‘বার্সেলোনা মেসিনির্ভর দল নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের এর গোল করে বার্সেলোনার ট্রফি কেস ভারী করে চলেছেন লিওনেল মেসি। কাতালানদের জার্সি গায়ে গোল করাটা যেন একটা অভ্যাসেই পরিণত হয়েছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। তবে বার্সার শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোলের দেখা পাননি ফিফার এই বর্ষসেরা ফুটবলার। বার্সেলোনাও চেলসি ও রিয়াল মাদ্রিদের কাছে পেয়েছে হারের স্বাদ। এরপর অনেকেই বলা শুরু করেছেন যে মেসির পারফরমেন্সের ওপরে বার্সেলোনাকে অনেকখানি নির্ভর করতে হয়। তবে এ ধরনের কথার সঙ্গে একেবারেই একমত হতে পারছেন না জেরার্ড পিকে। মেসি গুরুত্বপূর্ণ হলেও তাঁর ওপরে বার্সেলোনা নির্ভরশীল না বলে মন্তব্য করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।বার্সেলোনার বর্তমান দলের আটজনই ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য। এ থেকে এই স্প্যানিশ জায়ান্টদের শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালোই অনুমান করা যায়। পিকেও সেই কথাটা স্মরণ করিয়ে দিলেন যে বার্সেলোনা কোনো ব্যক্তিনির্ভর দল না এবং শুধু মেসিকে নিষ্ক্রিয় করে রাখলেই তাদের রুখে দেওয়া সম্ভব না। তিনি বলেছেন, ‘প্রতিপক্ষ দলগুলো আমাদের আক্রমণভাগ সম্পর্কে জানে। মেসি দলকে অনেক সাহায্য করে। কিন্তু আমাদের আরও খেলোয়াড় আছে যারা গোল করতে পারে ও দলকে জেতাতে পারে। আমি কোনো মেসি-নির্ভরতায় বিশ্বাস করি না।’আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার মিশন নিয়ে চেলসির মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম একাদশে জায়গা না পেলেও আজকের ম্যাচে আবার প্রথম একাদশে ফেরার ব্যাপারে আশাবাদী পিকে। চেলসির তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার মুখোমুখি হওয়ার সুযোগটা পাবেন বলেই মনে করছেন বার্সেলোনার এই ডিফেন্ডার। তিনি বলেছেন, ‘আমি অনেকবারই দ্রগবার মুখোমুখি হয়েছি। তিনি আমার দেখা অন্যতম সেরা খেলোয়াড়। আমার মনে হয় আজকের দ্বৈরথটা খুব কঠিনই হবে। আর যদি আমি মাঠে থাকি, তাহলে তো অবশ্যই।’ ওয়েবসাইট