‘বাবা বলে গেছেন ক্রিকেটার হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রথম বলটা করেই বুঝলেন, ওটা লেগ স্পিন! ফাস্ট বোলিংয়ের স্বর্গভূমিতেও পাকিয়ে উঠল ঘূর্ণিজাদু। শৈশবে হারানো বাবার ইচ্ছাকে বুকে ধরে একটু একটু করে এগিয়েই আজকের দেবেন্দ্র বিশু। তারেক মাহমুদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজ দলের এই লেগ স্পিনার শুনিয়েছেন ক্রিকেটার হওয়ার গল্প, একজন ‘গ্রেট ক্রিকেটার’ হওয়ার স্বপ্নের কথাও বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এলেন। প্রথমবার এসেছিলেন বিশ্বকাপে হঠাৎ ডাক পেয়ে। দুই সফরের মধ্যে পার্থক্য কী?দেবেন্দ্র বিশু: বিশ্বকাপে এসেছিলাম ওয়ানডে খেলতে। এবার টি-টোয়েন্টি ম্যাচ খেললাম, ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজও খেলব। এখন পর্যন্ত উপভোগই করছি সবকিছু। ওয়ানডের পর টেস্ট সিরিজটাও জেতার অপেক্ষায় আছি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হলো বিশ্বকাপে। অভিজ্ঞতাটা কেমন ছিল?বিশু: ওয়েস্ট ইন্ডিজের হয়ে যখনই খেলি, চেষ্টা করি ভালো খেলতে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকেই চেষ্টাটা আছে। অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো বল করে ৩ উইকেট পেয়েছিলাম। বিশ্বকাপের ম্যাচ হওয়ায় অনুভূতিটাও ছিল অসাধারণ। ও রকম একটা শুরু যেকোনো ক্রিকেটারকেই আত্মবিশ্বাসী করে তোলে। তবে আরও ভালো কিছুর জন্য কঠোর পরিশ্রম করতে হবে, খেলাটাকে উপভোগ করতে হবে। এর বিকল্প নেই। মাত্র ৬ টেস্ট আর ১৩ ওয়ানডে খেলা বিশুকে নিয়েই অনেক আলোচনা। খুব কি সহজ মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটটা?বিশু: কোনো আন্তর্জাতিক ম্যাচই সহজ নয়...আমি তা বলব না। এখানে খেলা অনেক কঠিন, তবে ভালো কিছুর জন্য আপনাকে খেলাটা উপভোগও করতে হবে। ক্রিকেটার জীবনে আদর্শ মানেন কাকে?বিশু: সব সময় শেন ওয়ার্নকেই খেয়াল করি। ছোট বেলা থেকেই দেখতাম... অস্ট্রেলিয়ার হয়ে দারুণ খেলছেন। অনেক বৈচিত্র্য আছে বোলিংয়ে, বল হাতে তাঁর কাজগুলো দেখতাম। ওয়ার্নের বোলিং কবে প্রথম দেখেছেন মনে আছে?বিশু: মনে করা কঠিন, আমি তখন খুব ছোট। তবে ওই সময় থেকেই তাঁর বোলিং দেখতে ভালো লাগত। তাঁর বোলিংয়ের কোন দিকটা আপনাকে বেশি আকৃষ্ট করেছিল?বিশু: অনেক বেশি বল ঘোরাতে পারতেন। বৈচিত্র্য ছিল অনেক, স্লাইডার মারতেন ভালো। আসলে সব কিছুই ছিল ওয়ার্নের বলে। ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেন?বিশু: ও রকম কোনো লক্ষ্য নেই। ধাপে ধাপে এগোতে চাই আমি। ওয়েস্ট ইন্ডিজের একজন গ্রেট স্পিনার হওয়াই মূল লক্ষ্য। জানি, প্রতিটি ম্যাচেই উইকেট পাওয়া সম্ভব নয়। তবে বোলিংটা যেন ভালো হয়, ওয়েস্ট ইন্ডিজকে যেন জেতাতে পারি...এটাই লক্ষ্য। ক্যারিয়ারের শুরুর কথা বলুন। ক্রিকেটার হলেন কীভাবে?বিশু: আমি তখন খুব ছোট। স্কুল থেকে ফেরার পর বাড়ির সামনে বাবার সঙ্গে ক্রিকেট খেলতাম। উনি বল করতেন, আমি ব্যাট করতাম। আবার আমি বল করতাম, উনি ব্যাট করতেন। তখন থেকেই স্বপ্ন ক্রিকেটার হব। বাবা ক্রিকেটার ছিলেন না, তবে তাঁরও এটাই আশা ছিল। মাত্র আট বছর বয়সেই এক সড়ক দুর্ঘটনায় আমি বাবাকে হারাই। বেঁচে থাকতে বাবা বলতেন, তুমি ক্রিকেটার হবে। আমি তা-ই হয়েছি। ১১ বছর বয়সে চাচার সঙ্গে রাস্তায় খেলা শুরু করি। আমার ক্লাব আলবিয়নও ছিল ওখানেই...গায়ানার বারবিসে। বাবাকে হারানোর পর এমন কারও সাহচর্য কি পেয়েছিলেন, যে আপনাকে এই পর্যায়ে আসতে সাহায্য করেছে?