লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে টানা তিন সপ্তাহের শুনানির পর অবশেষে দোষী প্রমাণিত হয়েছেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর দায়ে এখন সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে বাট ও আসিফের। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বাট-আসিফ ও আরেক পেসার মোহাম্মদ আমির। এত দিন পর তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন লন্ডনের আদালত। গতকাল এ রায় ঘোষণার পর পাকিস্তানি গণমাধ্যম ও ক্রিকেট সমর্থকদের তীব্র নিন্দা ও সমালোচনার মুখে পড়েছেন এ তিন ক্রিকেটার। তাঁদের এ কেলেঙ্কারি ক্রিকেট বিশ্ব ও গোটা পাকিস্তানের ভাবমূর্তিতে কালিমা লেপন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তাঁরা।করাচির ক্রীড়ালেখক সাদ সাফকাত ক্রিকইনফোতে লিখেছেন, ‘স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত পাকিস্তানের এ তিন ক্রিকেটার গোটা দেশেরই ভাবমূর্তি নষ্ট করেছেন। এটা খুবই দুঃখজনক। বরং দল থেকে তাদের বিদায়ের পর থেকে মাঠে পাকিস্তানের অনেক উন্নতি হয়েছে।’ একই ধরনের অভিমত পাকিস্তানি সংবাদপত্র ডনের পাঠক মোহাম্মদ তাহির জামালির। তিনি লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক। তাদের ক্রিকেট ক্যারিয়ারটা ধ্বংস হলো। পাকিস্তানও তাদের কিছু ভালো খেলোয়াড়কে হারাল। এ ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে দুর্নীতি কীভাবে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।’ তবে দুঃখ প্রকাশ করলেও লন্ডন আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন আরেক পাঠক ওমার। পাকিস্তানের আদালতও একদিন এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলেও আশা করছেন তিনি।দ্য নেশন পত্রিকায় হারুন সিদ্দিকী লিখেছেন, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারি, বহির্বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। তবে আশা করছি এ রায়ের ফলে ভবিষ্যতে আর কোনো খেলোয়াড় এই পথে হাঁটবে না। টাকা কামানোর জন্য এ ধরনের পদ্ধতি বেছে নেওয়া যে কতটা আত্মঘাতী হতে পারে, তা নিশ্চয়ই তারা বুঝতে পারবে।’ বিবিসি অনলাইন।