ঢাকার ফুটবলে এখন আফ্রিকান ফুটবলারদের ছড়াছড়ি। হাতে গোনা হলেও ইউরোপিয়ান-লাতিন আমেরিকান ফুটবলারও আছেন। এবার পাওয়া গেল ভারতীয় ফুটবলার। পরশু উত্তর বারিধারার হয়ে খেললেন পশ্চিমবঙ্গের স্ট্রাইকার ফাইয়াজ আলম। ২৭ বছর বয়সী বাঙালি ফুটবলার দলটির অবনমন বাঁচাতে চান

বাংলাদেশে খেলার আগ্রহ জন্মাল কেন আপনার?
ফাইয়াজ আলম: আমার বাংলাদেশে আসার পেছনে বারিধারার কোচ দেলোয়ার ভাইয়েরই সবচেয়ে বড় অবদান। উনি প্রায়ই ভারতে বেড়াতে যান। একবার আমার খেলা দেখেছিলেন কলকাতায়। কিছুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে বললেন, ‘খেলবে ঢাকায়’? প্রস্তাবটা পেয়ে ভালোই লাগল। আমি একজন বাঙালি বলেই বাংলাদেশে খেলার ব্যাপারে আগ্রহ জন্মাল। এখানে টাকাও ভালোই পেয়েছি।
লিগে মাত্র দুটি জয় বারিধারার। জেনেশুনেই এই দলে খেলতে এলেন?
ফাইয়াজ: হ্যাঁ, সব জেনেই এসেছি। গত সপ্তাহে এলেও প্রথম ম্যাচ খেললাম বিজেএমসির বিপক্ষে। আগের দুই ম্যাচে দর্শক হয়ে খেলা দেখেছি। বারিধারার খেলা দেখে আমার কাছে মনে হয়েছে, এই দলে ভালো স্ট্রাইকারের অভাব। তবে কেনিয়ার টিয়েগো এবং আমি যখন এসে গেছি, আশা করি পরের ম্যাচগুলোতে কোনো সমস্যা হবে না। আমরা এই দলটাকে অবনমনের হাত থেকে বাঁচাব।
এটাও নিশ্চয়ই শুনেছিলেন যে প্রথম পর্বে বিজেএমসির কাছে ৭ আর শেখ জামালের কাছে ৮ গোল খেয়েছিল দলটি?
ফাইয়াজ: প্রথম পর্বে কী হয়েছে সেটা ভেবে লাভ নেই। এখন আমাদের বাকি ম্যাচগুলো ভালো খেলতে হবে। লিগের এখনো অনেক বাকি। এখনো অনেক কিছুই ঘটতে পারে।
ভারতে বেশির ভাগ তরুণই ক্রিকেটার হতে চান। আপনি ফুটবলার হলেন...
ফাইয়াজ: দেখুন, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার দাদা মোহাম্মদ শামীম ভারতের জাতীয় দলে খেলেছে। আমার পরিবারের সবাই ক্রিকেটের চেয়ে ফুটবলই বেশি ভালোবাসে। ছোটবেলা থেকে আমিও স্বপ্ন দেখতাম ফুটবলার হব। ভারত জাতীয় দলে খেলব। খিদিরপুরে আমাদের বাড়ির পাশে বড় মাঠ আছে। সেই মাঠেই বল নিয়ে ছোটাছুটি করতাম। এভাবেই ফুটবলার হয়ে গেলাম।
এখানে আসার আগে কোথায় খেলতেন?
ফাইয়াজ: আমি এর আগে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবে খেলেছি। এই দলটা একসময় আইলিগে খেলত। সেটা প্রায় পাঁচ বছর আগের কথা। এখন দলটা বড় অর্থকষ্টে ভুগছে। কলকাতা ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলছে।
বাংলাদেশের ফুটবল সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে আপনার?
ফাইয়াজ: কলকাতায় যেমন মোহনবাগান-ইস্ট বেঙ্গল, এখানেও আবাহনী-মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বী। কলকাতা থাকতেই সেটা শুনেছি। ঢাকায় এসেই দুই দলের ম্যাচ দেখলাম টিভিতে। এ ছাড়া আমি গত আইএফএ শিল্ডের সব খেলা টিভিতে দেখেছি। ওখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুর্দান্ত খেলেছে। ওরা চ্যাম্পিয়নই হতে পারত। নেহাত দুর্ভাগ্য। ভারতে গিয়ে একটা দল দুর্দান্ত খেলছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্যই গর্ব করার মতো ব্যাপার।
কলকাতায় খেলেন বলেই বলছি, কখনো বাইচুং ভুটিয়ার সঙ্গে দেখা হয়েছে?
ফাইয়াজ: একবার দেখা হয়েছিল। সল্ট লেকের এক ফ্ল্যাটে আমার দাদা মোহাম্মদ শামীমের সঙ্গে উনি থাকতেন। আমার সঙ্গে সেবার পরিচয় করিয়ে দিয়েছিলেন। বললেন, ও আমার ছোট ভাই।