বয়স মাত্র ১৪। এরই মধ্যে খেলে ফেলেছে দুটি জুনিয়র গলফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তার শোকেসে উঠেছে ৪০টি ট্রফি, যার ২৫টিই গত দুই বছরে সিনিয়রদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৬-২৪ আগস্ট চীনের নানজিংয়ে অনুষ্ঠেয় যুব এশিয়ান গেমসে বাংলাদেশ দলের পতাকাবাহকও আফনান মাহমুদ। সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত সিলেটি এই কিশোর যুব এশিয়ান গেমসে তুমি বাংলাদেশের পতাকাবাহক। খবরটা কখন জেনেছ?আফনান মাহমুদ: আজই অলিম্পিক ভবনে এসে শুনলাম। আমি পতাকা বইব, এটা শোনার পর থেকে খুবই ভালো লাগছে। দেশের পতাকা বয়ে মার্চপাস্টে যাওয়া গর্বের ব্যাপার। ভাবতেই এক্সাইটেড লাগছে। ব্যাপারটা বিরাট সম্মানেরও। তুমি নাকি ফুটবলার হতে চেয়েছিলে? গলফার কীভাবে হলে?আফনান: স্কুলে আমি সব খেলায় অংশ নিই। ভলিবল দলের আমিই অধিনায়ক। বাস্কেটবল, ব্যাডমিন্টনও খেলি। তবে ফুটবলই বেশি পছন্দ করতাম। ফুটবলার হওয়ারই স্বপ্ন দেখতাম। কিন্তু আব্বু আমাকে গলফে নিয়ে এসেছেন। আব্বু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। উনি বন্ধুদের সঙ্গে গলফ খেলে সময় কাটান। ছয় বছর বয়সে আব্বুর হাত ধরে গলফ কোর্সে এসেছি। তখন থেকেই আব্বুর সঙ্গে টুকটাক খেলতাম। এরপর আস্তে আস্তে খেলাটা বেশ ভালো লেগে যায়। এখন গলফই আমার সবকিছু। আব্বু আমাকে অনেক উৎসাহ দেন। উনি চান, আমি ভালো গলফার হই। প্রতিদিন কতক্ষণ অনুশীলন করো?আফনান: স্কুল ছুটির পর পরই চলে আসি কোর্সে। প্রতিদিন ১০০-২০০টি বল মারি। চিপিং আর বার্ডি করি। এখন রোজার সময় স্কুল ছুটি। যুব এশিয়ান গেমসের জন্য সকাল-বিকেল দুই বেলা প্র্যাকটিস করছি জাতীয় দলের সঙ্গে। দেশের বেশির ভাগ গলফারই তো বলবয় বা ক্যাডি থেকে এসেছে। সেই হিসেবে তুমি তো অনেক ভাগ্যবানই বলা যায়?আফনান: ঠিকই বলেছেন। আব্বুই আমাকে সব রকমের সাহায্য করেন। আমাদের জাতীয় দলের সজীব ভাই, নাজিম ভাইরা এখনো ভালোমানের স্পনসর খুঁজছেন। গলফে তোমার ফেবারিট কে?আফনান: দেশে সিদ্দিক ভাইয়া (সিদ্দিকুর রহমান)। দেশের বাইরে নর্দান আয়ারল্যান্ডের ররি ম্যাকইলরয়। সিদ্দিকুরের সঙ্গে কখনো অনুশীলন করেছ?আফনান: সিদ্দিক ভাইয়া রুটিন মেনে অনুশীলন করেন। ওনার সঙ্গে দুবার অনুশীলন করেছি। তবে ভাইয়া কোথায় যাচ্ছেন, কী করছেন, ইয়োগা ক্লাস নাকি জিম ওয়ার্ক করছেন—সব খোঁজই রাখি। সব সময় ওনাকে ফলো করি। যেখানে জিম করেন, সেখানে গিয়ে দেখি উনি কী কী করছেন, আমার জন্য সেগুলো কতটুকু কাজে দেবে। তারপর ওনার পরামর্শ নিই। উনি হাসিমুখে অনেক টিপ্স দেন। তাঁর কাছে অনেক কিছু শেখার আছে। টেলিভিশনে কি গলফ দেখো?আফনান: হ্যাঁ। টিভিতে টাইগার উডস, ররি ম্যাকইলরয়দের খেলা দেখে ভাবি, ওঁরা কোথায় আর আমরা কোথায়। ওঁদের পেছনে ভক্তদের বিশাল বহর। স্বপ্ন দেখি, একদিন আমারও এমন হবে। ওই পর্যায়ে নিজেকে দেখতে চাই। জানেন, স্কুলের বন্ধুরা আমাকে মজা করে টাইগার উডস বলে ডাকে। যুব এশিয়ান গেমসে তোমার লক্ষ্য কী?আফনান: চীনে সেরা পাঁচে থাকতে চাই। এত কম বয়সে সাফল্যের রহস্য কী?আফনান: শুরুতে অনুশীলনে গিয়ে খুব রাগ হতো। দেখতাম, বাবা আর ভাইয়া বল মারলে অনেক দূর যাচ্ছে। আর আমার বল মাত্র ১৫০ গজ যাচ্ছে। নিজেকে বলতাম, সব খেলা তো ভালোই খেলো, এটা কেন পারছ না? চেষ্টা করতে লাগলাম ভালো করার। এটাই হয়তো সাফল্য এনে দিয়েছে।