‘বার্সাই এগিয়ে ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমটি যেন পরিণত হয়েছে ‘এল ক্লাসিকো’র মৌসুমে। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াইটা সাধারণত প্রতি মৌসুমে অনুষ্ঠিত হয় দুইবার। এবার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই স্প্যানিশ জায়ান্টের দ্বৈরথটা ফুটবলভক্তরা দেখতে পাবেন পাঁচবার। গত নভেম্বরে প্রথম লড়াইয়ে বার্সা পেয়েছিল ৫-০ গোলের বিশাল জয়। আর গতকাল দ্বিতীয় লড়াইয়ে রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে কোনোমতে পয়েন্ট ভাগাভাগি করতে পেরেছেন মরিনহোর শিষ্যরা। এদিকে এই ১-১ গোলের ড্র নিয়ে কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না জাভি। বার্সেলোনাই সবদিক দিয়ে এগিয়ে ছিল এবং জয়টা তাদেরই প্রাপ্য ছিল বলে মত দিয়েছেন এই বার্সা মিডফিল্ডার।বার্নাবুতে গতকাল প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডার রাউল আলবিওল মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। ৫৩ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৮২ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে স্বস্তির গোল এনে দেন রোনালদো। ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক এগিয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যে তিনটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলাম না, এটা লজ্জাজনক। এই জয় দিয়ে আমরা লিগ শিরোপাটা নিশ্চিত করে ফেলতে পারতাম।’ তবে লা লিগার গতকালের খেলায় জয় না পেলেও লিগ শিরোপার দৌড়ে অনেকখানিই এগিয়ে আছে গতবারের শিরোপাজয়ীরা। ৩২ ম্যাচ পর ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসি-জাভিরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে ৮ পয়েন্টের ব্যবধানে।আর দুই দিন পর কিংস কাপের শিরোপা জয়ের লড়াইয়ে ভ্যালেন্সিয়ায় আবার মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও রিয়াল যেভাবে খেলায় ফিরে এসেছে, তাতে বুধবারের ওই লড়াইয়ে মানসিকভাবে রিয়ালই অনেক এগিয়ে থাকবে বলে মনে করছেন অনেকে। তবে এতে অবশ্য একমত হতে পারছেন না বার্সা মিডফিল্ডার জাভি। তিনি বলেছেন, ‘মাদ্রিদ কোনোভাবেই বেশি শক্তিশালী হিসেবে হাজির হবে না। আমরাই সেরা। আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। তিন পয়েন্ট না পেলেও আমরা একটা ইতিবাচক অনুভূতি নিয়েই খেলা শেষ করেছি। পুরো খেলাটায় আমাদের নিয়ন্ত্রণ ছিল। আমরা আমাদের রক্ষণভাগটা ভালোমতোই সামলেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে খেলাটা হাত থেকে বেরিয়ে গেছে।’ সকারনেট।