মেয়েদের ক্লাব কাপ ক্রিকেটে আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন জাতীয় দলের স্পিনার চম্পা চাকমা। কাল তাঁর বোলিং নৈপুণ্যে (৪/১৮) মাত্র ৮৫ রানে আবাহনী গুটিয়ে গেলেও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। কাল খেলার ফাঁকে নিজের ক্যারিয়ার ও মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন তিনি ভালো বোলিং করেও দলকে জেতাতে পারলেন না...চম্পা চাকমা: আমরা আসলে হেরেছি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। মাত্র ৮৬ রানের টার্গেটও যদি ছুঁতে না পারি...। আগে তো ফুটবল খেলতেন। এখন তো ক্রিকেটই বেশি খেলছেন।চম্পা: এটা সত্যি যে ফুটবল দিয়েই আমার ক্যারিয়ার শুরু। কিন্তু ফুটবলটা পরে আর ভালো লাগছিল না। কেন?চম্পা: হাফ প্যান্ট পরে ফুটবল খেলতাম বলে ছেলেরা আমাকে নিয়ে হাসাহাসি করত। বাজে কথা বলত। এ জন্য পরে ভেবে দেখলাম ফুটবল আর খেলব না। ক্রিকেটে এলেন কীভাবে?চম্পা: আমার বাড়ি রাঙামাটিতে। সেখানকার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষা নিরুপা দেওয়ান আমাকে একদিন বলল, তোর পরিবার তো আর্থিকভাবে অসচ্ছল, তুই ক্রিকেট খেললে টাকা পাবি। এতে ভবিষ্যৎ আছে। উনিই আমাকে ক্রিকেটে নিয়ে আসেন। আপনি তো প্রথমে পেসার ছিলেন। স্পিনার হওয়ার রহস্য কি?চম্পা: আমার স্পিনার হওয়ার পেছনে বড় অবদান কোচ জাফরুল এহসান স্যারের। আমি নেটে একদিন ফাস্ট বল না করে স্পিন করলাম। স্যার তো আমার বোলিং দেখে মুগ্ধ। উনি বললেন, জাতীয় দলে তো পেসারই বেশি, স্পিনার কম। তুই স্পিন করবি। ব্যস, এর পর থেকেই নিয়মিত লেগ স্পিন করছি। আপনি তো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার মাঝখানে খেলছেন, পড়াশোনার ক্ষতি হচ্ছে না?চম্পা: তা একটু হচ্ছে। আমি রাঙামাটি থেকে গতকালই (পরশু) এসে দলে যোগ দিয়েছি। কিছু বইও এনেছি। প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। কালও (পরশু) রাত ১২টা পর্যন্ত পড়েছি। তবে আগামী ম্যাচগুলোতে হয়তো না-ও খেলতে পারি। অত দূর থেকে এসে খেলাটা চালিয়ে যেতে বেশ কষ্ট হয়। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেন?চম্পা: হ্যাঁ। বাংলাদেশের সঙ্গে অন্য দলের খেলা থাকলেই দেখি। আপনার প্রিয় ক্রিকেটার কে?চম্পা: মুত্তিয়া মুরালিধরন। সারাক্ষণ মনে হয়, যদি উনার মতো বল করতে পারতাম। নিজেকে কোথায় দেখতে চান?চম্পা: বাংলাদেশের সেরা স্পিনার হতে চাই। রাঙামাটিতে প্র্যাকটিস করেন কোথায়? চম্পা: ওখানে সেভাবে নিয়মিত প্র্যাকটিস করতে পারি না। আমাদের বাড়ি সাপছড়ি। সেখান থেকে রাঙামাটি সদরে যেতে সিএনজিতে আধা ঘণ্টা লাগে। তাই নিয়মিত যাই না। তবে আমাদের বাড়ির নিচে পাহাড়ের ঢালে যে ফাঁকা মাঠ আছে ছোট, সেখানে যদি ছেলেরা খেলে তাহলে তাদের সঙ্গে খেলি। না হলে খেলি না। জাতীয় মহিলা দলের ১২ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে মাসিক বেতন দিচ্ছে বিসিবি। আপনাকে ‘বি’ গ্রেডে রাখা হয়েছে বলে কি একটু মন খারাপ?চম্পা: মন একটু তো খারাপ হয়েছেই। তবে গত মৌসুমে আমার পারফরম্যান্স ভালো ছিল না, এ জন্যই হয়তো আমার ‘বি’ গ্রেড দিয়েছে। তা ছাড়া ইনজুরিও ছিল। তবে এবার ভালো খেলে আশা করি ‘এ’ গ্রেডে ফিরতে পারব। মহিলা ক্রিকেটারদের সঙ্গে চুক্তির বিষয়টা কীভাবে দেখছেন?চম্পা: আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে। সত্যি বলতে কি, আমাদের সঙ্গে যেসব মেয়ে খেলে তাদের বেশির ভাগই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের। বেতনকাঠামো ঠিক করে দেওয়ায় তারা অন্তত পেশাদারভাবে খেলাটা খেলতে পারছে। সবচেয়ে বড় কথা, আরও অনেক মেয়েই এখন ক্রিকেটে আসতে আগ্রহী হবে।