‘বাংলাদেশের সেরা জয়গুলোর একটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার তো মনে হয় আমাকেই মূল কৃতিত্ব দেওয়া উচিত। আমি মমিনুলকে বোলিংয়ে না আনলে তো ও আর পোলার্ডকে আউট করতে পারত না!’অন্তর্মুখী বলে বিজ্ঞাপিত মুশফিকুর রহিম দেখা যায় রসিকতাও করতে জানেন!‘এই মাসেই আমরা স্বাধীন হয়েছিলাম, তাঁদের মতো অর্জন তো আমরা কখনোই করতে পারব না। কিন্তু তাঁদের সব সময় অনুভব করি। এই মাসে এমন একটা বিজয় শুধু আমাদের জন্য নয়, পুরো দেশবাসীকেই অনুপ্রাণিত করবে। পুরো দল মিলেই ঠিক করেছি যাঁদের হাত ধরে আমাদের দেশের বিজয় এসেছে, সেই ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের আমরা এই জয়টা উৎসর্গ করব।’শক্ত চোয়াল, কণ্ঠে শ্রদ্ধা। কথাগুলো যখন বলছিলেন, মুশফিককেও মনে হচ্ছিল যেন যুদ্ধজয়ী একজন!‘সবাই বাবা-মাকে পছন্দ করে। কিন্তু আমার কাছে অন্য রকম। তাঁর জন্যই আমি আজ এখানে। আমার খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার পুরো কৃতিত্ব উনার। আমার সবচেয়ে ভালো লাগে, শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্য, সবার জন্যই উনার অনুভূতি সমান। আমার চেয়েও বেশি বাংলাদেশ ক্রিকেটের সমর্থক। বাবা হিসেবে অসাধারণ, আমার আদর্শ উনি।’কণ্ঠ খানিকটা ধরে এল, দেশে-বিদেশে বাংলাদেশ ক্রিকেট দলের ছায়াসঙ্গী হয়ে থাকা বাবার প্রসঙ্গে যেন মুশফিককে ছুঁয়ে গেল আবেগ। সিরিজজয়ী অধিনায়কের সংবাদ সম্মেলন এভাবেই হয়ে উঠল এমন হাসি-মজা, উচ্ছ্বাস, রসিকতা, আবেগ আর প্রতিজ্ঞার টুকরো টুকরো কোলাজ। মুশফিকুর রহিম যেন তৃপ্ত এক সৈনিক, তৃপ্ত এক নেতা। দলের প্রতিটি সদস্যকে কৃতিত্বের ভাগ দিলেন। নিজের দায়িত্ব পালন করতে পারায় কণ্ঠে স্বস্তি, জয়ের পরও ভুলগুলো শুধরে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাঁর কণ্ঠে!শেষের প্রেক্ষাপটে বাংলাদেশের সিরিজ জয়টাকেই মনে হচ্ছে স্বাভাবিক। ২-০ তে এগিয়ে যাওয়ার পর সিরিজ জিততে না পারলে দলকে শূলে চড়ানোর জন্যও হয়তো তৈরি ছিলেন অনেকে। কিন্তু একবার শুরুর প্রেক্ষাপটটা ভাবুন! দলের সেরা পারফরমার নেই, প্রথম ম্যাচে চারজন অভিষিক্ত, দলের গড় বয়স ২৩...এই দলটিই সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসা, বিস্ফোরক সব ব্যাটসম্যান আর অলরাউন্ডারে ভরা একটা দলকে হারিয়ে দেবে, এটা কজনই বা ভাবতে পেরেছিল!মুশফিকের কাছে এই সিরিজ জয় তাই বাংলাদেশের ক্রিকেটের সেরা জয়গুলোর একটি, ‘আমরা ওদের দেশে গিয়ে ওদের হোয়াইটওয়াশ করেছিলাম, কিন্তু সেটা অনেক দুর্বল দল ছিল। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি, তখনো বলা হচ্ছিল ওদের পুরো দল ছিল না। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজের পুরো দল ছিল, মাত্রই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছে। উল্টো আমাদের এক-দুজন মূল ক্রিকেটার ছিল না। সেই হিসেবে এটা আমাদের সেরা জয়গুলোর একটি। শুধু অধিনায়ক হিসেবে নয়, দলের একজন ক্রিকেটার হিসেবেও।’৫-০ তে জিতে র্যা ঙ্কিংয়ে পাঁচটি পয়েন্ট যোগ করার লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু মুশফিক নাকি শুরু থেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন, ‘আমার মনে হয়, যেভাবে আমরা খেলেছি তাতে ওয়ানডে সিরিজ জয়টা আমাদের প্রাপ্য ছিল। টেস্ট সিরিজটাও যদি কিছু জিনিস ঠিকঠাক করতে পারতাম, তাহলে হয়তো প্রথম টেস্টটা জিততাম বা অন্তত ড্র করতে পারতাম। সার্বিক পারফরম্যান্সে দারুণ খুশি। ওদের একটা লক্ষ্য ছিল, সব দলেরই থাকে। তবে আমাদেরও আত্মবিশ্বাস ছিল...আমাদের কন্ডিশন, যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, আমাদের পক্ষে জেতা সম্ভব। টেস্ট সিরিজে আমরা একটা দল হিসেবে খেলতে পারিনি; ওয়ানডেতে পেরেছি।’বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান অধিনায়ক ও সহ-অধিনায়কের পারফরম্যান্স। অধিনায়ক সিরিজসেরা, সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ শেষ ম্যাচের সেরা। মুশফিকের ধারণা, দুজনের সম্পর্কের রসায়ন এখানে বড় ভূমিকা রেখেছে, ‘আমাদের দুজনের বোঝাপড়া অনেক ভালো। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বেশির ভাগ সময় একসঙ্গে কাটাই। আমরা ভাগ্যবান যে, আমরা একসঙ্গে এভাবে পারফর্ম করতে পারছি।’এমন একটা সিরিজ জয়ে নিজে সিরিজের সেরা। এটাও দারুণ তৃপ্তি দিচ্ছে বাংলাদেশ অধিনায়ককে, ‘শুধু অধিনায়ক হিসেবে নয়, যখন একটা ম্যাচ জয় বা সিরিজ জয় হয়, খেলোয়াড় হিসেবে অবদান রাখতে পারলে এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমার কাছে এটা তাই অনেক বড় একটা পুরস্কার।’এশিয়া কাপের সাফল্যের পর এই সিরিজ জয়টা খুব বেশি প্রয়োজন ছিল। ওই সাফল্য যে আকাশ থেকে পড়েনি, বাংলাদেশের ক্রিকেট আসলেই এগিয়ে যাচ্ছে, সেটার প্রমাণ এই সিরিজ জয়। মুশফিকও গুরুত্ব দিলেন ধারাবাহিকতাকে, ‘আমরা টি-টোয়েন্টি বা টেস্টের চেয়ে অনেক ভালো ওয়ানডে দল। ফলাফলটা শুধু নয়, আমরা যে ধারাবাহিক ক্রিকেট খেলছি, এটাই আসল। শুধু এশিয়া কাপে নয়, বছর খানেক ধরেই। আশা করি, এটা ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারব।’তবে সেটাই হোক, অনেক হয়েছে পেছনে হাঁটা বা থমকে থাকা। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা!