'বাংলাদেশের জেতার সম্ভাবনা ৩০ ভাগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাররিচার্ড হ্যাডলি
স্যাররিচার্ড হ্যাডলি

নিউজিল্যান্ডে তিনি ‘মিস্টার ক্রিকেট’। এই বিশ্বকাপে আইসিসির দেওয়া বাড়তি তকমা ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। স্যার রিচার্ড হ্যাডলি তাই মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াচ্ছেন। গত শুক্রবার হ্যামিল্টনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখছিলেন ভিআইপি হসপিটালিটি মার্কিতে বসে। যেখানে বহিরাগত কারও ঢুকতে বিশেষ পাস লাগে। অনেক কাঠখড় পুড়িয়ে তা জোগাড় করে নেওয়া হলো এই সাক্ষাৎকার। কথা হলো অনেক বিষয়েই, এখানে শুধু বাংলাদেশ-ভারত আর বিশ্বকাপের সঙ্গে প্রাসঙ্গিক অংশটুকুই—

 * এই বিশ্বকাপে বাংলাদেশকে দেখে আপনার কেমন লাগল?
স্যার রিচার্ড হ্যাডলি: আমি সত্যি মুগ্ধ। খুব উজ্জীবিত লেগেছে ওদের, দেখে মনে হয়েছে নিজেদের উজাড় করে দিচ্ছে। মাহমুদউল্লাহ খুব ভালো। আমি তো বলব বিশ্বমানের খেলোয়াড়। গত দুটি ইনিংসে যে দুটি সেঞ্চুরি করেছে, তা এই বিশ্বকাপে অন্য যেকোনো ব্যাটসম্যানের সেঞ্চুরির সমতুল্য। মাথা খুব ঠান্ডা, টেকনিক খুব ভালো, বড় শট যেমন নিতে পারে, তেমনি সিঙ্গেলও। ইনিংস নিয়ন্ত্রণ করতে পারে। সব মিলিয়ে কমপ্লিট প্লেয়ার। তবে অন্যদের কাছ থেকে ওর সমর্থন দরকার। আজকের মতো (নিউজিল্যান্ডের বিপক্ষে) ২ উইকেটে ৮ বা ১০ রানের বদলে তামিম যদি ৭০-৮০ করে একটা ভিত্তি গড়ে দেয়, তাহলে মাহমুদউল্লাহ আরও ভালো খেলতে পারবে। রানটাও আরও বেশি হবে। প্রতিপক্ষ ভারতই হোক বা যে-ই হোক, বাংলাদেশ ৩০০ করে ফেললে একটা চাপ তৈরি হবেই। বড় স্কোর তাড়া করতে গেলে ভুল হয়ই।
* বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী?
হ্যাডলি: নকআউট ম্যাচ, তাই যেকোনো কিছুই হতে পারে। আমি শুধু ভাবছি, বাংলাদেশের বোলিং আক্রমণ যথেষ্ট ধারালো কি না। কারণ ভারতের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী, দারুণ কিছু ব্যাটসম্যান আছে ওদের। বাংলাদেশের বোলারদের একটা টোটকা বলে দিই, উইকেট পেলে তো ভালোই, তা না পেলে ডটের পর ডট বল করে চাপ তৈরি করতে হবে। ওটাই তখন উইকেট এনে দেবে। রান না হলে ব্যাটসম্যানরা বেশি ঝুঁকি নিয়ে শট নিতে যাবেই, তাতেই আউট হওয়ার সুযোগ তৈরি হবে। মেলবোর্নেই ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটা মনে নেই?

* সরাসরি উত্তর চাই, শতকরা হিসাবে বাংলাদেশের জয়ের সুযোগ কত ভাগ বলে মনে করেন?

হ্যাডলি: আমি বলব থার্টি পার্সেন্ট। অর্থাৎ ভারতের পক্ষে সেভেনটি-থার্টি। আবারও বলব, ওদের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী, পেসাররাও খারাপ ন
য়, সঙ্গে অশ্বিন-জাদেজার স্পিন।

সবচেয়ে বড় কথা, বাংলাদেশের চেয়ে ধোনির দল অনেক বেশি অভিজ্ঞ। বাংলাদেশ আগে কখনো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেনি, ওদের তাই অজানা এক জগতে পা পড়ছে। শুধু ভারতই নয়; ম্যাচের চাপ, উপলক্ষের চাপ এসবও তাই বাংলাদেশের প্রতিপক্ষ। এর মানে এই নয় যে, বাংলাদেশ পারবেই না। পারতেও পারে, তবে সেটি হবে সারপ্রাইজ।

*কিন্তু একটা ব্যাপার কি বাংলাদেশের পক্ষে আসবে না? বাংলাদেশের লক্ষ্যই ছিল কোয়ার্টার ফাইনাল, কাজেই এই ম্যাচে তাদের হারানোর কিছু নেই। পুরো চাপই তো ভারতের ওপর...

হ্যাডলি: তা ঠিক। তবে আমার মনে হয় কোয়ার্টার ফাইনালে যখন উঠে গেছে, বাংলাদেশ আরও এগিয়ে যেতে চাইবে। তা কোয়ার্টার ফাইনালে যা-ই হোক না কেন, এই টুর্নামেন্টে বাংলাদেশ যেভাবে খেলেছে, তা অনেক কৃতিত্ব দাবি করে। ওরা ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে, এটা বিরাট ব্যাপার। নিউজিল্যান্ডেরও তো ঘাম ঝরিয়ে ছেড়েছে।

* কোথায় যেন পড়লাম, ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের বোলিংয়ের খুব প্রশংসা করেছেন আপনি...

