‘বল ছোড়া কিন্তু বন্ধ হয়নি!’
চুক্তি নবায়নের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকায়। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে শোনা যাচ্ছে, দায়িত্ব নিতে পারেন মাতৃভূমি দক্ষিণ আফ্রিকার। এই গুঞ্জন, ক্রিকেটবিহীন সময় আর ভারতের নতুন কোচ প্রসঙ্গে একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলেছেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন পেছন ফিরে তাকিয়ে বিশ্বকাপটাকে কীভাবে দেখবেন?গ্যারি কারস্টেন: বিশ্বকাপ অভিযানে ভারতীয় দলের অংশ হতে পারাটাই ছিল বিশেষ সম্মানের। ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সবার জন্যই বিশ্বকাপ জয়টা ছিল অসাধারণ একটা মুহূর্ত। বিশেষ করে ক্রিকেটারদের জন্য, যারা নিজেদের উজাড় করে দিয়েছে। এরপর এই কদিনে জীবনে কতটা পরিবর্তন এসেছে?কারস্টেন: সব সময় যেমন ছিলাম, তেমন আছি ভাবতেই ভালো লাগবে। তবে সবার কাছ থেকে এত এত অভিনন্দন, শুভেচ্ছা পেয়ে আমি যারপরনাই অভিভূত ও কৃতজ্ঞ। আপনি কি জানেন, আপনি বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত কোচ?কারস্টেন: ওসব নিয়ে আমি খুব একটা ভাবি না। ভারতীয় দলকে কোচিং করানোর সুযোগ পাওয়ায় আমি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ, ভারতের জনগণের সমর্থনের জন্যও কৃতজ্ঞ। প্রতিদিনের অনুশীলন, ব্যাটসম্যানদের বল ছোড়া, পরিকল্পনা, অটোগ্রাফ দেওয়া, মিডিয়ার চাপ—এসব ছাড়া জীবন কেমন লাগছে?কারস্টেন: পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। তবে বল ছোড়া কিন্তু বন্ধ হয়নি, আমার ছোট্ট দুই ছেলে সারা দিন ব্যাটিং করতে ভালোবাসে! ভারত আর ভারতের ক্রিকেটারদের কতটা মিস করছেন?কারস্টেন: গত তিন বছরে ক্রিকেটারদের সঙ্গে আমার যে হূদ্যতা গড়ে উঠেছে, সারা জীবন তা হূদয়ে গেঁথে থাকবে। মাঠের ক্রিকেটটাকে ভারতীয়রা যেভাবে নেয়, এর পুরো কৃতিত্বই তাদের প্রাপ্য। বীরেন্দর শেবাগ বলেছেন, আপনি ভারতীয় ক্রিকেটারদের অনেক মিস করবেন, কারণ এতসব সুপারস্টারের বিশ্বাস ও শ্রদ্ধা আর কোনো বিদেশি অর্জন করতে পারেনি...কারস্টেন: আমার লক্ষ্য ছিল শারীরিক-মানসিক সবদিক থেকে আমার সবটুকু টিম ইন্ডিয়ার জন্য ঢেলে দেওয়া। আমি নিজেকে ভারতীয় সংস্কৃতির অংশ মনে করতাম, কখনোই বিদেশি মনে করিনি। আপনার উত্তরসূরি হয়েছেন ডানকান ফ্লেচার, আপনার কি মনে হয় টিম ইন্ডিয়ার দায়িত্ব সঠিক লোকটিই পেয়েছেন?কারস্টেন: ডানকান যেসব দলকে কোচিং করিয়েছে, সব কটিতেই অনেক সাফল্য পেয়েছে। অবশ্যই দল পরিচালনার নিজস্ব একটা ধরন থাকবে তার। তবে আমি নিশ্চিত, ক্রিকেটাররা ও এমএস (ধোনি) ওর সঙ্গে কাজ করা উপভোগ করবে। আমি নিশ্চিত, সবার সঙ্গেই ওর ভালো সম্পর্ক গড়ে উঠবে। ভারতে সবারই বিশ্বাস, ফ্লেচারের নামটা নাকি আপনিই সুপারিশ করেছিলেন?কারস্টেন: বোর্ড যখন আমার কাছে পরামর্শ চেয়েছিল, আমি যে কজনের নাম বলেছিলাম তাদের মধ্যে ডানকানও ছিল। আপনার কি মনে হয় যে ডানকান এমন একটা অবস্থায় দলের দায়িত্ব নিচ্ছে, যখন তাঁর জয়ের সুযোগ নেই? আপনার চেয়ে ভালো তো তিনি করতে পারবেন না!কারস্টেন: গত তিন বছরে দল যা করেছে, সেই বিবেচনায় ওকে বিচার করা অন্যায় হবে। টিম ম্যানেজমেন্ট বাস্তবস্মত ও নতুন কিছু লক্ষ্য ঠিক করবে। আমার কোনো সন্দেহই নেই যে এমএস ও ডানকানের দল সেই লক্ষ্যগুলো অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবে। গুঞ্জন শোনা যাচ্ছে, আপনি দক্ষিণ আফ্রিকার কোচ হতে যাচ্ছেন?কারস্টেন: নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। গত মাস খানেক পরিবারের সঙ্গে সময়টা আমি দারুণ উপভোগ করেছি ও করছি।