‘বাংলাদেশ আমাদের অনেক বেগ দিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথম পাওয়া অধিনায়কত্বে কাজটা ভালোভাবে শেষ হলো কি না...অ্যালিস্টার কুক: অবশ্যই, এর চেয়ে বেশি কি আর চাওয়ার থাকতে পারে। ৩-০ (ওয়ানডে), ২-০ (টেস্ট)—আমাদের কাছে সবার প্রত্যাশা এমনই ছিল। সবাই যেভাবে খেলেছে, আমি সত্যিই খুশি। কাজটা অনেক কঠিন ছিল। জেতাটা প্রত্যাশার চেয়েও কঠিন হয়েছে কি না...কুক: হ্যাঁ, বাংলাদেশ আমাদের অনেক বেগ দিয়েছে। ওরা যেভাবে খেলেছে, প্রশংসা ওদের প্রাপ্য, বিশেষ করে শেষ ১০ দিনে। বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, সেটা তারা দেখিয়েছে। আমাদের ছেলেরাও দারুণ খেলেছে, বিশেষ করে যে ধরনের উইকেটে খেলা হয়েছে। উইকেট না বোলারদের জন্য ভালো ছিল, না ব্যাটসম্যানদের জন্য। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকার অনুভূতিটা অসাধারণ। উইকেট কতটা অবাক করেছে...কুক: সত্যি বলতে, উইকেটটাই সবচেয়ে বেশি অবাক করেছে। আমরা জানতাম, পেসারদের জন্য খুব বেশি সাহায্য থাকবে না, কিন্তু এতটা নিষ্প্রাণ উইকেট আশা করিনি। কোনো টেস্টেই উইকেট একেবারে ভাঙলই না, ছিটেফোঁটা স্পিনও মনে হয় ছিল না। ছেলেদের সত্যিই কৃতিত্ব দিতে হবে যে এমন উইকেটে ওরা নিজেদের কাজটা ভুলে যায়নি, ধৈর্য ধরেছে। এ ধরনের উইকেটে টেস্ট খেলা উচিত কি না...কুক: চট্টগ্রামেও বলেছিলাম, এ ধরনের উইকেট টেস্ট ক্রিকেটের জন্য ক্ষতিকর। যত ভালো ব্যাটিং উইকেট হোক না কেন, কয়েক দিন যাওয়ার পর উইকেটে বোলারদের জন্য কিছু থাকবে—টেস্ট উইকেট এমনটাই হওয়া উচিত। অধিনায়কত্বের অভিজ্ঞতা প্রসঙ্গে...কুক: গত চার সপ্তাহে আমি শিখেছি অধিনায়ক হিসেবে কীভাবে উন্নতি করা যায়। শুধু মাঠে নয়, মাঠের বাইরে, ড্রেসিংরুমে। কোচের সঙ্গে অনেক বেশি কথা হয়েছে। আগে অনেক কিছুই আমার খেয়াল করতে হতো না বা না ভাবলেও চলত, যা এখানে করতে হয়েছে। এসবই ভবিষ্যতে আমার কাজে লাগবে। এই সফরে অধিনায়কত্বের সবচেয়ে ভালো দিক...কুক: অধিনায়কত্ব একটা বিশাল ব্যাপার, সেই অভিজ্ঞতা হলো। সবচেয়ে বড় যেটা, অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। চট্টগ্রামে সেঞ্চুরি করেছিলাম, এখানেও পেলাম। ওয়ানডে সিরিজে রান পেয়েছি। এখন আমি ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চাই। আমার কাছে সবকিছুর আগে কঠোর পরিশ্রম, পরিশ্রম করলে উন্নতি হবেই। ঢাকা টেস্টের প্রথম ঘণ্টার অভিজ্ঞতা...কুক: তামিম তখন দুর্দান্ত গতিতে এগোচ্ছিল। এমন কিছু আমি প্রত্যাশা করিনি, ভাগ্য ভালো যে ও থেমেছে। তারপর আমরা দারুণভাবে খেলায় ফিরে এসেছি। আমার তো মনে হয় এই ধরনের উইকেটে ওদের চার শর আশপাশে আটকে রাখাটা ছিল অসাধারণ। আমরা জানতাম, আমাদের শুধু একটা বড় স্কোর দরকার, যত সময়ই লাগুক না কেন। আম্পায়ারদের ভুল প্রসঙ্গে...কুক: ক্রিকেটে এমনটা হতেই পারে। এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে আম্পায়ারিং সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি।  সর্বোচ্চ কত রানের লক্ষ্য থাকলেও জেতা যেত...কুক: উম...৫০ ওভারে ২৫০ রানের লক্ষ্য হলেও আমরা জিতে যেতাম, বিশেষ করে এই উইকেটে। জানতাম, আমাদের শুধু একটা ভালো সূচনা দরকার। শট খেলার মতো ব্যাটসম্যান পরে আমাদের ছিল। শুরুতে উইকেট না হারালে এমন নিষ্প্রাণ উইকেট এবং দ্রুতগতির আউটফিল্ডে ২৫০ রান তাড়া করে জয় খুবই সম্ভব ছিল। এই সিরিজে অ্যাশেজের প্রস্তুতি কতটা হলো...কুক: দুটো আসলে দুই রকম। এখানে আসার আগে সবারই প্রত্যাশা ছিল আমরা জিতব। উইকেট, কন্ডিশনও পুরোপুরি আলাদা। অস্ট্রেলিয়ায় শক্ত উইকেট, আর এখানে মন্থরগতি-নিচুু বাউন্সের উইকেট। তারপরও পুরো সফরে অপরাজিত থাকাটা অ্যাশেজের আগে আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে, কোনো সন্দেহ নেই।  অভিজ্ঞতার পার্থক্যই শেষ পর্যন্ত ঢাকা টেস্টে পার্থক্য গড়ে দিল কি না...কুক: অবশ্যই, অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের সবার বয়সই তো খুব কম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওরা আরও ভালো খেলবে সন্দেহ নেই। আর প্রথম ইনিংসের রানটাও পার্থক্য গড়ে দিয়েছে। আমার মনে হয়, প্রথম ইনিংসে বাংলাদেশের আরও কিছু রান করা প্রয়োজন ছিল। তাহলে আমরা চাপে পড়ে যেতাম। এই উইকেটে ৪১৯ রান ঠিক পর্যাপ্ত নয়।