'বাংলাদেশ পড়ে যাবে পাকিস্তানের পর্যায়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল হক
সৈয়দ আশরাফুল হক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হলেও বাংলাদেশের ক্রিকেটের পাশে তাঁকে সব সময়ই পাওয়া যায়। সৈয়দ আশরাফুল হক ব্যক্তিগত কাজে এখন ঢাকায়। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এই আন্তর্জাতিক ক্রিকেট-ব্যক্তিত্ব
 চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে এশিয়া কাপ হওয়া কতটা নিশ্চিত?
সৈয়দ আশরাফুল হক: এটা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির ওপর। এখানকার নিরাপত্তা পরিস্থিতি কী সেটা বলতে পারবে আয়োজক বোর্ড বিসিবি এবং নিরাপত্তা সংস্থাগুলো। তাদের প্রতিবেদনের ওপরই নির্ভর করবে বাংলাদেশে এশিয়া কাপ হবে কি না।
 এশিয়া কাপ তো এসিসির টুর্নামেন্ট। এসিসি কতটা চিন্তিত এর ভবিষ্যৎ নিয়ে?
আশরাফুল: চিন্তিত তো বটেই, এটা আসলেই আমাদের জন্য চিন্তার বিষয়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে দলগুলো খেলতে আসতে চাইবে না। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী সেটা এখানকার লোকেরাই ভালো জানে।
 এখন পর্যন্ত এশিয়া কাপের কোনো দল কি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এসিসির কাছে সংশয় প্রকাশ করেছে?
আশরাফুল: এখনো সে রকম কেউ বলেনি। তবে পরিস্থিতি এ রকম থাকলে এখানে খেলা হওয়ার ব্যাপারে সব দেশের মতামতকে গুরুত্ব দিতে হবে।
 বিকল্প কোনো আয়োজক দেশের কথা কি ভেবেছেন আপনারা?
আশরাফুল: ৪ জানুয়ারি কলম্বোয় এসিসির সভা আছে। সেখানে হয়তো এ নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে এশিয়া কাপ হবে না, সেই সিদ্ধান্ত হয়তো আমরা এই সভাতেই নেব না। তবে বিকল্প একটি-দুটি ভেন্যু ঠিক করে রাখা হতে পারে। বাংলাদেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমরা আরেকটু সময় নেব। তবে যেখানেই হোক এশিয়া কাপ শুরুর তারিখ বদলাবে না। এশিয়া কাপ ২৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে।
 বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ছাড়াও গুঞ্জন আছে, ভারত এশিয়া কাপ খেলতে চায় না বা খর্বশক্তির দল পাঠাতে চায়। এটা কি ঠিক?
আশরাফুল: এটা ঠিক নয়। বিশ্বকাপের পর এশিয়া কাপই বড় টুর্নামেন্ট। ভারত কেন এখানে খেলতে চাইবে না! তারা খেলবে এবং মূল দল নিয়েই খেলবে।
 এশিয়া কাপের সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে পরিস্থিতি স্বাভাবিক রাখার কোনো অনুরোধ কি করবে এসিসি?
আশরাফুল: আমি বাংলাদেশি, কাজেই ব্যক্তিগতভাবে আমি চাই এশিয়া কাপ বাংলাদেশেই হোক। কিন্তু এসিসি থেকে আমরা এ রকম কোনো আপিল করতে পারি না। সেটা করবে বিসিবি। তবে হ্যাঁ, বিসিবি যদি আমাদের বলে সে রকম কিছু করতে, আমরা করব।
 সামনে তো টি-টোয়েন্টি বিশ্বকাপও হওয়ার কথা বাংলাদেশে। এখানকার রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মহল সেটা নিয়ে কতটা চিন্তিত?
আশরাফুল: তারা চিন্তিত। আমি কোনো ভেন্যুর নাম উল্লেখ করব না, তবে এটুকু জানি, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটো বিকল্প ভেন্যু প্রস্তুত রাখা হচ্ছে।
 ওয়েস্ট ইন্ডিজ যুবদল বাংলাদেশে সফর শেষ না করে চলে গেছে। আসন্ন টুর্নামেন্টগুলোতেও যদি সে রকম কিছু ঘটে, বাংলাদেশের ক্রিকেটের ওপর তা কেমন প্রভাব ফেলতে পারে?
আশরাফুল: রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত এর প্রভাব কী হতে পারে। সবার আগে এখানে শ্রীলঙ্কা সিরিজটা ঠিকঠাকভাবে হতে হবে। সেটা হতে না পারলে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। টি-টোয়েন্টি বিশ্বকাপও তখন হবে না। বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো এমনিতেই বাংলাদেশের সঙ্গে না খেলার বা বাংলাদেশে না আসার অজুহাত খোঁজে। এখনো তারা বলে বাংলাদেশ নাকি টেস্ট খেলার উপযুক্ত নয়। সেসব দেশ তখন আরও সুযোগ পেয়ে যাবে। বাংলাদেশ পড়ে যাবে পাকিস্তানের পর্যায়ে। সেটা খুবই দুঃখজনক হবে। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত।
 ঢাকায় আপনার এই সফর কি এশিয়া কাপসংক্রান্ত কারণেই?
আশরাফুল: না, আমি এসেছি ব্যক্তিগত কাজে। তবে কাল (আজ) বিসিবি সভাপতির সঙ্গে আমার দেখা হতে পারে।