'বাংলাদেশ কখনোই হাল ছাড়ে না'
মাঝে কয়েকটা দিন তিনি ছিলেন স্রেফ সাধারণ সৈনিক। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন দিনেশ চান্ডিমাল, ডেপুটি লাসিথ মালিঙ্গা। ওয়ানডে সিরিজে আবার সেনাপতির ভূমিকায় অ্যাঞ্জেলো ম্যাথুস। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়কের কণ্ঠে দারুণ সমীহ বাংলাদেশকে নিয়ে—

বারবার হাতবদলে নেতৃত্বের সমস্যা—
অ্যাঞ্জেলো ম্যাথুস: সমস্যার কিছু নেই। যখন যে ভূমিকা, সেটিতে মন দিলেই হয়। অধিনায়ক হোক বা দলের সাধারণ সদস্যের একজন, মাঠে সবাইকেই সেরাটা দিতে হয়।
মোমেন্টাম শ্রীলঙ্কার সঙ্গী কি না—
ম্যাথুস: টি-টোয়েন্টি সিরিজটা অনেক কষ্টে জিততে হয়েছে আমাদের। ২-০-তে জিতলেও মোটেই সহজ ছিল না। আগেই বলেছিলাম, সংক্ষিপ্ত সংস্করণে ওরা আমাদের দারুণ পরীক্ষা নেবে। তবে শেষ পর্যন্ত জিতেছি, সেটাই বড় কথা। আশা করি, ছেলেরা মোমেন্টাম ধরে রেখে ওয়ানডে সিরিজও জিতে নেবে।
এশিয়া কাপের আগে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ—
ম্যাথুস: আমরা সেরা একাদশই খেলাব, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। যেমন বলেছি, জয়ের ধারাটা ধরে রেখে এশিয়া কাপে যেতে চাই আমরা।
দলীয় সমন্বয়—
ম্যাথুস: মাহেলাকে আগেই বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ থেকে। দলে প্রিয়াঞ্জন, কিথু (ভিতানাগে), অ্যাঞ্জেলো পেরেরার মতো অনেক প্রতিভাবান তরুণ আছে, পাকিস্তান সিরিজে ওরা ভালোও করেছে। একাদশের সমন্বয় এখনো ঠিক করিনি, তবে সবারই একাদশে ঢোকার সামর্থ্য আছে।
একাদশ নির্বাচনে আবহাওয়ার ভূমিকা—
ম্যাথুস: সেটি তো থাকবেই। দেখতে হবে কাল (আজ) আবহাওয়া কেমন থাকে। তার আগে একাদশ চূড়ান্ত করা কঠিন। তবে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, এটুকু বলতে পারি। আমাদের সেরা একাদশ যেকোনো কন্ডিশনেই সেরা বলে বিশ্বাস করি আমরা।
ওয়ানডেতেই বাংলাদেশ সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কি না—
ম্যাথুস: টেস্ট সিরিজে ওরা যেভাবে খেলেছে তার চেয়ে পুরো অন্য রকম ছিল টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি সিরিজ অনেক কষ্টে জিততে হয়েছে আমাদের। সংক্ষিপ্ত সংস্করণে অনেক ভালো দল বাংলাদেশ। ওরা তরুণ ও লড়াকু একটি দল, কখনোই হাল ছাড়ে না। শেষ টি-টোয়েন্টিতে ১২০ রান নিয়েও প্রায় জিতে গিয়েছিল। একটা মুহূর্তও তাই ছাড় দিয়ে খেলার সুযোগ নেই, জিততে হলে সামর্থ্যের সবটুকুই দিতে হবে আমাদের।
দুই ওপেনারের ব্যাটিং—
ম্যাথুস: কুশল (পেরেরা) যেভাবে ব্যাটিং করে, সেভাবেই করবে। আসলেই দুজনই (সঙ্গে দিলশান) আক্রমণাত্মক ব্যাটিং করে, আমরাও চাই ওরা নিজেদের সহজাত খেলা খেলুক। ইনিংসটাকে দিশা পাইয়ে দেওয়ার জন্য তিন নম্বরে সাঙ্গা তো আছেই। ওপেনারদের তাই ব্যাটিংয়ের ধরন বদলানোর কোনো দরকার নেই। আক্রমণাত্মক ব্যাটিং করেই ওরা সফল, এভাবেই খেলবে।
রঙ্গনা হেরাথের বিশ্রাম—
ম্যাথুস: মেন্ডিস যথেষ্ট ওয়ানডে খেলেছে, সেনানায়েকেও এখন মোটামুটি নিয়মিত খেলছে। হেরাথ ওয়ানডে এমনিতেই বেশি খেলে না। আমার মনে হয় মেন্ডিস ও সেনানায়েকে ভালোভাবেই সামলাতে পারবে।
সিরিজে পার্থক্য গড়ে দিতে পারে যা—
ম্যাথুস: সুনির্দিষ্ট করে বলা কঠিন। ইতিবাচক থাকতে হবে, কঠিন সময়ে হাল না ছেড়ে লড়ে যেতে হবে, টি-টোয়েন্টির সিরিজটির মতোই। প্রত্যেককেই নিজের ভূমিকা যথাযথ পালন করতে হবে। আমার মনে হয়, পরিস্থিতি সামলাতে পারাই হবে আসল। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যাদের হবে, তারাই জিতবে।