'বাগেরহাটে তো আমি ওপেনিং ব্যাটসম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুপচাপ, শান্ত স্বভাবের মানুষ হলেও বল হাতে কখনো কখনো তেতে ওঠেন আগুনের মতো। ভারতের বিরাট কোহলিকে তো একবার মারতেই গেলেন! পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করার পরও দেখা গেল শান্ত রুবেল হোসেনের দুরন্ত উদ্যাপন। তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাত্কারে বাংলাদেশ দলের এই পেসার কথা বলেছেন এসব নিয়েই

কাল (পরশু) হ্যাটট্রিক করলেন। এর পর থেকে এখন পর্যন্ত কেমন কাটল সময়টা?
রুবেল হোসেন: খুব ভালো। পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাই ফোন দিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছে। বলেছে, আমি যেন এটার ধারাবাহিকতা ধরে রাখি।
 ভালো বোলিং তো আগেও করেছেন। হ্যাটট্রিক ছাড়া সেগুলোর সঙ্গে এবারেরটার আর কোনো পার্থক্য আছে?
রুবেল: ওই অবস্থা থেকে আমরা জিতেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর যে তিনটা উইকেটে হ্যাটট্রিক হয়েছে, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওখানেই ম্যাচটা ঘুরে গেছে। আমরা ম্যাচটা জিততে পেরেছি, সে জন্য আল্লাহর কাছে লাখ লাখ শোকরিয়া।
 ম্যাচ শেষে বললেন, মাশরাফি নাকি আপনাকে আগেই বলেছিলেন, ৫-৬ উইকেট পাওয়া সম্ভব। কীভাবে বললেন তিনি এ কথা?
রুবেল: বৃষ্টির পর কাটার মারলে উইকেটে এক্সট্রা বাউন্স পাওয়া যাচ্ছিল। সে জন্যই মাশরাফি ভাই বলছিলেন, সোজা বল করে যা, কাটার মার, ৫-৬টা উইকেট পাবি। লং অফে ফিল্ডিং করার সময় প্রতিটি বলেই বলছিলেন, বুদ্ধি খাটিয়ে বল করিস। যা করছিস, খুব ভালো করছিস। এভাবে করে যা।
 শুরুতে আপনার বিশেষত্বই ছিল লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন। এখন তো সেটা অনেক বদলে গেছে...
রুবেল: জাতীয় দলে একেকজন কোচ আসে, কোচ যায়। প্রত্যেকে ভিন্ন ভিন্ন কাজ করে। আর অপারেশনের পরও হয়তো একটু পরিবর্তন এসেছে অ্যাকশনে। এসবে আমার কোনো সমস্যা হচ্ছে না, বরং ভালো হয়েছে। আগের চেয়ে বোলিং আরও নিখুঁত হয়েছে।
 নতুন নতুন কোচ এসে যে বোলিং অ্যাকশন নিয়ে বারবার কাজ করে, প্রতিবার নতুন অ্যাকশনে অভ্যস্ত হতে সমস্যা হয় না?
রুবেল: অসুবিধাও একটু হয়। আগে সাইড আর্ম অ্যাকশন ছিল বলে ব্যাটসম্যানদের আমার বল খেলতে অসুবিধা হতো। ওই অ্যাকশনে রিভার্স সুইংটাও ভালো হতো। এখনো সেটা হয়, তবে বলের ওপরও অনেক কিছু নির্ভর করে।
 কাঁধের অস্ত্রোপচারের পর এখন কী অবস্থা?
রুবেল: অনেক ভালো। কোনো সমস্যা হচ্ছে না। তবে মারাত্মক এই ইনজুরিটাতে আমার অনেক বড় ক্ষতি হতে পারত। ফিজিও বলেছিল, অস্ত্রোপচারের পর আমি খেলতেও পারি আবার না-ও খেলতে পারি। আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। তবে আল্লাহর রহমতে আমি আগের ছন্দে ফিরে এসেছি।
 হ্যাটট্রিক উইকেটটা মুশফিকের অসাধারণ এক ক্যাচে। মুশফিক তো আশায় আছেন, আপনি তাঁর জন্য কিছু একটা করবেন। কিছু করেছেন?
