুনেশ দিবাবা। রয়টার্স, এএফপি।