দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, চ্যাম্পিয়নশিপ লিগে খেলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে। দিনাজপুরের তরুণ হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ৬ অক্টোবর ইরাকে যাচ্ছেন এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে। দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে রীতিমতো রোমাঞ্চিত ভিক্টোরিয়ার মিডফিল্ডার

l মাত্র এক মাসের অনুশীলন করে যাচ্ছেন। টুর্নামেন্টে প্রত্যাশা কী?
হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস: বেশি অনুশীলনের কোনো বিকল্প নেই, সত্যি। তার পরও রেনে কোস্টারের অধীনে যে কদিন অনুশীলন করেছি, ভালোই হয়েছে। আমাদের দলে তকলিচের মতো জাতীয় দলের খেলোয়াড় আছে। ইনজুরির কারণে জাতীয় দলের আরেক খেলোয়াড় সোহেল খেলতে পারছে না। তবে মালেক আছে। সেও জাতীয় দলে খেলেছে। আমাদের লক্ষ্য থাকবে বাছাইপর্ব পার হওয়া।
l লোডভিক ডি ক্রুইফ জাতীয় দলের খেলোয়াড়দের অতিরিক্ত অনুশীলন করিয়ে সাফের আগেই ক্লান্ত করে ফেলেছিলেন বলে অনেকের অভিযোগ। আপনাদের কী অবস্থা?
হেমন্ত: রেনে আমাদের প্র্যাকটিসের আগে প্রতিদিন কী করা হবে, কী হবে না বলে দিতেন। আবার প্র্যাকটিসের মাঝে বলতেন, ‘কারও যদি ক্লান্ত লাগে তাহলে আমাকে বলবে আমি প্র্যাকটিস বদলে দেব।’ আমরা কোনো সময় ক্লান্ত বোধ করিনি।
l ক্রুইফও তো আপনাদের অনুশীলন করিয়েছেন...
হেমন্ত: উনি সময় পেলে আমাদের দেখিয়ে দিতেন। আমাদের কোথায় ভুলত্রুটি হচ্ছে সেগুলো ধরিয়ে দিতেন। উনি আসলে টেকনিক্যাল দিকগুলো দেখাতেন।
l ডাচ দুই কোচের কাছ থেকে কতটুকু শিখতে পেরেছেন?
হেমন্ত: দেখুন, আমাদের সবার বোঝার ক্ষমতা সমান না। সবাই ভালো ইংরেজি বোঝে না। যেটা বুঝতাম না সহকারী কোচ রক্সি স্যার সেটা বুঝিয়ে দিতেন। তবে আমরা প্রায় ৯৯ শতাংশ নিতে পেরেছি।
l কোচ রেনে কোস্টার তো এই দলে অনেক প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড় দেখছেন...
হেমন্ত: তাঁরা আমাদের নিয়ে খুব আশাবাদী। আমরা পাঁচটা ম্যাচ খেলেছি, অনুশীলন করেছি। এসব দেখেই ওনারা আশাবাদী। আমরা ইরাকে গিয়ে ভালো কিছু করে এর প্রমাণ করতে চাই।
l প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের?
হেমন্ত: দুই বছর আগে ইরাকের কাছে ঢাকায় ০-৬ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইরাক খুব শক্ত প্রতিপক্ষ। তবে কুয়েত ও পাকিস্তানের বিপক্ষে জেতার লক্ষ্য থাকবে।
l আপনার বাবা মাইকেল বিশ্বাসও নাকি ফুটবলার ছিলেন?
হেমন্ত: আমাদের পরিবারই ফুটবলময়। বাবা ছাড়াও আমার দুই ভাইও ফুটবলার। বাবাই আমার ফুটবলে হাতেখড়ি দিয়েছেন। বাবা দিনাজপুরের জেলা পর্যায়ে ফুটবল খেলতেন। বাবার মহিলা ফুটবল দল
ছিল। বাবা আমার অধিনায়ক হওয়ার খবরটা শুনে বাকহারা হয়ে গিয়েছিলেন। ফোনে খবরটা শুনে বাবা কেঁদে ফেললেন। বাবা আসলে খেলাপাগল এক মানুষ।
l সেটা কেমন?
হেমন্ত: বাবা খেলা ছাড়া কিছু বোঝেন না। এক দিনও যদি কেউ ফুটবলে লাথি দেয়, তাকে আমার জার্সি, ভাইয়ের বুট দিয়ে ফুটবলে নিয়ে আসেন পরদিন। নিজের টাকা খরচ করে নাশতা করান ওদের। প্র্যাকটিস করান।
l যুদ্ধবিধ্বস্ত ইরাকে যেতে ভয় লাগছে না?
হেমন্ত: একটু তো ভয় লাগছেই। তবে ওরা নিশ্চয়ই তাদের সর্বোচ্চ নিরাপত্তাই দেবে অতিথিদের।
l সাফ ফুটবলে জাতীয় দলের ব্যর্থতায় তো অনেক তোলপাড় হচ্ছে। এটি কি বাড়তি কোনো চাপ?
হেমন্ত: বড় ভাইয়ারা সাফে খারাপ করায় আমাদের খারাপ লেগেছে। আমাদের প্র্যাকটিসের সময়ও বাইরে থেকে অনেকে আজেবাজে কথা বলেছে। আমাদের নিয়ে হাসাহাসি করেছে। এসব খুব খারাপ লেগেছে। এ জন্য আমাদের ভালো খেলাটা আরও বেশি জরুরি।