
নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো আরেক কিউই জ্যাকব ওরামও। কাল রাতেই দেশে ফিরে যাওয়ায় সাবেক সতীর্থদের সঙ্গে এই দফা দেখা হয়নি। তবে এই অলরাউন্ডারের আশা, দুই সপ্তাহ পর আবার এলে দেখা-সাক্ষাৎ হবে সবার সঙ্গেই
আবাহনীর বিপক্ষে ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ এনেছে আপনার দল গাজী ট্যাংক ক্রিকেটার্স। টেস্ট খেলুড়ে একটা দেশের ঘরোয়া ক্রিকেটে এ রকম আম্পায়ারিং দেখে কি বিস্মিত আপনি?
জ্যাকব ওরাম: দেখুন পুরো দেশের আম্পায়ারিং নিয়ে মন্তব্য করাটা আমার জন্য ঠিক হবে না। আপনি যদি গতকালের (পরশু) কথা বলেন তাহলে বলব হ্যাঁ, কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যায়। তবে সবচেয়ে বড় কথা হলো, আমরা ম্যাচটা জিতেছি।
এ ম্যাচে আপনি নিজেও বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ। আপনি তো অন্যান্য দেশের ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। কখনো এ রকম অভিজ্ঞতা হয়েছে?
ওরাম: ভুল যে কেউ করতে পারে। কাজেই একপেশেভাবে আম্পায়ারদের ওপর দোষ দেওয়া যাবে না। আমার বিশ্বাস, তাঁরা সব বুঝেশুনেই সিদ্ধান্ত নেন। আমাদের এটা মেনে খেলতে হবে। কাজ করতে গিয়ে আমার নিজেরও অনেক ভুল হয়। মানুষ ভুল করতেই পারে।
প্রিমিয়ার ক্রিকেট লিগে একটা মাত্র ম্যাচ খেললেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে সামান্য হলেও ধারণা পেয়েছেন নিশ্চয়ই...
ওরাম: হ্যাঁ, মাত্রই একটা ম্যাচ...তবে এই ম্যাচটাই বেশ কঠিন হয়ে পড়েছিল। প্রতিপক্ষ দলে ভালো খেলোয়াড় ছিল, ভালো ভালো বিদেশি খেলোয়াড় খেলে এখানে। তা ছাড়া কন্ডিশনও একটা ব্যাপার। আমি এসেছি নিউজিল্যান্ড থেকে। আমরা যে কন্ডিশনে অভ্যস্ত, সেটির সঙ্গে এখানকার কন্ডিশনের অনেক পার্থক্য।
নিউজিল্যান্ড দলও এখন বাংলাদেশ সফর করছে। জাতীয় দলের সঙ্গে থাকাটা কি মিস করছেন খুব?
ওরাম: আমি আমার বন্ধুদের মিস করি, দলটাকে মিস করি। দলের সঙ্গে থাকাটা সব সময়ই আনন্দের। তবে আমি মনে করি না, এসব ছাড়া আর কোনো কিছু আছে মিস করার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে আমার তাই কোনো অনুশোচনা নেই। ওই সময় সিদ্ধান্তটা ঠিকই ছিল।
কিন্তু চাইলে তো আরও খেলতে পারতেন জাতীয় দলে...
ওরাম: হয়তো পারতাম। আসলে এ সিদ্ধান্তের পেছনে বেশ কয়েকটা কারণ ছিল। প্রথমত মনে হয়েছিল, পরিবারকে আরও সময় দেওয়া উচিত। আমার নিজেরও বয়স হয়ে যাচ্ছিল...। তা ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটটা আমি খুব উপভোগ করি। ক্রিকেটের সঙ্গে থাকতে চাইলে টি-টোয়েন্টি খেলেও থাকা যায়।
একই সময়ে আপনি এবং নিউজিল্যান্ড দল বাংলাদেশে। পুরেোনা সতীর্থদের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে?
ওরাম: দুর্ভাগ্যজনকভাবে আজ (গতকাল) রাতেই আমি নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছি। লিগের মাঝখানে দুই সপ্তাহের একটা বিরতি আছে বলে জানি। আমি হয়তো ২২-২৩ অক্টোবরের দিকে আবার ফিরে আসব। ওই সময় ঢাকায় দ্বিতীয় টেস্টটা হবে। দল যে হোটেলে থাকবে, আমিও সে হোটেলেই থাকব। কাজেই তাঁদের সঙ্গে তখন নিশ্চয়ই দেখা হবে।
আগেরবার তো বাংলাদেশে এসে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিল। এবারের সিরিজটাও কি সে রকমই কঠিন হতে পারে তাদের জন্য?
ওরাম: বাংলাদেশে আমি এর আগেও খেলেছি, বিপিএলে খেলেছি। এই কন্ডিশনে এখানকার ক্রিকেটাররা অনেক ভালো খেলে, তা আমি জানি। আমার ধারণা, নিউজিল্যান্ড দলও সেটা জানে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে।