‘বদলের জন্য ক্রিকেট’
কোনো এক জঙ্গলের মধ্যে সামরিক আদেশের অপেক্ষায় ছিল হয়তো ছেলেগুলো। তাদের কারও হাতে ছিল রাইফেল, কারও হাতে গ্রেনেড। পরনে ছিল সবুজ ডোরাকাটা খাকি পোশাক। পোশাকটা বদলে গেছে। সাদা টি-শার্ট আর ট্রাউজার পরে সেই ছেলেগুলো এখন নতুন ‘অস্ত্র’ হাতে নিয়ে ঘুরে বেড়ায়। রাইফেলের বদলে ব্যাট, গ্রেনেডের বদলে ক্রিকেট বল! হ্যাঁ, এভাবেই ক্রিকেট দিয়ে যুদ্ধের অন্ধকার জগত্ থেকে টেনে তোলার চেষ্টা হচ্ছে প্রায় ৩৭০ জন তামিল শিশু-কিশোরকে। খেলাধুলা দিয়ে যুদ্ধ-সন্ত্রাসের মতো সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব—কথাটাকে কার্যকর করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে শ্রীলঙ্কাতে। আইসিসি ও শ্রীলঙ্কান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কলম্বোতে শুরু হয়েছে ‘ক্রিকেট ফর চেঞ্জ’ নামে এক মহাপ্রকল্প।প্রায় ২৫ বছর ধরে গৃহযুদ্ধে অশান্ত হয়েছিল শ্রীলঙ্কা। স্বাধিকার আন্দোলন বলুন কিংবা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা; যে নামেই হোক দিনের পর দিন শ্রীলঙ্কান সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে গেছে তামিলদের সংগঠন ‘লিবারেশন টাইগার অব তামিল ইলম’ (এলটিটিই)। সেই লড়াইয়ে প্রাপ্তবয়স্করা অংশ নিয়েছেন। অংশ নিতে বাধ্য হয়েছে তামিল অধ্যুষিত এলাকার হাজার হাজার শিশু-কিশোর। এসব শিশু-কিশোরের কেউ কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছে, কেউ কেউ যুদ্ধের নেপথ্যে কাজ করেছে। আরও হাজার হাজার তামিলের মতো তাদেরও হয়তো অস্ত্রযুদ্ধ আর রক্তের দাগ দেখে জীবন কাটত। কিন্তু গত বছর মে মাসে শ্রীলঙ্কান সেনাবাহিনীর চূড়ান্ত ও চরম আক্রমণের পর হঠাৎ করে বদলে গেছে এই শিশু-কিশোরদের জীবন।ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুতে এলটিটিইর সংগ্রামের কার্যত মৃত্যু ঘটেছে। এর পরই শ্রীলঙ্কান সেনাবাহিনী তামিল এলাকা থেকে ‘উদ্ধার’ করে এনেছে সামরিক প্রশিক্ষণ পাওয়া শত শত শিশু-কিশোরকে। এরা এখন দুশ্চিন্তারও কারণ, এদের স্বাভাবিক জীবনে মেশানো হবে কীভাবে?সেই সমাধানের জাদু নিয়েই হাত বাড়িয়ে দিয়েছে ক্রিকেট! লাহোরের সন্ত্রাসী হামলা, মুম্বাই আক্রমণ যে ক্রিকেটকে একদিন কাঁপিয়ে দিয়েছিল, সেই ক্রিকেট আজ সন্ত্রাসের জগত্ থেকে ফিরিয়ে আনছে শিশুদের। আইসিসির ‘বদলের জন্য ক্রিকেট’ নামে একটি দল এখন কাজ করছে এই শিশুদের নিয়ে। তাদের হাতে-কলমে ক্রিকেট শেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে সনদপত্র। এরই মধ্যে ২৪ সাবেক কিশোর যোদ্ধা সনদপত্র পেয়ে গেছে। এখন তাদের অপেক্ষা বিভিন্ন দলের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামার। ওয়েবসাইট।কলম্বো জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করতে করতে কথা বলছিল সাবেক কিশোর যোদ্ধা ধর্মরত্নম, ‘খুব ভালো লাগছে। আমরা এখন মুক্ত। খেলা আর পড়াশোনা করতে পাচ্ছি।’ ধর্মরত্নম যেখানে দাঁড়িয়ে কথা বলছিল, সেই স্টেডিয়ামে শ্রীলঙ্কার একমাত্র তামিল ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের পায়ের ছোঁয়া লেগেছে। আজকের ধর্মরত্নমদের কেউ কি ভবিষ্যতের মুরালিধরন হয়ে বেরিয়ে আসবে? না হলেও ক্ষতি নেই, অস্ত্রের ঝনঝনানি থেকে তো মুক্তি পাবে।