‘বার্সেলোনা এগিয়ে যাবে দুর্বার’
পেপ গার্দিওলা এই মৌসুম শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঘোষণা কাঁদিয়েছে বার্সার লাখো-কোটি ভক্ত সমর্থককে, আবেগে ভাসিয়েছে মেসি-পুয়োল-ইনিয়েস্তা-জাভিদের। কিন্তু ৪১ বছর বয়সী এই কোচ, যিনি তাঁর সময়ে বার্সেলোনাকে এনে দিয়েছেন সম্ভব সব ধরনের সাফল্য, মনে করেন তাঁর অনুপস্থিতিতেও কাতালানরা সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।গার্দিওলার মতে, তাঁর সময়ে কেবল বার্সেলোনার এই স্বপ্নের দলের ক্ষমতা আবিষ্কৃত হয়েছে, এই দল তরুণ, প্রতিভাবান। এই দল ভবিষ্যতে আরও বড় বড় সাফল্য তাদের ভক্ত সমর্থকদের উপহার দেবে।গার্দিওলা সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বার্সেলোনা তাঁর উত্তরসূরি বানিয়েছে সহকারী কোচ টিটো ভিলানোভাকে। দীর্ঘদিন গার্দিওলার সহকারী হয়ে কাজ করার সুবাদে বার্সেলোনার খেলোয়াড়দের নাড়ি-নক্ষত্রই চেনেন তিনি। ব্যাপারটি বলেছেন গার্দিওলা নিজেও। ‘টিটো খেলোয়াড়দের খুব ভালো চেনে। আমি মনে করি, টিটোর অধীনে বার্সেলোনা তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’ গার্দিওলা মুগ্ধ সবার আবেগের বহিঃপ্রকাশ দেখে। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, যাঁরা তাঁর প্রতি আস্থা রেখেছেন, তাঁর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে। তিনি বলেছেন, ‘পুরো ব্যাপারটি আমাকেও আবেগে ভাসিয়েছে। সবাই আমাকে এত্ত ভালোবাসে! তিনি কিছুটা রসিকতা করেই বলেছেন, ‘সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি মরে যাইনি। এখনো বেঁচে আছি। বার্সেলোনার কোচের পদ থেকে বিদায় নিলেও আমি সবার চোখের সামনেই থাকব।’ ওয়েবসাইট।