এমন শোকের দিন আসবে জানত কারলোতা ও আদ্রিয়া। সেটি এত তাড়াতাড়ি চলে আসবে ভাবেনি ওরা। বাবাকে আড়াই বছর লড়তে
দেখেছে ক্যানসারের সঙ্গে। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মেনে বাবা চলে গেলেন না ফেরার দেশে। এত দিন মাথার ওপরে ছায়া হয়ে
ছিলেন যিনি, পরশু সেই টিটো ভিলানোভাকেই চিরবিদায় জানাল তাঁর দুই সন্তান, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। শেষকৃত্যানুষ্ঠানে ছিলেন
বার্সেলোনার খেলোয়াড়েরাসহ সাবেক কোচদের অনেকেই।
জীবনের বায়োস্কোপে সন্তানের কাছে বাবাই সবচেয়ে আপনজন। সারা জীবনের নায়ক। ১৯ বছর বয়সী ভিলানোভা-কন্যা কারলোতা সেই
জানা কথাই যখন বললেন, চোখের পানি ধরে রাখা অসম্ভব হয়ে পড়ল জাভিদের। ‘বাবাই আমাদের নায়ক। আমরা সব সময় তাঁকে
অনুসরণ করে এসেছি। আমার প্রথম ভালোবাসাও বাবা। আমাকে এক দিন বাবা বলেছিলেন, অসুখী হয়ে কাটানোর জন্য জীবনটা খুবই
ছোট’—বলতে বলতে বাষ্পরুদ্ধ হয়ে এল শোকে কাতর ভিলানোভা-কন্যার কণ্ঠ।
বার্সার কোচ হওয়ার পথে যে ফুল ছড়ানো ছিল না, কারলোতা মনে করিয়ে দিলেন সেটিও, ‘কোনো কিছুই বাবার কাছে আকাশ
থেকে নেমে আসেনি। ফুটবলের জন্য বাবার ভালোবাসা, পরিশ্রম, আত্মত্যাগ—এসব কিছুর কারণে বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্ন পূরণ
হয়েছিল তাঁর। বাবার হূদয়ে সব সময় এই দলটাই ছিল।’
১৭ বছর বয়সী ছেলে আদ্রিয়া এর মধ্যেই বার্সার যুবদলে ডিফেন্ডার হিসেবে আলো ছড়িয়েছে। বাবাই ওর জীবনের ধ্রুবতারা। শোক
অনুষ্ঠানে সেটিই বলল আদ্রিয়া, ‘বাবা আমাকে যা শিখিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ। ১৭ বছরের জীবনটাই আমাকে দেওয়া তোমার
সেরা উপহার। আমি আমার সব সাফল্য তোমাকে উৎসর্গ করছি। তোমার স্মৃতি আমাকে সব বাধা-বিপত্তি কাটাতে সাহায্য করবে।
তুমিই আমার রক্ষাকারী অভিভাবক।’
মেসি, জাভি, ইনিয়েস্তা, নেইমারসহ প্রায় সব বার্সেলোনা খেলোয়াড়ই এসেছিলেন অনুষ্ঠানে। মোনাকো থেকে উড়ে আসেন এরিক
আবিদাল। ছিলেন সাবেক বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস। এক হাজার ৫০০ অতিথির অনুষ্ঠান গমগম করার কথা, কিন্তু শোকের এই
দিনের সবারই মুখ মলিন, মনে ব্যথা। শহরের বড় দুটি পর্দায় সরাসরি দেখানো হয়েছে এই অনুষ্ঠান। যাঁরাই তাতে চোখ রেখেছেন,
নিজেকে সামলাতে পারেননি। এমন মৃত্যু যে মেনে নেওয়া কঠিন। এএফপি ও ওয়েবসাইট।