'বলির পাঁঠা' ওজিল!

রীতিমতো একটা উপন্যাসই লেখা যেতে পারে মেসুত ওজিলকে নিয়ে। দুর্দান্ত তিনটা মৌসুম কাটানোর পর কেন তাঁকে ছেড়ে দিল মাদ্রিদ? বিস্তর জল্পনা-কল্পনা হয়েছে এ নিয়ে। পরশু মেসুত ওজিল দাবি করেছিলেন রিয়াল মাদ্রিদে তিনি প্রাপ্য সম্মান পাননি। তবে কথার পরে তো কথা থাকে, ঘটনার পরে থাকে ঘটনা। কাল জিনেদিন জিদান বলেছেন, নিজের জায়গা হারানোর ভয়েই ওজিল রিয়াল ছেড়েছেন!
বোমাটা ফাটিয়েছিল স্প্যানিশ দৈনিক এবিসি। গত সপ্তাহে পত্রিকাটি দাবি করেছিল ‘অপেশাদার’ আচরণের জন্যই ওজিলকে ছেড়ে দিয়েছে রিয়াল। মাঠের বাইরে নারী ও মদ নিয়ে একটু বেশিই বেসামাল হয়ে পড়েছিলেন এই জার্মান মিডফিল্ডার। পত্রিকাটির দাবি, ফ্লোরেন্তিনো পেরেজই নাকি ক্লাবের অন্য সদস্যদের কাছে অভিযোগটা করেছিলেন।
স্বাভাবিকভাবেই যে কেউ প্রশ্ন করবে, তিন বছরে কিছুই শোনা গেল না, হঠাৎ করে ওজিলকে ঘিরে কেচ্ছা-কাহিনি গজাল কী করে? তবে কি মাদ্রিদ সমর্থকদের রোষ এড়াতেই এই গল্প ফাঁদা? নাকি সবই এবিসির স্বপোলকল্পিত কেচ্ছা? ওজিলের বাবা মুস্তফা ওজিলের বক্তব্যটা শুনুন, ‘যদি মেসুত (ওজিল) এ রকম উচ্ছৃঙ্খল জীবনযাপনই করত, তাহলে আমি ভাবি, সে এত দিন কীভাবে খেলেছে? তারা মেসুতকে নিচে নামাতে চায়, কারণ ভক্ত ও সমর্থকেরা তাকে বিক্রি করে দেওয়ায় ক্ষিপ্ত।’ পেরেজকেও একহাত নিয়েছেন সিনিয়র ওজিল, ‘কাঁড়ি কাঁড়ি টাকা কামালেই কেউ সম্মানের যোগ্য হয় না। পেরেজ সেটার যোগ্য নন। মেসুতকে বলির পাঁঠা বানানো হচ্ছে। আমাকে বানানো হচ্ছে সেই লোভী বাবা, যে টাকা ছাড়া কিছু বোঝে না। সবই ওদের বানানো। আমরা আদালতে যাব।’
ওজিল অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে মনের ভেতর জমিয়ে রাখা ক্ষোভের কিছুটা উগরে দিয়েছেন, ‘আমি মাদ্রিদকে নিয়ে কিছু বলতে চাই না। আমি সেখানে অনেক কিছু জিতেছি, দারুণ একটা সময় কাটিয়েছি। মানুষ জানে আমি কতটুকু পেশাদার ছিলাম। পেশাদার না হলে কেউ ১৫৯টি ম্যাচ খেলতে পারে না। মাদ্রিদে আমি সম্মান ও আস্থাটা পাইনি।’
ওজিলের কথা তো শোনা হলো, মুদ্রার উল্টো পিঠটাও এবার দেখে নিতে পারেন। এই মৌসুমের শুরুতেই কার্লো আনচেলত্তি বুঝিয়ে দেন মাদ্রিদে ওজিল ‘অটোমেটিক চয়েস’ নন। ইসকোর দুর্দান্ত ফর্ম ওজিলের জন্য চ্যালেঞ্জই হয়ে উঠছিল। সে কারণেই নাকি মাদ্রিদ থেকে চলে যান এই জার্মান মিডফিল্ডার। জিদান বলেছেন, ‘ওজিল নিজেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেউ কেউ আছে যারা দলে জায়গা করে নিতে লড়াই চালিয়ে যায়। সবাই তো আর তেমন হয় না। ওজিল আমাদের অনেক কিছু দিয়েছে। তাকে আমরা শুভকামনা জানাই।’”
তবে আর্সেনালে এসে আর পুরোনো কাসুন্দি ঘাঁটতে চাইছেন না ওজিল। পরশুর সংবাদ সম্মেলনে তাই বললেন, ‘আমি এখন তাকাচ্ছি সামনে। আমাদের লক্ষ্য অনেক বড়। এখানে অসাধারণ কিছু বছর আমি কাটাতে চাই, অনেক ট্রফি জিততে চাই।’
নতুন ক্লাবে অবশ্য দুই জার্মান সতীর্থ পার মার্টেসেকার ও লুকাস পোডলস্কিকে পাচ্ছেন ওজিল। চোটজর্জর আর্সেনালে অভিষেকটাও আজই হয়ে যেতে পারে। আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগে আজই সান্ডারল্যান্ডের মুখোমুখি আর্সেনাল। ওয়েবসাইট।