'বাংলাদেশের মানুষকে যেন আর কাঁদতে না হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ১৬ মার্চ, কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এর কার্যক্রম। কাল যেমন মিরপুরে প্রথম অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে—

পেছনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আর এশিয়া কাপের ব্যর্থতার যন্ত্রণা। সেই ব্যথা বুকে নিয়েই কাল মুশফিক এলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি সামনে রেখে শোনালেন আশার বাণীও  প্রথম আলো
পেছনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আর এশিয়া কাপের ব্যর্থতার যন্ত্রণা। সেই ব্যথা বুকে নিয়েই কাল মুশফিক এলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি সামনে রেখে শোনালেন আশার বাণীও প্রথম আলো

 ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। তার পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনাদের একটিও জয় নেই। ঘরের মাঠের বিশ্বকাপে কী লক্ষ্য থাকবে?
মুশফিকুর রহিম: টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ক্রিকেট খেলতে পারিনি। সম্প্রতি কিছু ম্যাচ খেললেও অন্যান্য দল যে রকম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে, আমরা তেমন বেশি ম্যাচ খেলিনি। এ জন্যই এই ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করাটা কঠিন হয়। তার পরও প্রথম লক্ষ্য, প্রথম পর্ব পেরোনো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটা। এর পরও খেলব নেপাল ও হংকংয়ের বিপক্ষে। আশা করি, তিনটা ম্যাচই জিতে আমরা পরের রাউন্ডে যাব।
 দক্ষতার দিক দিয়ে আফগানিস্তান এগিয়ে, না আপনারা?
মুশফিক: আমার তো মনে হয় সব দিক দিয়ে আমরাই এগিয়ে। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে কে এগিয়ে থাকল বা পিছিয়ে, সেটা গুরুত্বপূর্ণ নয়। ব্যাপার হচ্ছে নির্দিষ্ট দিনে কে ভালো করে। এক-দুজন ব্যাটসম্যান বা একজন বোলার ভালো করলেই ম্যাচের চিত্র পাল্টে যায়। আমার মনে হয় ওই দিনটাতে আমরা কেমন খেলব, চাপে থেকে কীভাবে পারফর্ম করব, তার ওপরই সব নির্ভর করবে।
 এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল খেলিয়েও বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে জিতেছিল। এ ছাড়া ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা বাংলাদেশকে হারিয়েছিল...
মুশফিক: ওটা অনেক দিন আগের কথা। ওখানে কন্ডিশন একটু ভিন্ন ছিল। রাতে খেলা হওয়ায় শিশিরে সমস্যা হয়েছিল। স্পিনারদের অনেক সমস্যায় পড়তে হয়েছিল। এখানে একটা ইনিংস প্রায় দিনেই হয়ে যাবে। দর্শক আমাদের পক্ষে থাকবে। আমরা চাই শুরুটা ভালো করতে।
 আফগানিস্তান দল সম্পর্কে কেমন ধারণা আপনাদের?
মুশফিক: ওদের ব্যাটিং বা বোলিং সবকিছুই মোটামুটি জানা হয়ে গেছে। সম্প্রতি ওদের সঙ্গে আমরা একটা ম্যাচ খেলেছি। এর বাইরে ওদের খুব বেশি খেলোয়াড়ও নেই। আর আমাদের সাকিব, তামিম ও মাশরাফি ভাই ওই ম্যাচে খেলেনি। টিভিতে দেখা আর সামনাসামনি খেলা আলাদা ব্যাপার। সেদিক থেকে দল দুটি হয়তো একই অবস্থানে থাকবে।
 শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে চোটাঘাত অনেক ভুগিয়েছে বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দল কতটা ফিট হয়ে মাঠে নামতে পারবে?
মুশফিক: তামিম, মাশরাফি ভাই অনুশীলন করছে। গাজীরও সেলাই কাটা হয়েছে। কাল থেকে অনুশীলন করবে। আশা করি, পুরো ফিট দল পাব। তার পরও কেউ চোট পেলে সেটা তো আমাদের হাতে নেই। দলের শক্তি যা আছে তা নিয়েই খেলব। পারফর্ম করার জন্য সবাই ক্ষুধার্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশ ওই রকম ধারাবাহিক ক্রিকেট না খেললেও চ্যালেঞ্জ নিতে জানে।
 টি-টোয়েন্টিতে পরিকল্পনা কাজে লাগানোর কতটা সময় থাকে?
