‘বাংলাদেশ হবে পরবর্তী শ্রীলঙ্কা’
শুরুর সেই ব্র্যাডম্যানীয় গড় আর নেই, তবু এখনো তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কতটা মানিয়ে নিতে পারবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন যুগের সঙ্গে? ছেলেবেলা, স্বপ্নের শুরু, নিজের ও দলের ভবিষ্যৎসহ আরও অনেক বিষয় নিয়েই হোটেল সোনারগাঁওয়ের লবিতে ‘মি. ক্রিকেট’ মাইক হাসি কথা বললেন আরিফুল ইসলামের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন যুগে আপনার ভূমিকাকে কীভাবে দেখেন?মাইক হাসি: খুব বেশি বদলানোর কিছু নেই। আমি আমার মতোই খেলে যাব। তবে তরুণদের সামনে উদাহরণ সৃষ্টি করা, তাদের পথ দেখানোর ব্যাপারটা অবশ্যই আছে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা কতটা বড় ব্যাপার, কতটা আবেগ দিয়ে খেলা উচিত, এই ব্যাপারগুলো পরবর্তী প্রজন্মকে জানানো। সারা জীবন ওপেনিংয়ে খেলে অস্ট্রেলিয়া দলে এসে মিডল-অর্ডারে... মানিয়ে নিয়েছেন কীভাবে?হাসি: জানি না (হাসি), হয়তো এখনো শিখছি। হয়তো আমি সৌভাগ্যবান যে আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে প্রচুর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি, এ জন্যই নিজের খেলা সম্পর্কে খুব ভালো জানি। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর যেটা খুব সাহায্য করেছে। নিজের শক্তি আর সীমাবদ্ধতা সম্পর্কে জানা খুব জরুরি। প্রথম শ্রেণীর ক্রিকেটে যখন রানের বন্যা বইয়েও জাতীয় দলে জায়গা হচ্ছিল না, সেই সময়গুলো কেমন ছিল?হাসি: খুব কঠিন, অনেক সময় খুব হতাশ লাগত। মাঝেমধ্যে মনে হতো আমার সময় বুঝি শেষ, কোনো দিন অস্ট্রেলিয়ার হয়ে খেলা হবে না। কখনো কখনো খুব বেশি চেষ্টা করেছি, নিজের ওপর অনেক চাপ নিয়েছি, ট্রেনিংয়ে অনেক বেশি পরিশ্রম করেছি। ব্যাপারটাকে যখন সহজভাবে নিতে শুরু করলাম, নিজের খেলাটা উপভোগ করতে শুরু করলাম, তখনই সুযোগ পেলাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ২০ টেস্টে ৯ সেঞ্চুরি, ব্র্যাডম্যানীয় গড়...এরপর হঠাৎ করেই খারাপ সময়ের শুরু...হাসি: শুরুটা যেভাবে করেছিলাম, নিজের কাছেই মাঝেমধ্যে অবিশ্বাস্য লাগত। জানতাম ক্যারিয়ারজুড়েই এভাবে চলবে না। ক্রিকেটে এমন সময় আসবেই, যখন কোনো কিছুই নিজের পক্ষে যাবে না। আমি সেটির জন্য প্রস্তুতই ছিলাম। ওই সময়টা যখন এল, আতঙ্কিত হইনি। মূল বিষয়গুলো ঠিক রাখার চেষ্টা করেছি। আগের মতোই প্রস্তুতি পর্বটা ঠিক রাখার চেষ্টা করেছি, নিজের ওপর বিশ্বাস হারাইনি। তিন ধরনের ক্রিকেটের মধ্যে কোনটা বেশি প্রিয়?হাসি: টেস্ট ক্রিকেট। টেস্ট নানাভাবে আপনার পরীক্ষা নেবে—স্কিল, টেকনিক, ট্যাকটিস, শারীরিক-মানসিক সামর্থ্য সবকিছুই। সমসাময়িকদের সঙ্গে চূড়ান্ত তুলনা বা বিচার এখানেই হয়। আর এখানে আসাদের মাথায় থাকে ব্যাগি গ্রিন ক্যাপ, টেস্ট ক্রিকেট তাই খুবই স্পেশাল। ছেলেবেলায় তো আপনি ডানহাতি ছিলেন, পরে অ্যালান বোর্ডারকে দেখে বাঁহাতি হয়ে গেলেন...হাসি: হ্যাঁ, ডানহাতি ছিলাম। এবিকে (অ্যালান বোর্ডার) দেখেই বাঁহাতি হয়ে গেলাম ৭-৮ বছর বয়সে। এবি আমার আদর্শ। তাঁকে টিভিতে দেখতাম আর সব সময় তাঁর মতো ব্যাটিং করতে চাইতাম। কখনোই উইকেট ছুড়ে দিয়ে আসতে চাইতেন না, নিজের খেলাটাকে অসম্ভব ভালোবাসতেন। মানসিকভাবে শক্ত আর দৃঢ়প্রতিজ্ঞ। আমি তাঁর মতোই হতে চেয়েছি। বোর্ডার নাকি আপনাকে একবার মজা করে বলেছিলেন, ‘নেটে ছয় ঘণ্টা ব্যাটিং করে আমি ম্যাচের প্রস্তুতি নিই। এটা শুনে নাকি আপনি সত্যি সত্যি ছয় ঘণ্টা ব্যাটিং করছিলেন?