
দেখতে অনেকটা বিখ্যাত ইতালিয়ান ফুটবল রেফারি পিয়েরলুইজি কলিনার মতো। বাফুফের সৌজন্যে কাল তাঁর দেখা মিলল বাংলাদেশ দলের অনুশীলনে। বাংলাদেশ দল এই প্রথম পেল একজন বিদেশি গোলরক্ষক কোচ। কাল ভোরে ঢাকায় নেমেই দুপুরে বিপ্লবদের নিয়ে কাজে নেমে পড়লেন কিস কাল্ক। প্রথম দিনের অনুশীলনের পর কথা হলো ৫৫ বছর বয়সী এই ডাচের সঙ্গে
l বাংলাদেশে এলেন এই প্রথম। যোগাযোগটা কীভাবে হলো?
কিস কাল্ক: যুক্তরাষ্ট্রে একসঙ্গে কাজ করার সময় রেনে কোস্টারের সঙ্গে আমার পরিচয়। তারপর হল্যান্ডে একটা ক্লাবে একসঙ্গে কাজ করেছি। এবার রেনে বাংলাদেশে আসার প্রস্তাব দিল। চলে এলাম।
l আপনাকে দেখতে অনেকটা ফুটবল রেফারি কলিনার মতো। লোকে কলিনা বলে ডাকে না আপনাকে?
কাল্ক: হ্যাঁ, এই কথাটা শুধু আপনিই জিজ্ঞেস করেননি, যেখানেই যাই প্রশ্নটা শুনতে হয় আমাকে। হল্যান্ডে রাস্তা দিয়ে হাঁটলে তো হরহামেশাই শুনি। কিন্তু কেউ আমাকে কলিনার মতো দেখতে লাগছে বললে আমার ভালো লাগে না। আমি এই শব্দটা আসলে শুনতে চাই না (হাসি)।
l তাহলে কী শুনতে ভালো লাগে? গোলরক্ষক কোচ?
কাল্ক: অবশ্যই, আমি গোলরক্ষক কোচ। এই পরিচয়েই পরিচিত হতে চাই। খেলোয়াড়ি জীবনে আমি গোলকিপার ছিলাম। চোটের কারণে বেশি দিন খেলতে পারিনি। পরে গোলরক্ষক কোচ হয়েছি। এই বিষয়ে আমার ডিগ্রিও আছে। উয়েফা ‘বি’ লাইসেন্স করেছি। বলতে পারেন, আমি একজন পেশাদার গোলরক্ষক কোচ।
l গোলরক্ষক কোচ হিসেবে কোথায় কোথায় কাজ করেছেন?
কাল্ক: অনেক ক্লাবেই করেছি। হল্যান্ডের এডিও ২০ ক্লাব, টেলস্টার, এ-জেড উল্লেখযোগ্য। এ-জেড ক্লাবের মহিলা গোলরক্ষক ছিলাম, এই দলটি হল্যান্ডের মহিলা লিগে তিনবার এবং দুবার চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ কাজ করেছি আর্মেনিয়া ফুটবল ফেডারেশনে। তার আগে পোল্যান্ড, বার্সেলোনায় কাজ করার অভিজ্ঞতা আছে আমার।
l পেশাদার ফুটবল খেলেছেন?
কাল্ক: আমি আসলে অপেশাদার ফুটবলই বেশি খেলেছি। পেশাদার জগতে ছিলাম বছর দেড়েক।
l গোলরক্ষক কোচ হিসেবে এমন কোনো গোলরক্ষককে নিয়ে কাজ করেছেন, যাঁকে লোকে এক নামে চেনে?
কাল্ক: একটা বড় নাম বলতে পারি। ফন ডার সার। হল্যান্ডের নামী এই গোলরক্ষকের কোচ ছিল আমারই এক বন্ধু। বন্ধুর সঙ্গে মিলে ফনের সঙ্গে কিছুদিন আমি কাজ করেছি।
l গোলরক্ষক কোচ হিসেবে আপনার কোনো আদর্শ আছে?
কাল্ক: সে রকম কেউ নেই। আমি নিজের মতো করে কাজ করি। পৃথিবীতে দুই ধরনের গোলরক্ষক আছে। এক ধরনের হলো, খুব বেশি রিঅ্যাকটিং, মানে চটপটে। আরেকটা শ্রেণী খুব অ্যান্টিসিপেটিং, যারা আপাতশান্ত। কিন্তু অনুমানক্ষমতা প্রখর। ক্যাসিয়াস, পিওতর চেক, ফন ডার সার, অলিভার কান...তারা সব দিক থেকেই বিশ্বস্ত গোলরক্ষক।
l আপনি বাংলাদেশের গোলরক্ষকদের কীভাবে দেখতে চান?
কাল্ক: খুব চটপটে নয়, আমি অ্যান্টিসিপেটিং গোলরক্ষকই বেশি পছন্দ করি। আশা করছি সে রকম গোলরক্ষকই আমি বাংলাদেশে পাব।
l আজ প্রথম সেশনে কেমন দেখলেন বাংলাদেশ দলের তিন গোলরক্ষককে?
কাল্ক: এখনই সব বলতে পারব না। তবে মনে হলো, ওরা ভালো গোলরক্ষক। শেখার আগ্রহ আছে। আমি যেভাবে যা বলেছি, সবই করতে পেরেছে।
l একজন গোলরক্ষকের ওপর দলের অনেক কিছু নির্ভর করে। একজন গোলরক্ষক কোচ হিসেবে আপনি এটাকে কীভাবে দেখেন?
কাল্ক: গোলরক্ষক একটা দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। দল বাজে খেললে গোলরক্ষক ৬টি গোল খেলেও কিছু বলার নেই। আবার দল ২-১ গোলে হারলেও গোলরক্ষক নায়ক হতে পারে। এটা আসলে ম্যাচের ওপর নির্ভর করে। আমি বাংলাদেশ দলের কিছু ম্যাচ ভিডিওতে দেখেছি। ভুল-ত্রুটি শুধরে আশা করছি তারা সাফে ভালো করবে। বাংলাদেশকে কিছু দিতেই এসেছি আমি।