মুশফিক: সংক্ষিপ্ত সংস্করণের খেলা, চ্যালেঞ্জ অবশ্যই থাকে। আমাদেরও ভিন্ন ভিন্ন পরিকল্পনা থাকে। উইকেট সম্পর্কে সাধারণ একটা ধারণা থাকে—এই উইকেটে হয়তো ১৫০ করলে জেতা যাবে। কিন্তু এক-দুই ওভার খেলার পর বুঝতে পারলেন, এই উইকেটে ১৮০ বা ২০০ লাগবে। এগুলোর সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হয়। আমাদের দলে অনেকেই আছেন যারা চাপে ভালো খেলে। আশা করব, তারা তাদের সেই ভাবমূর্তি অনুযায়ী খেলবে।
 এশিয়া কাপের পর আফগান অধিনায়ক বলেছেন, তাঁরা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের অপেক্ষায় আছেন...
মুশফিক: দুই দলই চাপে থাকবে। ওরা চাইবে এত বড় ইভেন্টে একটা কিছু করে দেখাতে। আমরা চাইব এশিয়া কাপে হারের প্রতিশোধ নিতে।
 দল খারাপ করলে নানা কথা হয়। অনেক সময় বোর্ড থেকেও নেতিবাচক মন্তব্য আসে। সাম্প্রতিক সময়েও তাই দেখা গেছে। এ ধরনের মন্তব্য খেলায় কতটা প্রভাব ফেলে?
মুশফিক: দল খারাপ করলে আমাদের তো খারাপ লাগেই, এর সঙ্গে সংশ্লিষ্ট যাঁরা আছেন সবারই খারাপ লাগে। এ সময় যদি সমর্থনটা আরেকটু বেশি করেন, তখন আমরা খেলোয়াড়েরা অন্তত মনে করতে পারব, সবাই আমাদের সঙ্গে আছে। বেশির ভাগ ক্ষেত্রে আমরা তা পাইও। কিছু কিছু ক্ষেত্রে অন্য রকম হয়ে যায় এবং সেটা হতেই পারে।
 আপনি কি উইকেটকিপিং করবেন?
মুশফিক: আরেকটা এক্স-রে করিয়েছি। বলা হয়েছিল চার সপ্তাহ পরে কিপিং করতে পারব। আমার ব্যথা এখন একটু কম। কাল থেকে কিপিং শুরু করব। আশা করি, ১৬ তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও কিপিং করতে পারব।
 দলের এখন যা অবস্থা তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু আশা করা কি সম্ভব?
মুশফিক: এমন নয় যে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলে বা রানার্সআপ হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব এমনি এমনি পার হয়ে যেতাম। আশানুরূপ ফলাফল করতে না পারলেও আমরা ভালো ক্রিকেট খেলেছি। অনেকে ফর্মে আছে। আশা করব, তারা সেটা ধরে রাখবে। আর যারা ফর্মে নেই, তাদের জন্য এটা তো আরও সুযোগ। আমি চাইব বাংলাদেশের মানুষকে যেন আর কাঁদতে না হয়। তারা যেন আনন্দের কান্নাটা কাঁদে।
 আপনার কি মনে হয় দলের মানসিক শক্তি বাড়ানোর জন্য খেলোয়াড়দের কোনো ধরনের কাউন্সেলিং প্রয়োজন?
মুশফিক: এর আগেও এটা হয়েছে। এখন সময় এসেছে ব্যক্তিগতভাবে আরেকটু সচেতন থাকার, নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার। অন্য কেউ এসে কিছু করার চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ।
 বাংলাদেশ দল হোম কন্ডিশনের কতটা সুযোগ নিতে পারবে বলে মনে হয় আপনার?
মুশফিক: হোম কন্ডিশন হলেই যে আপনি সব ম্যাচ জিতবেন তা নয়। সব দলই অনেক আগে চলে আসে। ওরা ম্যাচ খেলার ও অনুশীলনের সুযোগ পায়। আগেই বলেছি, নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, সেই জিতবে। প্রতিজ্ঞা করতে পারি, আমরা সেরাটাই খেলব। তার পর আপনারাই দেখবেন কী হয়।