হ্যাডলি: হ্যাঁ, রুবেল হোসেনকে আমার খুব ভালো লেগেছে। ইংল্যান্ডের বিপক্ষে যে দুটি বলে ম্যাচ শেষ করে দিয়েছে, তা ছিল দুর্দান্ত। একেবারে ঠিক লাইন-লেংথে বল ফেলেছে, বলও কিছু করেছে। তখন পর্যন্ত কিন্তু ম্যাচটা যেকোনো দিকেই যেতে পারত, একজন গেম চেঞ্জার লাগত। রুবেল সেই কাজটাই করেছে।

* বাংলাদেশের দুই পেসার রুবেল-তাসকিনকে কোনো পরামর্শ দিতে বললে কী দেবেন?

হ্যাডলি: একটা কথাই বলব, অফ স্টাম্প আর অফ স্টাম্পের ঠিক বাইরে টানা বল করে যাওয়ার চেষ্টা করে যাও। পেস বোলারদের জন্য ওই চ্যানেলটাই আসল। যত থিওরিই কপচানো হোক না কেন, শেষ পর্যন্ত বোলিংয়ে ঠিক জায়গায় বল করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হয় না। স্টাম্পের ওপর বা লেগ সাইডে করা মানেই তো ‘ফোর বল’। তরুণ তাসকিনের বলে ভালো গতি আছে, অ্যাকশনও ভালো। এখন খাটতে হবে নিয়ন্ত্রণ নিয়ে।

*আপনি ক্রিকেট ইতিহাসের বিখ্যাত এক অলরাউন্ডার। বাংলাদেশের সাকিব আল হাসান একই সঙ্গে তিন ধরনের ক্রিকেটেই র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা একমাত্র খেলোয়াড়। অলরাউন্ডার হিসেবে তাঁকে কীভাবে দেখেন?

হ্যাডলি: সাকিব খুব ভালো ক্রিকেটার। ভালো স্পিনার। ঠিক প্রথাগত স্পিনার না, অনেক বেশি লো-আর্ম। বল বেশি স্পিন না করলেও দারুণ অ্যাকুরেট। আমি অবশ্য এখানে খেলা দেখে বলছি। বাংলাদেশে হয়তো আরও বেশি স্পিন করায়। ব্যাটিংয়েও অনেক শট আছে হাতে। তবে নাম্বার ওয়ান র‌্যাঙ্কিং নিয়ে কথা বলার আগে আমি জানতে চাই, কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ওর। দুই-তিন কারা? তাঁরা কি সত্যিকার অর্থেই অলরাউন্ডার? ক্রিকেটে অলরাউন্ডার কিন্তু বিরাট ব্যাপার। অলরাউন্ডার তাকেই বলা যাবে, যে ব্যাটে বা বলে খেলা বদলে দিতে পারবে।

* অলরাউন্ডারের তো বোধ হয় এটাও সংজ্ঞা যে ব্যাটসম্যান বা বোলার দুই ভূমিকাতেই দলে আসতে পারে। সাকিব তা পারেন...

হ্যাডলি: হ্যাঁ, সাকিব বাংলাদেশ দলের জন্য বড় একটা সম্পদ।

* এবার যদি বিশ্বকাপে আসি। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি কী চোখে পড়েছে?

হ্যাডলি: প্রচুর রান হয়েছে। কারণটা উইকেট, এই বিশ্বকাপের উইকেট ব্যাটিং করার জন্য খুব ভালো ছিল। নিউজিল্যান্ডের কিছু উইকেটে ৩০০ রান হয়েছে, অস্ট্রেলিয়ায় তো ৪০০-ও হয়েছে। ২৭ না ২৮টি সেঞ্চুরি হয়েছে বোধ হয়, তাই না? আবার দেখুন, ভালো বোলাররা ঠিকই ভালো করছে। তার মানে ব্যাটে-বলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বেশ কিছু ক্লোজ ম্যাচও হয়েছে। সব মিলিয়ে দারুণ একটা বিশ্বকাপ হচ্ছে।

* আপনার চোখে সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট কারা?

হ্যাডলি: অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, নিউজিল্যান্ড।

* বিশ্বকাপে শ্রীলঙ্কার রেকর্ড তো খুব ভালো, ওদের বাদ দিয়ে দিলেন কেন?

হ্যাডলি: শ্রীলঙ্কা তো ইনজুরি সমস্যায় জর্জরিত। এখন শুনছি অ্যাঞ্জেলো ম্যাথুসেরও নাকি সমস্যা। তার পরও নকআউট পর্যায়ে যেকোনো কিছুই হতে পারে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বিশ্বকাপের জন্য দলগুলো চার বছর ধরে প্রস্তুতি নেয়। নকআউট শুরু হলে চার বছরের চেষ্টাটা সাত ঘণ্টার ক্রিকেটে নেমে আসে। ওই সাত ঘণ্টা ভালো না হলে চার বছরের পরিশ্রম জলে গেল। ভালো খেললে সেমিফাইনাল, সেখানে সাত ঘণ্টা ভালো ক্রিকেট খেললে ফাইনাল। সেখানে ভালো খেললে চ্যাম্পিয়ন। সব মিলিয়ে দেখুন, ব্যাপারটা নেমে আসছে ২১ ঘণ্টা ভালো ক্রিকেট খেলার ওপর।