মুখে অন্ধকার। পাশে বসে দোভাষী বলছেন, আর তিনি এক-দুই শব্দে উত্তর দিয়ে যাচ্ছেন। তিনি তাজিকিস্তান ফুটবল দলের কোচ কোদিরভ পুলভ, কাল কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের কাছে পরাজয়ের পর... আপনার কি খুব মন খারাপ?কোদিরভ পুলভ: মন খারাপ তো হবেই। জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারলাম না। তা তো হতেই পারে। তার জন্য এত বিষণ্ন কেন হবেন? কোদিরভ: দেখুন মিস্টার, আমাদের লক্ষ্য ছিল জয়। জিততে না পেরে আমরা হতাশ। আপনি কি মনে করেন আজ তুলনামূলক ভালো দলের কাছেই হারলেন?কোদিরভ: প্রথমে বলি, ম্যাচটা ভালো হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা ছিল দু দলের মধ্যে। হ্যাঁ, আপনার কথার সঙ্গে আমি একমত। বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছে। কোন জায়গাটায় আপনারা পারলেন না?কোদিরভ: আমরা সুযোগ অপচয় করেছি আর বাংলাদেশ সুযোগ কাজে লাগিয়েছে। তারা তিন পয়েন্ট নিয়েছে দ্বিতীয়ার্ধে দুটি সুযোগ কাজে লাগিয়ে। ফুটবলে এটা হতেই পারে। আপনার দলের প্রধান দুর্বলতা কোথায় ছিল বলে মনে করেন?কোদিরভ: রক্ষণে। রক্ষণভাগ বাজে খেলেছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের আক্রমণ দুটি সামাল দেওয়া উচিত ছিল ডিফেন্ডারদের। তারা পারল না। আপনার এক ডিফেন্ডার তো লাল কার্ড দেখল। পরের ম্যাচে তাকে না পেলে তো আরও খারাপ অবস্থা হতে পারে!কোদিরভ: পরের ম্যাচে কী হবে সেটা নিয়েই ভাবছি এখন। ও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশের কাছে হারের পর দলে পরিবর্তন দরকার মনে করেন?কোদিরভ: পরিবর্তন একটাই হতে পারে পরের ম্যাচে। লাল কার্ড পাওয়া ওই ডিফেন্ডারের জায়গায় আরেকজন। এর বাইরে আপাতত কিছু বলতে পারব না। আপনি কি মনে করেন, বাংলাদেশ এই টুর্নামেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বী হবে? কোদিরভ: মাত্র তো একটা ম্যাচ গেল। সামনে কী হয়, সেটা দেখতে হবে। তবে বাংলাদেশ ভালো দল। আগের চেয়ে খেলায় উন্নতি দেখছি। তাজিকিস্তান তো প্রথম চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন। আজ হেরে যাওয়ায় সেমিতে ওঠাই কঠিন হয়ে গেল না!কোদিরভ: কঠিন তো অবশ্যই। তবে পরের দুটো ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাওয়া যাবে আশা করি। আমরা একটা সতর্ক সংকেত পেলাম। বাংলাদেশ আমাদের জাগিয়ে দিয়েছে। শেষ প্রশ্ন, বাংলাদেশের কাছে হারটা মন থেকে আপনারা বোধহয় মানতে পারবেন না?কোদিরভ: না, না, এটা খেলারই অংশ। একদল হারবে একদল জিতবে...এটাই তো ফুটবল। আমি হতাশ, তবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।