‘বার্সার পরামর্শ লাগবে না ম্যানসিটির’
২০০৭ থেকে ২০১০। ইয়াইয়া তোরে চার বছর খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। এখন খেলছেন ম্যানচেস্টার সিটিতে। বার্সা ছাড়লেও ন্যু ক্যাম্পের সঙ্গে তাঁর যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে—এমনটা ভাবার কোনো কারণ নেই। বার্সেলোনার অনেক খেলোয়াড়ের সঙ্গেই তোরের যোগাযোগটা এখনো অটুট। কানাঘুষা চলছে, চ্যাম্পিয়নস লিগে আজ রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে তোরে হয়তো বার্সেলোনার অনেকের কাছেই পরামর্শ নেবেন। তবে আইভরি কোস্টের এই তারকা মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে তাঁর সাবেক বার্সেলোনা-সতীর্থদের কাছ থেকে কোনো পরামর্শের প্রয়োজন নেই ম্যানচেস্টার সিটির।বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে অটুট যোগাযোগের ব্যাপারটি জানিয়েছেন তোরে নিজেই। তবে রিয়াল-বার্সা পুরোনো দ্বৈরথের সূত্র ধরে ম্যানচেস্টার সিটি বার্সেলোনার কাছ থেকে পরামর্শ নেবে—এমন কিছু ভাবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তোরে।২৯ বছর বয়সী তোরে জানান, রিয়ালকে হারানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত করেছে সিটি। ফুটবলারদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। বার্নাব্যুতে জয় পাওয়াটা হবে অসাধারণ এক অভিজ্ঞতা। জয় পেতে হলে পুরো মনোযোগ দিয়ে খেলতে হবে ম্যাচের একেবারে প্রথম সেকেন্ড থেকে।সিটির মিডফিল্ডার মনে করেন, রিয়ালের মূল শক্তিটা মিডফিল্ডে। তাই সিটির মূল চ্যালেঞ্জটা এখানেই। তোরে বলেন, ‘আমি মনে করি, জাভি আলোনসো, মেসুত ওজিল ও স্যামি খেদিরার সঙ্গে মিডফিল্ডে জেতাটাই প্রধান চ্যালেঞ্জ। এটাই ম্যাচের মূল ব্যাপার হয়ে দাঁড়াবে।’ সূত্র: গোল ডটকম।