'বলির পাঁঠা' বানানো হয়েছে সুয়ারেজকে

শাস্তিটা বেশি হয়ে গেছে সুয়ারেজের! আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলীয় ফরোয়ার্ড ফ্রেডসহ অনেকেই কথাটা বলেছেন। এমনকি যাঁকে কামড় দিয়ে দিয়ে সুয়ারেজ চার মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন, সেই কিয়েলিনিও বলেছেন একই কথা। এই শাস্তি নিয়ে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজও যথেষ্ট ক্ষুব্ধ। শাস্তিটাকে ‘অতি বাড়াবাড়ি’ বলছেন তিনিও। কেবল মন্তব্য করেই থেমে যাচ্ছেন না তিনি। সুয়ারেজ-কাণ্ডের প্রতিবাদ হিসেবে ফিফার দুটি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই বর্ষীয়ান কোচ।
কামড়-কাণ্ডে সুয়ারেজকে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো ধরনের ফুটবল থেকে উরুগুইয়ান স্ট্রাইকার পেয়েছেন চার মাসের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা চলার সময় উরুগুয়ের কোনো ম্যাচে স্টেডিয়ামেও থাকতে পারবেন না তিনি। একই সঙ্গে তাঁকে জরিমানা করা হয়েছে এক লাখ সুইস ফ্রা জরিমানা। ফিফার ইতিহাসে বিশ্বকাপের সময় কোনো খেলোয়াড়কে দেওয়া সর্বোচ্চ শাস্তি এটিই। আগেও দুই বার কামড়-কাণ্ডের জন্য নিষিদ্ধ হওয়া সুয়ারেজ বড় শাস্তি পাচ্ছেন, এটা অবশ্য অনুমিতই ছিল। তবে উরুগুয়ে কোচ তাবারেজ বলছেন, ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে সুয়ারেজকে।
ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ ও স্ট্র্যাটেজিক কমিটিতে আছেন তাবারেজ। সুয়ারেজকে ‘লঘু পাপে গুরু দণ্ড’ দেওয়ার অভিযোগ তুলে দুটি দায়িত্বই ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন উরুগুয়ে কোচ, ‘এ ধরনের সিদ্ধান্ত দিতে (সুয়ারেজের নিষেধাজ্ঞা) চাপ প্রয়োগ করে, এমন প্রতিষ্ঠানে থাকার কোনো মানে হয় না। আমরা জানি, সে কী ভুল করেছে। কিন্তু তার ভালো দিকও আছে। শাস্তিটা খুব বেশি হয়ে গেছে। অনেক সময় আমরা ভুলে যাই, যাকে বলির পাঁঠা বানানো হচ্ছে সে-ও একজন মানুষ। তারও কিছু অধিকার আছে।’
সুয়ারেজকে কেন এত বড় শাস্তি দেওয়া হয়েছে, তা অবশ্য এরই মধ্যে বলে দিয়েছেন জেরোম ভালকে। এর কারণ শুধুই কিয়েলিনিকে কামড় দেওয়া নয়, মাঠের ভেতরে সুয়ারেজ একই কাণ্ড আগেও ঘটিয়েছেন বলে। উরুগুয়ে ফরোয়ার্ডকে ‘চিকিত্সা’ নেওয়ার পরামর্শও দিয়েছেন ফিফার জেনারেল সেক্রেটারি, ‘ওর অবশ্যই চিকিত্সা নেওয়া উচিত। এটা নিঃসন্দেহে ভুল কাজ। এ ঘটনা একবার হলে মানা যায়। কিন্তু যখন একাধিকবার একই ঘটনা ঘটে, তা মেনে নেওয়া সম্ভব নয়। বিশ্বের কোটি কোটি লোক এ ঘটনা সরাসরি দেখেছে। আপনাদের ছেলেরা যারা ফুটবল খেলছে, তারা একই ঘটনার শিকার হোক, তা নিশ্চয়ই আপনারা চাইবেন না।’ একই মত ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রোরও, সুয়ারেজের চিকিত্সা দরকার, ‘এখন সুয়ারেজের সুচিকিত্সা ও পুনর্বাসনের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার। এ ধরনের নিষেধাজ্ঞার সঙ্গে চিকিত্সার বিষয়টিও জুড়ে দেওয়া উচিত।’ সূত্র: বিবিসি