‘বার্সার ইতিহাসে অন্যতম সেরা জয়’
প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হার। তবে দ্বিতীয় লেগে মিলানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। নু ক্যাম্পে গতকাল রাতে পাওয়া এই জয়কে বার্সার ইতিহাসে ‘অন্যতম সেরা জয়’ হিসেবে আখ্যায়িত করেছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।‘আজ পর্যন্ত এটা ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা জয়। আশা করছি, এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের সহায়তা করবে। দল অসাধারণ খেলেছে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছি।’ ক্লাবের ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন ইনিয়েস্তা।ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। প্রথম গোলটি করেন ৫ মিনিটে, দ্বিতীয়টি ৪০ মিনিটে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ডেভিড ভিয়া ও জর্ডি আলবা।বার্সার জয়ের নায়ক লিওনেল মেসির প্রতিক্রিয়া, ‘সত্যি, এমন রাতই প্রয়োজন ছিল আমাদের। আমরা শুধু একটা জয়ই পাইনি, আমাদের সবকিছু ঠিকঠাক হয়েছে।’আর্জেন্টাইন সুপারস্টার বলেন, ‘যত দ্রুত সম্ভব, গোল চেয়েছিলাম আমরা। এর কারণ শুধু গোলের ঘাটতি পূরণ নয়, সমর্থকদের বোঝানো যে ভালো কিছুই ঘটতে চলেছে। আমি খুশি, সেটা করতে পেরেছি।’ সূত্র: গোল ডটকম।