'বার্সার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না রিয়াল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় নিবন্ধন ও দলবদল-সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ এনে শাস্তি দিয়েছে ফিফা। শাস্তি অনুযায়ী দুটি ট্রান্সফার উইন্ডোতে কোনো খেলোয়াড় কিনতে বা বেচতে পারবে না বার্সা। এ ঘটনায় ‘ষড়যন্ত্রে’র গন্ধ পেয়েছেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি সরাসরি কোনো নাম উল্লেখ না করলেও বার্সার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ মানেই সমর্থকদের মনে চলে আসতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের নাম। রিয়াল কর্তৃপক্ষ অবশ্য দ্রুতই জানিয়েছে, বার্সার বিরুদ্ধে ষড়যন্ত্র-টড়যন্ত্রে তারা নেই।
রিয়ালের সহসভাপতি পেদ্রো লোপেজ জিমেনেজ ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’তে আছেন বলেই হয়তো বার্সা-শিবির এর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে। গতকাল বার্সা সভাপতি জানিয়েছিলেন, নাম প্রকাশ না করা এক ক্লাবের অভিযোগের ভিত্তিতেই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। বার্সা সভাপতির অভিযোগ, বার্সাকে দুর্বল করে তুলতেই এই ‘চক্রান্ত’। এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এল, যখন আগামী দলবদলের মৌসুমেই বার্সাকে ভিক্টর ভালদেস আর কার্লোস পুয়োলের বিকল্প খেলোয়াড় কিনতেই হতো। অথচ নিষেধাজ্ঞার কারণে আগামী মৌসুমে কোনো খেলোয়াড়ই কিনতে পারবে না বার্সা।
তবে এসবের পেছনে রিয়ালের কোনো হাত নেই বলেই দাবি করেছেন পেদ্রো লোপেজ। রিয়ালের সহসভাপতি জোর দিয়েই বলেছেন, ‘বার্সাকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাতে রিয়াল মাদ্রিদ কিংবা ফিফার একজন সদস্য হিসেবে আমার কোনো সম্পর্কই নেই। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আমার সদস্যপদের সঙ্গে ফ্লোরেন্তিনো পেরেজ ও মাদ্রিদের কোনো সম্পর্ক নেই। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই আমি ফিফার ওই সদস্যপদ পেয়েছি, বার্সেলোনাও যে সংস্থাটির সদস্য।’
ফিফার সেই কমিটির সদস্য হিসেবে বার্সেলোনাকে নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ারও তাঁর নেই বলেই জানিয়েছেন তিনি, ‘এটা পরিষ্কার করে বলতে চাই, বার্সাকে নিষেধাজ্ঞা জারির কোনো ক্ষমতা নেই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির। আমাদের কাজ শুধু হাতে আসা তথ্যপ্রমাণ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা। বার্সেলোনার এই নিষেধাজ্ঞার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
বার্সেলোনা জানিয়েছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা আবেদন করবে।