'বাজে' বাবা বেকহাম!

খেলোয়াড় হিসেবে ডেভিড বাকহামকে ‘ভালো’র সনদ দেওয়া যেতে পেরে অনায়াসে। কিন্তু বাবা হিসেবে? সেটা বিশ্লেষক কিংবা সমর্থক কারও বিচার করার এখতিয়ার নেই। কেননা, এ অধিকার কেবল তাঁর সন্তানদেরই। সেই সন্তান যদি বেকহামকে ‘ব্যাড ড্যাড’ বলে, তবে চোখ কপালে ওঠাই স্বাভাবিক!
বেকহামের ছেলে রোমিও বাবাকে কেবল ‘খারাপ’ বলেই ক্ষান্ত হয়নি। বাবার ‘বাজে কাণ্ডে’ রীতিমতো কেঁদেকেটে অস্থির! হয়েছে কী, রোমিও একটি ম্যাচ খেলছিল। ওই ম্যাচের রেফারি ছিলেন বেকহাম নিজেই। খেলার একপর্যায়ে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করে বসে রোমিও। সঙ্গে সঙ্গে বাঁশি বেজে ওঠে রেফারির—পেনাল্টি! কিন্তু রেফারি-সত্তা ছাপিয়ে ছেলের কাছে যে বাবা-সত্তার গুরুত্বই বেশি। ফলে বেকহামের ‘নিষ্ঠুরতা’ মেনে নিতে পারেনি রোমিও। মাঠেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলেছে। পুত্রের এমনতর আবেগও স্পর্শ করেনি ‘নির্দয়’ রেফারি বাবাকে। সিদ্ধান্ত অটল রেখে পেনাল্টি বাস্তবায়ন করেছেন।
রোমিওর ভাগ্য অবশ্য সুপ্রসন্ন। পেনাল্টি মিস করে প্রতিপক্ষ। চূড়ান্তভাবে তাঁর দলও জেতে ৫-১ গোল ব্যবধানে। বেকহাম অবশ্য বলেছেন, ‘না চাইলেও রেফারি হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার বিকল্প ছিল না।’ বাবার সিদ্ধান্ত দেখে ছেলে তো হতবাক। বেকহামকে নাকি সে বলেছে, ‘আমার ক্ষেত্রে এমনটা করবে বিশ্বাসই করতে পারছি না, বাবা!’ বলেই সে কি কান্না! বেকহাম অবশ্য একে ইতিবাচকভাবেই দেখছেন, ‘এটি তাঁর জন্য একরকম শিক্ষা। আশা করি, এখান থেকে ও শিখবে।’