‘বাংলাওয়াশে’ কিউইদের লাভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রফেসর’ ড্যানিয়েল ভেট্টোরি চেহারাকে আরেকটু ভারিক্কি করেছেন। চশমা আর নাকের নিচে পুরুষ্টু গোঁফ। পড়ুয়া টাইপের নায়ক এখন যেন নায়কের গম্ভীর বাবা! নিউজিল্যান্ড অধিনায়ক অনেক বদলে গেছেন।ভেট্টোরি কতটা বদলালেন, সেটা বিচার্য নয়। বিচার্য তাঁর দল কতটা বদলেছে। পাঁচ মাস আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা নিউজিল্যান্ডই নয় তো! তা-ই যদি হয়, আজ আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে মাঠ ছাড়বেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ।তবে কাল সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনায় পানি ঢেলে দিতে চাইলেন ভেট্টোরি। প্রসঙ্গ উঠতেই করালেন দারুণ এক টার্ন, ‘আমার মনে হয় না সেটা এখানে প্রাসঙ্গিক। এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।’গত অক্টোবরে ‘বাংলাওয়াশের’ দুঃস্মৃতি নিজে তো ভুলতে চাইছেনই, চাইছেন সবাই যেন সেটা ভুলে যায়। তা ছাড়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে ৪-০-তে হারা ওই সিরিজটাকে একদিক দিয়ে মনে করছেন কাজেরও, ‘আমরা এই মাঠ খুব ভালো চিনি। এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে অধীর সবাই। আগে কী হয়েছে না ভেবে কালকের (আজ) কোয়ার্টার ফাইনাল নিয়েই ভাবা উচিত।’ ভেট্টোরির অভিজ্ঞতা বলে, মিরপুরের উইকেট মন্থর, বল আসবে একটু নিচু হয়ে। আজকের ম্যাচে নিজেদের এগিয়ে রাখার এটাও একটা কারণ তাঁর কাছে।কোয়ার্টার ফাইনাল খেলতে এসে কালই প্রথম শেরেবাংলা স্টেডিয়ামে পা রেখেছে নিউজিল্যান্ড। ঢাকায় এসে একটা দিন বিশ্রাম নিয়ে পরশু প্র্যাকটিস করেছে ফতুল্লা স্টেডিয়ামে। ব্রেন্ডন ম্যাককালাম সেখানে ভেট্টোরির সুরেই কথা বলেছিলেন, ঢাকার অভিজ্ঞতা তাঁদের দেবে সুবিধা।দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে মিরপুরের তিক্ত স্মৃতিকে তাই মাথায়ই আনছে না ভেট্টোরির দল। তারা বরং আত্মবিশ্বাস কুড়াচ্ছে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয় থেকে, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার দিকে ফিরে তাকাতে পারি। ওয়ানডে জেতার জন্য ওই ম্যাচটা হতে পারে আদর্শ। ভালো ভালো জুটি হয়েছিল, আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলাম। সেটা যদি আবার করতে পারি, আমাদের সুযোগ আসবেই।’বিশ্বকাপে ব্যাটিংটাকেই এখন পর্যন্ত সাফল্যের চাবিকাঠি মানছেন ‘ব্ল্যাক ক্যাপ’ অধিনায়ক এবং সেখানেও ঘুরেফিরে আসছে পাকিস্তান ম্যাচের কথা। কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ম্যাচের ব্যাটিংটা করতে পারার মধ্যেই ভালো কিছুর সম্ভাবনা খুঁজে পান ভেট্টোরি। ওপরের দিকের পাঁচ ব্যাটসম্যানের পারফরম্যান্স একটু খারাপ গেলেও অধিনায়ক তাদের পাশে, ‘খুব বেশি হতাশার কিছু নেই। পরের ম্যাচে তাদের ভালো কিছু করার সম্ভাবনাটা সব সময়ই থাকে। ছেলেরা দারুণ প্রতিভাবান, রেকর্ড দেখলেও বোঝা যায় তারা কতটা ভালো। হাতে উইকেট থাকলে রস টেলর, স্কট স্টাইরিস শেষ ১০ ওভারের সুযোগটা নিতে পারে।’কন্ডিশন আর ব্যাটসম্যানদের পারফরম্যান্স আশাবাদী হতে বলে ভেট্টোরিকে। তবে প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, চ্যালেঞ্জটাও জানেন, ‘তারা খুবই ভালো ক্রিকেট খেলছে। আমার তো মনে হয়, বিশ্বকাপে সবচেয়ে লম্বা সময় ধরে তারাই ফর্মে। কাজেই চ্যালেঞ্জটা অনেক বড়। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ভালো না খেললে জেতা কঠিন।’ভেট্টোরি-ম্যাককালাম দুজনেরই হাঁটুতে সামান্য ইনজুরি থাকলেও এ ম্যাচের আগে অনেকটাই শঙ্কামুক্ত তাঁরা। শঙ্কার যদি কিছু থেকে থাকে সেটা ভেট্টোরির ফর্ম। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে উইকেট মাত্র ২টি! তবে ভেট্টোরি হতাশাবাদী নন, ‘সর্বশেষ ম্যাচটাও আমি খেলেছি দুই সপ্তাহ আগে। সুতরাং ফর্ম ব্যাপারটাই এখানে আসে না। তবে এই মাঠে আমি সব সময় ভালো খেলি। আশা করি, এবারও তা হবে।’‘বাংলাওয়াশের’ এটাও হয়তো একটা পার্শ্বপ্রতিক্রিয়া। নিউজিল্যান্ড থেকে প্রায় ১০ হাজার কিলোমিটার দূরের দেশে এসেও ‘হোম কন্ডিশন’ খুঁজছেন ড্যানিয়েল ভেট্টোরি!