'বর্ষাকালীন ক্রিকেট' শুরু হবে তো?
মাঠ নিয়ে বিকেএসপির সঙ্গে চুক্তি হবে। এ উপলক্ষে আজ বিসিবির কার্যালয়ে আসার কথা বোর্ড সভাপতি নাজমুল হাসানের। এই সুযোগে প্রিমিয়ার ক্রিকেট লিগের সংকট নিয়ে সভাপতির সঙ্গে আলোচনার সুযোগও হতে পারে ক্রিকেটারদের।
আলোচনার প্রস্তাব কোয়াবের কাছ থেকেই এসেছে বলে জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) প্রধান জালাল ইউনুস। কাল রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালকে আজ বিসিবির কার্যালয়ে আসতে বলার কথা তাঁর। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সে রকম কোনো আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন দেবব্রত। তবে বলেছেন, ‘সভাপতি ডাকলে আমরা যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।’ আলোচনা হয়তো হবে, তবে তাতে অচলাবস্থার সমাধান হবে কি না, কে জানে!
ক্লাবগুলোর সামনে বিসিবির মেরুদণ্ডহীন অবস্থানই লিগ নিয়ে সংকটটাকে জটিল করেছে আরও। বিশাল অঙ্কের অনুদান দেওয়া হচ্ছে প্রিমিয়ার লিগের জন্য। অথচ একটি টেস্ট খেলুড়ে দেশের বোর্ড হিসেবে ক্লাব ক্রিকেটের সঙ্গে এতটা সম্পৃক্ত হওয়ারই কথা নয় বিসিবির। গত বছরের ১২ মার্চের বার্ষিক সাধারণ সভায় অনুমোদন হওয়া বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের সঙ্গে প্রস্তাবিত আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র অনুমোদন হলে এই সম্পৃক্ততা মুছেও যেত এত দিনে। সিসিডিএম বিলুপ্ত করে সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থার সঙ্গে সেখানে যোগ করা হয়েছিল ঢাকা মহানগর ক্রিকেট সংস্থা। দেশের অন্যান্য অঞ্চলের লিগের মতো তখন ঢাকা লিগও চালাত এই আঞ্চলিক সংস্থাই।
পরিচালনা পর্ষদে ক্লাবের প্রতিনিধিত্ব বেশি থাকাটা বিসিবির ক্লাবপ্রীতির অন্যতম কারণ। সেই প্রতিনিধিত্বও বর্তমান অস্থায়ী কমিটিতে হাতে গোনা কয়েকটি ক্লাবের মধ্যে সীমাবদ্ধ। প্রিমিয়ার লিগ নিয়ে চলমান সংকটের পেছনে বড় ‘অবদান’ প্রভাবশালী সেই ক্লাবগুলোরই। জেলা ও বিভাগীয় কোটায় নির্বাচিত বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফীন সেটির দিকেই দৃষ্টি আকর্ষণ করলেন, ‘অ্যাডহক কমিটির বেশির ভাগ সদস্য নির্দিষ্ট একটি বা দুটি ক্লাব থেকে আসা। বোর্ড যদি এখন ক্লাবপ্রতি এক, দুই বা পাঁচ কোটি টাকা করেও অনুদান দিতে চায়, তাহলেও বাধা দেওয়ার কেউ থাকবে না। বিসিবি সারা দেশের ক্রিকেট বোর্ড হলে শুধু ঢাকার ক্লাবগুলোকে অনুদান দেওয়ার যুক্তিসংগত কোনো কারণ থাকতে পারে না। এটা গোটা দেশের ক্রিকেটের প্রতি অবিচার।’ বিসিবির ক্লাব-তোষণ নীতিকে নির্বাচনী উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে হচ্ছে তাঁর কাছে, ‘সবকিছুই করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। আর তাতে আসল দায়িত্বটা থেকে বোর্ড সরে গেছে। ক্রিকেট খেলাটা মাথায়ই নেই কারও।’
যে লিগ ফেব্রুয়ারিতে শুরু হয়ে এপ্রিলে শেষ হয়ে যাওয়ার কথা, সেটা মধ্য জুন পেরিয়ে যাওয়ার পরও মাঠেই গড়ায়নি! এখন শুরু হলেও নিশ্চিতভাবেই তা হবে বৃষ্টিবিঘ্নিত এক লিগ, শফিউল আরেফীনের ভাষায়, ‘বর্ষাকালীন ক্রিকেট’। এই ‘বর্ষাকালীন ক্রিকেট’ নিয়ে বিসিবির অন্য একটা চিন্তার কথাও জানালেন তিনি, ‘ক্লাবের সঙ্গে সভায় বোর্ডের পক্ষ থেকে এমনও বলা হয়েছে, আপনারা লিগটা অন্তত শুরু করুন। বৃষ্টিতে সমস্যা হলে প্রয়োজনে বাকি লিগ অক্টোবরে নিয়ে যাওয়া হবে। আমরা দেখাতে চাই, খেলাটা অন্তত শুরু করেছি।’
শুধু লিগ আয়োজনের সময়টাই বিতর্কিত নয়, বিসিবির অভিনব আবিষ্কার গ্রেডিং পদ্ধতিও বেশ কৌতূহলোদ্দীপক। এত বছরের প্রথা বাদ দিয়ে এবার হঠাৎ কেন এমন কিছুর চিন্তা? বোর্ডের বাইরে থাকলেও এর সম্ভাব্য একটা উত্তর দেওয়ার চেষ্টা করলেন শফিউল আরেফীন, ‘আগের সূচি অনুযায়ী খেলা হলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। বোর্ড যদি সূচি অনুযায়ী লিগ শুরুর ঘোষণা দেওয়ার সাহস দেখাত, কোনো ক্লাবের সাধ্য ছিল লিগ না খেলার?’
যাঁরা বোর্ডে আছেন, তাঁরা কী বলছেন? নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির অস্থায়ী কমিটির এক সদস্যের আক্ষেপ, ‘আমি নিজেও গ্রেডিং পদ্ধতির বিপক্ষে। কিন্তু বোর্ডে এর বিপক্ষে কথা বলার মতো আর কাউকে পেলাম না।’