‘বাংলাদেশের ক্রিকেট উন্নতির পথেই হাঁটছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা সেলিম শাহেদ উচ্ছ্বসিত শ্রীলঙ্কায় বাংলাদেশের পারফরম্যান্সে। তিনি মনে করেন, এই সফর প্রমাণ করেছে, বাংলাদেশের ক্রিকেট উন্নতির পথেই হাঁটছে। প্রথম আলো ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় টেস্টপূর্ব যুগে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান এই ব্যাটসম্যান বলেন, একটি টেস্ট দল হিসেবেও যে বাংলাদেশ উন্নতি করছে, সেটাও ক্রিকেট দুনিয়া দেখেছে এই সফরে। সেলিম শাহেদ বলেন, গলের প্রথম টেস্টে বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান শতরান করেছেন। এদের মধ্যে একটি আছে দ্বি-শতক। এগুলো তো বড় প্রাপ্তিই। এই সফরে খেলোয়াড়দের শরীরী ভাষায়ও বারবার ফুটে উঠেছে আত্মবিশ্বাস।সেলিম শাহেদের মতে, ‘এত কিছুর পরও পেস বোলিং বিভাগে আমাদের দুর্বলতাটা এই সফরে আশঙ্কাজনকভাবে ফুটে উঠেছে। আমাদের ভালো স্পিনার আছে, কিন্তু পেস বোলিংয়ে দুর্বলতা থেকেই যাচ্ছে। শুরুতেই প্রতিপক্ষের ইনিংসে আঘাত হানার মতো কোনো পেসার এই মুহূর্তে আমাদের নেই।’তিনি বলেন, ‘আমাদের কমপক্ষে দুজন কোয়ালিটি পেসারের খুব প্রয়োজন। যারা শুরুতে ব্রেক থ্রু এনে দেবে; সেই সঙ্গে ইনিংসের শেষদিকে প্রতিপক্ষের রানের গতি নিয়ন্ত্রণ করবে।’ শ্রীলঙ্কা সফরে পেস বোলিংয়ের এই দুর্বলতা না থাকলে বাংলাদেশ আরও ভালো করত বলে মনে করেন সেলিম শাহেদ। সফরে মাশরাফি ও সাকিবকে খুব মিস করেছেন সেলিম শাহেদ। তিনি বলেন, দলে মাশরাফি আর সাকিব থাকলে পুরো পরিস্থিতিই অন্যরকম হতো।মোহাম্মদ আশরাফুল ফর্মে ফেরায় দারুণ খুশি সেলিম শাহেদ। তিনি বলেন, ‘আশরাফুল বাংলাদেশের একজন পরীক্ষিত ব্যাটসম্যান। সে একজন ম্যাচউইনার। তার ব্যাটিংয়ের দুর্বলতা শট নির্বাচন। সে যদি এ ব্যাপারটি শুধরাতে পারে, তাহলে ভবিষ্যতে তার কাছ থেকে আমরা দারুণ দারুণ ইনিংস উপহার পেতে পারি।’গতকালকের টি-টোয়েন্টি ম্যাচটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে বলে মনে করেন সেলিম শাহেদ। তিনি মনে করেন, এই ম্যাচে আম্পায়ারদের কমপক্ষে দুটো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। আম্পায়ারিং ভালো হলে আমরা জিতেই মাঠ ছাড়তাম। তার পরও কাল শ্রীলঙ্কার জয়টা মোটেও সহজ হয়নি।প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে টালবাহানা করা উচিত নয় বলেই মনে করেন সেলিম শাহেদ। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ আমাদের বেশির ভাগ ক্রিকেটারের রুটি-রুজির জায়গা। জাতীয় দলে খেলা এবং বিসিবির বেতন তালিকায় থাকা মাত্র ২০-২২ জন ক্রিকেটারের জন্য প্রিমিয়ার লিগ না হওয়াটা খুব দুঃখজনক। মাত্র ২০ জন ক্রিকেটারের জন্য আপনি ১২০ জন ক্রিকেটারের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করতে পারেন না।’সেলিম শাহেদ আরও বলেন, ‘প্রিমিয়ার ক্রিকেট লিগে বিভিন্ন ক্লাবে এমন অনেক ক্রিকেটার খেলে, যারা প্রতিভাবান এবং ভবিষ্যতে জাতীয় দলে স্থান করে নেবে। এরা আমাদের ভবিষ্যত্। ভবিষ্যতের কথা ভেবে বিসিবির উচিত প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়ানোর ব্যাপারে সম্ভব সব ব্যবস্থা নেওয়া।’