‘বার্সা’ হতে চায় না ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় পুরো বিশ্বকে মোহাবিষ্ট করে রেখেছিল তারাই। ফুটবলের রংই ছিল হলুদ। সবাই তখন ব্রাজিলই হতে চাইত। এখন সেই সময়টাই কাটাচ্ছে বার্সেলোনা। এখন বার্সাই বাকি সবার জন্য আদর্শ। কিন্তু ব্রাজিল তো অন্য কাউকে অনুসরণ করতে পারে না। ব্রাজিলের অহংয়ের সঙ্গে তা যায়ও না। আর তাই কিছুদিন ধরে ওঠা আলোচনাটা দায়িত্ব নিয়েই থামিয়ে দিলেন লুই ফেলিপে স্কলারি। আরেক মেয়াদে ব্রাজিল দলের কান্ডারি হওয়া ‘বিগ ফিল’ স্পষ্ট করেই জানিয়ে দিলেন, তাঁর দলকে বার্সেলোনার মতো তিনি খেলাবেন না।ব্রাজিলের উচিত বার্সেলোনাকে অনুসরণ করা—এমনই মত দিয়েছিলেন কেউ কেউ। যাঁদের মধ্যে সাবেক মহাতারকা রোনালদোও ছিলেন। সত্তরের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কার্লোস আলবার্তো তো পেপ গার্দিওলাকে কোচ করে আনার পক্ষেও ছিলেন। কিন্তু স্কলারি বলছেন, ‘আমরা যদি ইনিয়েস্তা-মেসি এবং বার্সায় যারা খেলে, তাদের আনতাম, তাহলেই হয়তো আমরা বার্সার মতো খেলতাম। কিন্তু এটা আমাদের বৈশিষ্ট্য নয়। আমাদের এমন একটা দল দরকার, যারা ভালো ফুটবল খেলবে, কিন্তু সেটা অবশ্যই আমাদের খেলার বৈশিষ্ট্য মেনেই।’ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন তিনিই। পরে পর্তুগালের কোচ হিসেবেও সফল ছিলেন। কিন্তু ২০০৮ সালে চেলসির কোচ হওয়াটাই যেন তাঁর কাল হয়। কোথায় যেন জাদুটা হারিয়ে ফেলেন। সর্বশেষ ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়েও ব্যর্থ হয়েছেন। বেকার বসে ছিলেন। স্কলারির মতো কোচ বেকার থাকেন কী করে! আর তাই কপাল পুড়েছে মানো মেনেজেসের।মেনেজেসকে ছাঁটাই করেছেন আসলে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি হোসে মারিয়া মারিন। মারিন নাকি রোনালদিনহোকে দলে চেয়েছিলেন। মেনেজেস রাজি হননি। নেইমার-অস্কারদের নিয়ে গড়া তরুণ দলটাকেই ভালোভাবে গুছিয়ে এনেছিলেন। স্বাভাবিকভাবে স্কলারির ওপরও চাপ থাকবে রোনালদিনহোকে নেওয়ার ব্যাপারে। স্কলারিও ইঙ্গিত দিয়েছেন অভিজ্ঞদের ফিরিয়ে আনার, ‘অবশ্যই আমরা একেবারে শূন্য থেকে শুরু করব না। আমাদের দলটা তরুণ, সেই সঙ্গে এমন অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা দলে ফিরতে পারে।’ অবশ্য এও বলছেন, এই দলে অভিজ্ঞতার ঘাটতি তিনি দেখেন না, ‘আমাদের সেরা সেরা খেলোয়াড় আছে। আমি অভিজ্ঞতার ঘাটতির ব্যাপারটা মানতে রাজি নই। আমাদের দলের মান অনেক। শুধু একটারই অভাব বোধ করছি—শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলা, যেখানে খেলোয়াড়দের অবস্থাটা ভালো বোঝা যেত।’ স্কলারিকে সহায়তা করতে ১৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পাহেইরা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছেন। ৬৯ বছর বয়সী পাহেইরা আর ৬৪ বছর বয়সী স্কলারিকে মিশে যেতে হবে ২০-২৫ বছর বয়সীদের সঙ্গে। পাহেইরার সঙ্গে স্কলারির টানাপোড়েনও দেখা দিতে পারে বলে কারও কারও আশঙ্কা। ম্যারাডোনার সঙ্গে কার্লোস বিলার্দোর যেমনটা হয়েছিল গত বিশ্বকাপে। কিন্তু পাহেইরা স্পষ্ট করে বলছেন, ‘আমার ভূমিকা সমন্বয়কের, কোচ সে-ই। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার থাকবে কোচের ওপরেই।’ এএফপি।