বিশু: ১১ বছর বয়সে যখন প্রথম আলবিয়ন ক্লাবে যাই, তারেক আজিজ নামে ওখানকার এক কোচ জিজ্ঞেস করলেন, আমি বল করতে পারি কি না। বললাম, ‘পারি’। উনি আমার হাতে একটা বল দিলেন, প্রথম বলটা হলো অসাধারণ। উনি বললেন, ‘গুড বল’। অথচ ওই বয়সে আমি ক্রিকেটটা ভালোভাবে বুঝতামই না! কোচের মুখে ওই কথা শোনার পর ভালোভাবে অনুশীলন শুরু করলাম। বারবিস অনূর্ধ্ব-১৫ দলে খেললাম, অনূর্ধ্ব-১৯ দলে খেললাম। পরিশ্রম আরও বাড়িয়ে দিই তখন। কারণ আমি জানতাম, অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটের সঙ্গে বড়দের ক্রিকেটের পার্থক্য বিশাল। আমি আলবিয়নের ম্যানেজার ব্রেমেন ওয়াল্টনের প্রতিও যথেষ্ট কৃতজ্ঞ। তিনি একই সঙ্গে আমার ম্যানেজার, কোচ, আমার বাবা, ভাই—যা-ই বলুন না কেন। আমার ক্রিকেটার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, অসাধারণ এক মানুষ। ক্রিকেট নিয়ে সব কথাই হয় তাঁর সঙ্গে। বাংলাদেশে এসেও প্রায় প্রতিদিনই টেলিফোনে কথা বলছি। তিনি সব সময়ই চাইতেন আমি বেশি বেশি অনুশীলন করি, খেলি। অসুস্থ হয়ে কোনো দিন ক্লাবে না গেলে খোঁজ নিতে বাড়ি চলে আসতেন। কী বলব...বাবার মৃত্যুর পর থেকে তিনিই আমার বাবা। আমি ভালো খেললে তিনি গর্বিত হন। যদিও উনি বয়সে অনেক তরুণ, ৩৩-৩৪ বছর বয়স হবে। বাবা তো নেই। পরিবারে আর কে কে আছে?বিশু: আমার আর কোনো ভাই-বোন নেই। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্টে আমাকে বড় করেছেন। আমার মতো উনিও কখনো হাল ছাড়েননি। সব সময়ই তাঁকে পাশে পেয়েছি। এখন সেই কষ্টের সুফল পাচ্ছি। আমার ক্রিকেট খেলা ছাড়া পরিবারের আর কোনো আয়ের পথও নেই।* ক্যারিবিয়ান থেকে লেগ স্পিনার হওয়াটা একটু অস্বাভাবিক না? পেস বোলারদের জন্যই তো বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ...বিশু: এটা স্বভাবজাতভাবেই হয়েছে। জীবনে প্রথম যে বলটা করি, ওটাও ছিল লেগ স্পিন। লেগ স্পিন করতে ভালো লাগত। আর এখন আমাদের ওখানে স্পিনাররাই ভালো করছে। গায়ানায়া জন্ম নেওয়াটাও বোধ হয় একটা কারণ। ওখানকার উইকেটে তো স্পিনারদের একটু সাহায্য করে বলেই শুনেছি...বিশু: হতে পারে। মহেন্দ্র নাগামুটু গায়ানা থেকে এসেছিলেন। ল্যান্স গিবস, ক্লাইড বাটস, রজার হার্পার, কার্ল হুপার—সবাই গায়ানা থেকে আসা ক্রিকেটার। টেলিভিশনে তাদের দেখে দেখেই বড় হয়েছি। এখন তো আপনিও তাদের মতো একজন তারকা। কেমন লাগে?বিশু: কখনোই চিন্তা করিনি একদিন শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে একই দলে খেলব। ছোটবেলায় তাদের খেলা দেখতাম, পছন্দ করতাম—ওই পর্যন্তই ছিল। এখন খেলছি এবং উপভোগও করছি। ক্যারিয়ারের শেষে কোথায় দেখতে চান নিজেকে?বিশু: আগেই বলেছি, আমি ওয়েস্ট ইন্ডিজের একজন গ্রেট ক্রিকেটার হতে চাই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো খেলতে চাই। ক্যারিয়ার শেষে যেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমার রেকর্ডটা ভালো থাকে। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পাইনি। তার পরও কখনো আশা ছাড়িনি। এখন তো ঠিকই জাতীয় দলে খেলছি! কাজেই আমি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগোই না। ক্যারিয়ার শেষে অত উইকেট পেতে হবে বা অমুক জায়গায় থাকতে হবে, এ রকম কোনো চিন্তা নেই। শুধু ভালো খেলে যেতে চাই। ক্রিকেটের বাইরে আর কিসে আগ্রহ আছে?বিশু: খেতে খুব ভালোবাসি। পছন্দের খাবার চিকেন কারি। বাংলাদেশের খাবারও বেশ মজার, অনেকটা ইন্ডিয়ান খাবারের মতো। এ ছাড়া শপিং করতে ভালো লাগে।