হাসি: (হাসি) গল্পটা সত্যি। এবি তখন অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ। একদিন বলল, ‘অনুশীলনে সারা দিন ব্যাটিং করতে না পারলে ম্যাচে কীভাবে করবে?’ আমি ফাজলামোটাকে সত্যি ধরে নিয়ে নেটে সারা দিন ব্যাটিং করলাম! এখনো তাই করেন নাকি?হাসি: আরে না, ওই একবারই। যে শিক্ষা হয়েছিল...সারা দিন ব্যাটিং করার পর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। নড়ার শক্তি ছিল না। নিজের খেলা প্রিয় ইনিংস?হাসি: ওহ্ জিসাস, একটা-দুটো বেছে নেওয়া খুব কঠিন। এই মুহূর্তে কয়েকটি ইনিংস মাথায় আসছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসটা (২৪ বলে ৬০), শেষ ওভারে ১৮ রান নিয়ে জেতার অনুভূতি ছিল অদ্ভুত। ২০০৬-০৭ অ্যাশেজের অ্যাডিলেড টেস্ট, আমি মাত্র ৬০-এর মতো (৬১) করেছিলাম, কিন্তু জয়সূচক রান করাটা ছিল দারুণ। যে ইনিংসগুলোয় অস্ট্রেলিয়ার জয়ের সময় উইকেট থাকতে পারি, সবগুলোই প্রিয়। এর চেয়ে সেরা অনুভূতি আর হয় না। ছোট ভাই ডেভিড হাসির সঙ্গে সম্পর্ক কেমন?হাসি: ছেলেবেলার চেয়ে অনেক ভালো (হাসি)। বাড়ির উঠোনে খেলার সময় আমরা অনেক মারামারি করতাম। আমাদের লড়াকু মানসিকতাটা কিন্তু ওখানেই পেয়েছি, কেউ কাউকে একবিন্দু ছাড় দিতে চাইতাম না। বাড়ির উঠোনে আমাদের দুজনের টেস্ট ম্যাচ হতো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন অবশ্য আগের মতো এতটা দেখা হয় না দুজনের। ও মেলবোর্নে থাকে, আমি পার্থে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আপনার ভবিষ্যৎ কীভাবে দেখছেন?হাসি: আমি আসলে ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাচ্ছি না। আমার মনোযোগ শুধুই বর্তমানে। অস্ট্রেলিয়া দলে ঢুকতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। অনেক সময় লেগেছে। এ জন্যই যত দিন সম্ভব খেলতে চাই। সবচেয়ে বড় কথা আমি এখনো দলে অনেক অবদান রাখতে পারি। আশা করি, আরও অনেক দিন পারব। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ও খ্যাতি সামলাতে তরুণদের কী পরামর্শ দেবেন?হাসি: আমি ঠিক বলতে পারব না, কারণ আমি নিজেই একটু প্রচারের আলো থেকে অনেকটা আড়ালে থাকার চেষ্টা করি। তবে চাপ সামলানো খুব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজের কথা বলতে পারি, নিজের খেলাটা সম্পর্কে ভালো ধারণা ছিল বলেই জানি কীভাবে প্রস্তুতি নিতে হয়। আমার সব মনোযোগ সেদিকেই থাকে। মিডিয়া বা মাঠের বাইরের কোনো চাপ বা অন্য কোনো কিছুই আমি মাথায় ঢুকতে দিই না। প্রস্তুতি আমার কাছে সবকিছুর আগে। ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে যা যা করতে হয়, সেখানে আমি কোনো ব্যাঘাত ঘটতে দিই না। ‘মি. ক্রিকেট’ নামটা তো অনেকটা স্বপ্নের মতো, কেমন উপভোগ করেন?হাসি: সত্যি বলতে খুব নয়। আমার মনে হয়, আমি আসল মি. ক্রিকেট নই। আমার চেয়েও অনেকে আছে, একজন যেমন মুরালি, খেলাটাকে অসম্ভব ভালোবাসে। রিকি পন্টিং ও শেন ওয়ার্নও, আমার জন্য মনে হয় নামটা ওদের মতো উপযুক্ত নয়। তবে এর চেয়েও তো অনেক হাস্যকর ডাকনাম আছে... বাংলাদেশের ক্রিকেটকে কেমন দেখলেন, কতটা উন্নতি হয়েছে?হাসি: অবশ্যই উন্নতি হয়েছে। বিশেষ করে গত দুই বছরে। দলের ওপর এখন প্রত্যাশা অনেক, এতেই তো উন্নতিটা বোঝা যায়। আশা করি, উন্নতির ধারাটা অব্যাহত থাকবে। সময় লাগবে, তবে বেশ কয়েকজন ক্রিকেটার বিশ্বমানের হয়ে ওঠার পথে আছে। শ্রীলঙ্কাও একসময় এমন অধারাবাহিক ছিল, কিন্তু এখন দেখুন। বাংলাদেশও ওই পথেই আছে। উন্নতিটা ধরে রাখতে পারলে বাংলাদেশ হবে পরবর্তী শ্রীলঙ্কা।