‘বদলি’দের প্রশংসা দেল বস্কের
একটা ‘জুয়া’ খেলতে চেয়েছিলেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। সেস ফ্যাব্রিগাস ও ফার্নান্দো তোরেসের কাউকেই তিনি কাল প্রথম একাদশে সুযোগ দেননি। প্রথম একাদশে ছিলেন আলভেরো নেগ্রেদো। কিন্তু নিজের সিদ্ধান্তটি যে সঠিক হয়নি, সেটা পরে বুঝতে পেরেছিলেন দেল বস্ক। সে কারণেই ফ্যাব্রিগাসকে মাঠে নামান। স্পেনও পায় তাঁর কাঙ্খিত গতি। কেবল ফ্যাব্রিগাস নন, জেসাস নাভাস ও পেদ্রো রদ্রিগুয়েজ মাঠে নামার পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলে স্পেন। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারের ভাগ্যপরীক্ষাতেই নিষ্পত্তি হয়েছে।ম্যাচ শেষে দেল বস্ক তাঁর বদলি খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন। নির্ধারিত সময়ে পর্তুগালকে হারাতে না পারলেও বদলি খেলোয়াড়েরাই যে স্পেনের খেলায় পরিবর্তন এনেছিল, সেটা স্বীকার করেছেন তিনি।‘কোনো দলই ম্যাচে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। যদিও সুযোগ তৈরি করতে না পারার দুর্বলতাটা আমাদের কাটিয়ে উঠতে হবে। তবে এটা ঠিক যে ফ্যাব্রিগাস, নাভাস ও পেদ্রো মাঠে নামার পর পুরো ম্যাচের পরিস্থিতি পাল্টে গেছে। আমরা প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পেরেছি।’ দেল বস্কের মন্তব্য।দলের খেলোয়াড়েরা ধীরে ধীরে পরিণত হয়ে উঠছেন বলেই মনে করেন কোচ দেল বস্ক। তিনি বলেন, তারা যে পরিণত হচ্ছে, সেটার পরিষ্কার ছাপ দেখা গেছে অতিরিক্ত সময়ে। খেলোয়াড়েরা শিখে গেছে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কীভাবে খেলতে হয়। কীভাবে ম্যাচের কঠিন পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়।প্রতিপক্ষের রক্ষণভাগের প্রশংসা করে দেল বস্ক বলেন, ‘ওদের রক্ষণটা আমাদের চেয়ে ভালো। ম্যাচে আমরা তেমন একটা সুযোগ তৈরি করতে পারিনি। তাই খেলাটি কখনোই কারও দিকে হেলে পরেনি। টাইব্রেকারে ভাগ্য আমাদের পক্ষে গেছে।’ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পেনের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় আখ্যা দিয়েছেন দেল বস্ক। তবে একই সঙ্গে রোনালদোকে বোতলবন্দী করে রাখতে পারার জন্য তাঁর খেলোয়াড়দেরও দিয়েছেন প্রাপ্য কৃতিত্ব। তবে পর্তুগালকে অভিনন্দন জানিয়ে দেল বস্ক বলেন, ‘পুরো প্রতিযোগিতায় দলটি দুর্দান্ত খেলেছে। তবে সেমিফাইনালে আমরা ওদের চেয়ে ভাগ্যবান ছিলাম।’