‘বার্সা নয়, ম্যানচেস্টার ইউনাইটেডই সেরা’
গত মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপিয়ান ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিল বার্সেলোনা। সে সময় অনেক ফুটবল বিশেষজ্ঞই বার্সেলোনাকে ‘এ দশকের সেরা ফুটবল দল’ হিসেবে আখ্যায়িত করেছিল। তবে তার পরও বার্সেলোনা নয়, ম্যানচেস্টার ইউনাইটেডকেই সেরা বলে মনে করছেন উইগান অ্যাথলেটিকের কোচ রবার্তো মার্টিনেজ।সম্প্রতি টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্টিনেজ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড অনেক দিক দিয়েই বার্সেলোনার চেয়ে সেরা। শুধু একটা ম্যাচে মুখোমুখি ফলাফল দিয়ে কে ইউরোপসেরা তা বিচার করা যায় না। আমি মনে করি, অনেক দিক দিয়েই ম্যানইউ এগিয়ে আছে।’ তবে বার্সেলোনার খেলার ধরনটাও যে কারও সঙ্গে তুলনা করা যায় না, সেটাও স্বীকার করেছেন উইগান কোচ। তিনি বলেন, বার্সা খুবই অনন্য পদ্ধতিতে খেলে। অন্য কোনো দলকে এ রকমভাবে খেলতে দেখা যায় না। তাদের সঙ্গে কারও তুলনা করাটা অসম্ভব।গত মৌসুমে বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন ধূলিসাত্ হয়ে গেলেও এ বছর মৌসুম শুরুর আগে একটি প্রীতি ম্যাচে কাতালানদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা পাঁচটি জয় দিয়ে এবারের মৌসুমের শুরুটাও দুর্দান্তভাবেই করেছে ফার্গুসনের শিষ্যরা। এখন গতবারের প্রিমিয়ার লিগ শিরোপাজয়ীরা তাদের ট্রফি কেসে ইউরোপসেরার মুকুটটা তুলতে পারে কিনা, সেটাই দেখার বিষয়।— ইএসপিএন