'বলতে পারেন আমি খুশিই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাভিদ আলম
নাভিদ আলম

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক প্রীতি হকি সিরিজটা জেতার জন্য মরিয়া হয়ে খেলেনি বাংলাদেশ।কোচ নাভিদ আলম দলের সামর্থ্যটাই মূলত বুঝে নিতে চেয়েছিলেন। বিকেএসপিতে কাল তৃতীয় ও শেষ ম্যাচের পর বাংলাদেশ কোচ নিজের সন্তুষ্টিই প্রকাশ করলেন
 সিরিজে বাংলাদেশ হারল ৩-০ ব্যবধানে। আপনার মূল্যায়ন কী?
নাভিদ আলম: আমার মূল্যায়ন বেশ ভালো। আমি ক্যাম্পের সব খেলোয়াড়কে দেখে নিতে চেয়েছিলাম। সেটা পেরেছি। ছেলেদের কার কী সামর্থ্য সেটা বুঝতে পেরে এখন আমার জন্য সামনে এগুলো তুলনামূলক সহজই হলো।
 তার মানে আপনি হারটাকে বড় করে দেখতে চাইছেন না?
নাভিদ: মোটেও না। আমি ছেলেদের বলিনি আমাদের জিততেই হবে। কারণ, আমরা নিজেদের সামর্থ্য জানি। ভারতের দ্বিতীয় সারির এই দলের সঙ্গেও জেতার চেষ্টা করাটা বাড়াবাড়ি। অতীতে ভারতের সঙ্গে ৮-১০ গোল খেত বাংলাদেশ। এই সিরিজে তিন ম্যাচে আমরা ১০ গোল খেয়েছি, ৩ গোল করেছি, যেটা খুবই ভালো বলব।
আলাদা করে যদি ইতিবাচক দিক নিয়ে কিছু বলেন...
নাভিদ: সবচেয়ে ইতিবাচক নবীন এই ছেলেরা ভারতের মতো দলের সঙ্গে খেলতে পারল। এতে ওদের সাহস বেড়েছে। তিন ম্যাচেই আমি তিন রকম পরিকল্পনা নিয়েছিলাম।
সেটা কেমন?
নাভিদ: প্রথম ম্যাচে ছেলেদের প্রতিদ্বন্দ্বিতামূলক হকির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্য ছিল। দ্বিতীয় ম্যাচে চেয়েছি আক্রমণাত্মক খেলার মানসিকতা তৈরি করতে, তৃতীয় ম্যাচে আক্রমণে সময় তৈরি, সেট পিস চর্চা, চাপ নেওয়া ইত্যাদি দেখা। মোটামুটি বলতে পারি, ছেলেরা ভালো খেলেছে। বলতে পারেন আমি খুশিই।
আলাদা করে দুর্বলতা চোখে পড়েনি?
নাভিদ: দুর্বলতা তো আছেই। যেমন চাপের মুখে ভেঙে পড়ার বাতিক আছে। রক্ষণ সংগঠক মাঝেমধ্যেই ঠিকভাবে কাজ করে না। এলোমেলো হয়ে যায়। আজ যেমন দেখলেন, আমরা ২-১ করার পর কয়েক সেকেন্ড পরই ওরা ৩-১ করল। আমাদের রক্ষণের দ্রুত সংগঠিত হওয়া উচিত ছিল, সেটা তারা পারেনি।
নিশ্চয়ই লক্ষ করেছেন, মাঝমাঠ থেকে ঠিক যেভাবে খেলাটা তৈরি হওয়া উচিত, সেটিতে ঘাটতি আছে...
নাভিদ: হ্যাঁ, মাঝমাঠ নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এ সময়ে আমাদের মাঝমাঠের সেরা খেলোয়াড় সাব্বির রানা সিরিজের প্রথম ম্যাচেই বড় ধরনের চোট পেয়েছে। এটা আমাদের জন্য বড় ধাক্কা। তবে আশা করি, এ সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব।
অনেক সময় দেখা যাচ্ছে, সহজ সুযোগও নষ্ট হচ্ছে। এটা কেন?
নাভিদ: ফাইনাল টাচে গিয়ে খেলোয়াড়েরা অনেক সময় খেই হারিয়ে ফেলে। আসলে খেলতে খেলতে এ সমস্যাগুলো দূর হবে।
এই দলে জিমি, জাহিদদের অভাব অনুভব করছেন? নিষেধাজ্ঞা কাটিয়ে ওঁদের ফেরানোর কোনো পরিকল্পনা আপনার আছে?
নাভিদ: এটা ফেডারেশনের ব্যাপার। আমি মাঠে সেরা খেলোয়াড়দের চাই। একই সঙ্গে শৃঙ্খলাও গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, আমাদের সবাইকেই সেরাটা দিতে প্রস্তুত থাকতে হবে। এই দলে এখনো কোনো ভিডিও বিশ্লেষক নেই। এমন অবস্থায় আপনি কাজ করছেন কীভাবে?
নাভিদ: একজন পেশাদার ভিডিও বিশ্লেষক খুবই প্রয়োজন। আমি এরই মধ্যে পাকিস্তান দলের ভিডিও বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি মাস খানেক বাংলাদেশে সময় দেওয়ার জন্য। যত দূর জানি, ব্যাপারটা নিয়ে ফেডারেশন ভাবছে।