রুবেল: (হাসি) না...আজ (গতকাল) খাওয়াব...ডিনার করাব। মুশফিক ভাই ছাড়াও কয়েকজনকে ডিনার করাতে হবে...। জীবনে একটা হ্যাটট্রিক করলাম, মুশফিক ভাই শেষ ক্যাচটা ধরেছেন। খাওয়াতে তো হবেই।
 বাগেরহাটে তো আপনার জনপ্রিয়তা এখন আরও বেড়ে যাবে...
রুবেল: বাগেরহাটের মানুষ আমাকে অনেক ভালোবাসে। অনেক সম্মান করে। ছোটবেলায় এদিক-সেদিক অনেক খ্যাপ খেলতাম তো...সবাই আগে থেকেই চেনে। আশপাশের গ্রামের মানুষও আমাকে খুব ভালো চেনে।
 এখনো বাগেরহাটে গেলে খ্যাপ খেলেন?
রুবেল: মাঝে মাঝে লোকজন বলে ভাই আসেন...দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ব্যাটিং করে যান।
 আপনি তো বোলার। ব্যাটিং করতে বলে কেন?
রুবেল: বাগেরহাটে তো আমি ওপেনিং ব্যাটসম্যান। বাগেরহাট প্রথম বিভাগে ওপেনার হিসেবে খেলেছি। খুলনা লিগে ওপেনার হিসেবে খেলে ফিফটি করেছি। ঢাকায় আসার পর তৃতীয় বিভাগ ক্রিকেটেও ওপেনার হিসেবে খেলে চারটা ফিফটি করেছিলাম। আমি তখন ব্যাটিংও ওপেন করতাম, বোলিংও ওপেন করতাম।
 সেই ব্যাটিংটা হারিয়ে গেল কেন?
রুবেল: জাতীয় দলে বোলার হিসেবে আসায় বোলিং নিয়েই বেশি চিন্তা শুরু করি। আমার কাজই এখানে বোলিং করা। সে জন্য ব্যাটিংয়ের জায়গা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাই।
 কখনো কি ইচ্ছে হয় যে দলের সবচেয়ে বড় তারকা হবেন? ধরেন সাকিব-তামিমকেও ছাড়িয়ে গেলেন...
রুবেল: চোটের কারণে মাঝে খুব খারাপ অবস্থায় পড়ে গিয়েছিলাম। চেয়েছিলাম ভালো কিছু করতে। কাল (পরশু) সেটা পেরেছি। বড় তারকা হওয়ার চিন্তা করি না। তবে এমন কিছু করতে চাই যেন মানুষজন আমাকে মনে রাখে। বাংলাদেশ দলের জন্য সব সময়ই কিছু করতে চাই। দলের জন্য খেলব, নিজের জন্য খেলব, দেশের জন্য খেলব—এটাই আমার চিন্তা।
 আপনাকে শান্ত মানুষ হিসেবেই জানে সবাই। কিন্তু উইকেট পাওয়ার পর আপনার উদ্যাপন দেখে তা মনে হয় না...
রুবেল: মাঠে তো একটু অন্য রকম থাকতেই হবে। ওখানে শান্ত থাকলে ব্যাটসম্যান আমার ওপর চড়ে বসবে।
 হ্যাঁ, পেস বোলারদের আচার-আচরণ একটু আক্রমণাত্মকই হয়। কিন্তু সে তুলনায় তো আপনি আবার শান্ত...
রুবেল: কেন, ভারতের বিরাট কোহলির সঙ্গে তো আমার দুবার লাগল! দক্ষিণ আফ্রিকায় একবার অনূর্ধ্ব-১৯ ম্যাচে কোহলির সঙ্গে মারামারির পর্যায়ে চলে গিয়েছিলাম। আমাদের এক বোলারকে ও দুটি ছক্কা মেরেছিল। তার পরের ওভারে আমি ওকে বোল্ড করে দিলাম একটা গালি। এর আগে অবশ্য সেও আমাদের সবাইকে অনেক গালাগাল করেছিল। তো আউট করার পর গালি দেওয়ায় সে আমার দিকে তেড়ে এল। আমিও তেড়ে গেলাম মারতে। পরে আম্পায়ার এসে ঠেকায়। এরপর বিশ্বকাপেও তো তার সঙ্গে ঝামেলা হলো।