‘বাঙালি’ ফোরলান
মাতৃভাষা স্প্যানিশ, এখন স্পেনেই বসত বলে সেই চর্চাটাই ধরে রাখতে পেরেছেন। ইংল্যান্ডে খেলেছেন বলে ইংরেজিতেও সড়গড়। কিন্তু ডিয়েগো ফোরলানের মুখে বাংলা! হ্যাঁ, এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় ফোরলান কাল হাজার চল্লিশেক দর্শককে চমকে দিয়ে চিৎকার করে উঠলেন—জমিয়ে দিন, সারা দিন!আসলে তেমন বিস্ময়েরও কিছু নেই। কলকাতায় এসেছেন, দুটো বাংলা কথা বলতে তো হয়ই। সেই পেলে-ম্যারাডোনা থেকে শুরু করে অলিভার কান, লোথার ম্যাথাউস—বিশ্বসেরাদের কম দেখেনি কলকাতা। কাল যুবভারতী ক্রীড়াঙ্গন আরেক ‘সেরা’ ফোরলানকে দেখল। শুধু দেখাই নয়, উরুগুয়ে তারকাকে খনিকের জন্য খেলোয়াড় হিসেবেও পেল কলকাতার দর্শক।‘মহুয়া বাংলা’ নামের কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন। তাদেরই আয়োজনে গত পরশু বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌঁছে যান মোহনবাগান একাদশ বনাম চ্যালেঞ্জার একাদশ ম্যাচ দেখতে।৭০ মিনিটের এই ম্যাচে ‘চ্যালেঞ্জার’রা হেরে যায় ০-২ গোলে। কিন্তু আকর্ষণের কেন্দ্রে রইল তারাই। প্রথমত, এই দলটির কারিগর ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ব্রাঙ্কো। দিন বিশেক ধরে এই দলটিকে কোচিং করাচ্ছিলেন তিনি।তবে চ্যালেঞ্জারদের নিয়ে আসল আকর্ষণের কারণ, এই দলের ডাগ-আউটে বসে খেলোয়াড়দের পরামর্শ দিচ্ছিলেন ফোরলান। ম্যাচের আনুষ্ঠানিক শুরুও করেন তিনি। বিরতির সময় মাঠে নেমে বলে লাথিও মেরেছেন। এই সময়ই বাংলায় দর্শকদের উদ্দেশে কথা বলে চমকে দিলেন সবাইকে। এত লোকের ‘ফোরলান, ফোরলান’ চিৎকার শুনে নিজেও কি একটু চমকে গেলেন, বিশ্বকাপের আগেও আলোর বাইরে থাকা এই তারকা? তা হবে হয়তো। তাই যাওয়ার আগে সবাইকে বারবার করে ধন্যবাদ জানিয়েছেন এই ভালোবাসার জন্য। ওয়েবসাইট।