'বাংলাওয়াশ' আছে 'বাংলাওয়াশ' নেই
৪-০, বাংলাওয়াশ, হোয়াইটওয়াশ— বাতাসে কদিন ধরে শুধু এসবই উড়ছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ মানেই যেন বাংলাদেশ জিতবে আর নিউজিল্যান্ড হারবে। অথচ দুই দলের মধ্যে হওয়া আগের ২১ ওয়ানডের ১৬টাই জিতেছে নিউজিল্যান্ড। তাহলে ‘বাংলাওয়াশে’র আগের ম্যাচগুলোর কথা কি ভুলে গেল সবাই?
ভোলার কথা নয়। ২০১০-এর আগের ১৭ ম্যাচের মাত্র একটি জিতেছিল বাংলাদেশ দল। সেই ইতিহাস যেমন সবার জানা, বাংলাদেশ দলের এটা মানতেও কোনো আপত্তি নেই যে, টেস্টের চেয়ে ওয়ানডের প্রতিপক্ষ হিসেবেই বেশি কঠিন নিউজিল্যান্ড। কিন্তু মাঠে যখন নামতেই হবে আগডুম বাগডুম ভেবে লাভ কী? ‘চোকার্স’ বিশেষণটা নামের সঙ্গে সেঁটে যাওয়ায় বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো দলও ‘শ্বাসকষ্টে’ ভোগে, আর এ তো নিউজিল্যান্ড! নিউজিল্যান্ড দল বাংলাদেশ দলের কাছে হোয়াইটওয়াশ হয়, এই ঢোল পিটিয়েও যদি তাদের কিছুটা চাপে ফেলা যায়, তাতে তো লাভই হবে।
মনের পর্দায় সুখস্মৃতি ভাসিয়ে নিজেরা আত্মবিশ্বাসী হওয়া এবং প্রতিপক্ষের আত্মবিশ্বাসে ধাক্কা দেওয়াটাকেই তাই বেশি ভালো মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী, আর আমাদের জন্য সুখস্মৃতিও আছে। ওদের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিলাম আমরা।’ সঙ্গে নিজেদের মাঠে ওয়ানডেতে ভালো খেলার অভিজ্ঞতা, টেস্ট সিরিজের ব্যক্তিগত ও দলীয় সাফল্য এবং দলে পারফরমারের সংখ্যা বেড়ে যাওয়াটাকে যোগ করে আজ থেকে শুরু তিন ম্যাচের সিরিজে ভালো কিছুর স্বপ্নই দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
সেই ভালোটা আবারও ‘বাংলাওয়াশ’ জাতীয় কিছু হলেই সবচেয়ে বেশি খুশি হবেন মুশফিক, ‘প্রতিটি ম্যাচ জিততে চাইব। সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে পারলেই বেশি খুশি হব।’ তবে বড় লক্ষ্যের দিকে তাকানোর আগে ভালো করতে চান শুরুটা, ‘কাল (আজ) জিতলে সবার আগে চেষ্টা করব সিরিজ জয় নিশ্চিত করতে। পরেরটা এর পর আসবে।’ জিম্বাবুয়ে সফর করে এসে বাংলাদেশ দল আবার ওয়ানডে খেলবে প্রায় ছয় মাস পর। মুশফিকের চিন্তায় আছে সেটাও, ‘আমাদের মূল চিন্তা হচ্ছে আমরা অনেক দিন পর ওয়ানডে খেলছি। আমাদের জন্য তাই শুরুটা অনেক চ্যালেঞ্জিং হবে।’
এক লাফে তিন বছর পিছিয়ে যে রকম আত্মবিশ্বাসের রসদ নেওয়া হচ্ছে, তাতে সর্বশেষ জিম্বাবুয়ে সফরের স্মৃতিটা চাপাই পড়ে যাচ্ছিল প্রায়। বাংলাদেশ দলের ২-১-এ সিরিজ হারের ঘটনাটা কাল সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিলেও মুশফিক সেটিকে দেখছেন একটু অন্যভাবে, ‘জিম্বাবুয়ে আর এখানকার কন্ডিশন সম্পূর্ণ আলাদা। জিম্বাবুয়েতে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আমরা। সেদিক থেকে সফরটা হতাশাজনক ছিল। তবে আমরা চাচ্ছি ভালো কিছু দিয়ে সেই স্মৃতিটাকে ঢেকে দিতে।’
টেস্ট না খেললেও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ওয়ানডের একাদশে নিশ্চিতভাবেই থাকছেন। মাহমুদউল্লাহ তাতে যেমন কাটিয়ে উঠবেন বিব্রতভাব, মুশফিকও স্বস্তি পাবেন কিছুটা। অবশ্য অধিনায়ক বললেন, সহ-অধিনায়ককে সঙ্গে না পেলেও অন্যদের সহযোগিতায় টেস্টে খুব একটা সমস্যা হয়নি, ‘আপনি আপনার পার্টনারকেই যদি না পান, তাহলে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। তবে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছাড়া আরও অনেক খেলোয়াড় আছে যারা টেস্টে আমাকে সাহায্য করেছে। সাকিব, তামিম, রাজ ভাই...ওয়ানডেতে রিয়াদ ভাইও থাকলে আমার কাজ অনেক সহজ হবে।’
যাঁদের নাম বললেন তাঁদের সঙ্গে মুশফিক এবার দলে পাবেন মাশরাফি বিন মুর্তজাকেও। চোট কাটিয়ে ১০ মাস পর দলে ফেরা এই পেসারকে স্বাগত জানালেন অধিনায়ক, ‘মাশরাফি ভাই যেকোনো দলের জন্য সম্পদ। আমরা খুশি তিনি এখন ফিট আছেন।’ আকস্মিক চোটে পড়ে সিরিজের বাইরে চলে যাওয়া শফিউলকে জানিয়েছেন সমবেদনা, অভিনন্দন জানালেন তাঁর জায়গায় দলে আসা নবীন পেসার আল আমিন হোসেনকে।
১৫ জনের ওয়ানডে দলে একেবারেই নতুন বলতে এই আল আমিন। বাকিদের মধ্যে মাশরাফির মতো অভিজ্ঞরা যেমন আছেন, আছেন মুমিনুল-এনামুলের মতো তরুণ তুর্কিও। ‘বাংলাওয়াশের’ স্বাদ নেওয়ারা যেমন আছেন, আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম খেলা অনেকেও। ওয়ানডে সিরিজের আগে এমন একটা দলের সবার জন্য প্রযোজ্য হতে পারে মুশফিকের একটা কথাই—আগে কী হয়েছে ভেবে লাভ নেই। সবকিছু নতুন করে শুরু করতে হবে। ‘বাংলাওয়াশ’ উদ্ভূত আত্মবিশ্বাস প্রেরণা হতে পারে, কিন্তু ম্যাচ জিততে পারফরম্যান্সের বিকল্প যে কিছুই নেই!