‘বায়ার্নকে মাথা ঠান্ডা রাখতে হবে’
অ্যালিয়ানজ এরিনায় রিয়ালের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখ। সেই জয়ে এক ধাপ এগিয়ে থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। এ মহারণকে সামনে রেখে সাবেক জার্মান ও বায়ার্ন অধিনায়ক অলিভার কান তাঁর দলের খেলোয়াড়দের মাথা ঠান্ডা রেখে বার্নাব্যুতে রিয়ালের মোকাবিলার আহ্বান জানিয়েছেন।মিউনিখে ২-১ গোলের জয় বায়ার্নকে আজকের ম্যাচে দারুণ সুবিধা দেবে। তবে কান চিন্তিত বার্নাব্যুর দর্শকদের নিয়ে। একটি বৈরী পরিবেশে বায়ার্ন মিউনিখকে খেলতে হবে—ব্যাপারটি মাথায় রেখে পূর্ণ মনোযোগ ধরে রাখার ওপর জোর দিয়েছেন কান। তিনি বায়ার্নের খেলোয়াড়দের আজকের ম্যাচ নিয়ে বাড়তি কোনো চাপ না নেওয়ার জন্য বলেছেন। সেই সঙ্গে বলেছেন একে আর দশটি ম্যাচের বাইরে অন্য কিছু মনে না করতে।‘মিউনিখে দল যা খেলেছিল, সেটার ধারাবাহিকতা যদি আজ বার্নাব্যুতে বায়ার্ন ধরে রাখতে পারে, তাহলে রিয়ালকে হারানো কঠিন কিছু হবে না। আশা করছি বায়ার্ন মিউনিখ কাউকে হতাশ করবে না।’ কানের মন্তব্য।প্রতিপক্ষ রিয়াল সম্পর্কে নিজের পুরোনো দলকে সাবধান করে দিয়েছেন অলিভার কান। তিনি বলেছেন, রিয়ালের খেলোয়াড়দের ম্যাচের ভাগ্য নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়ার অসম্ভব ক্ষমতা রয়েছে। তাদের হোম ম্যাচগুলোতে তারা অতুলনীয়।বায়ার্ন মিউনিখও যে খুব একটা পিছিয়ে আছে—তা মনে করেন না অলিভার কান। তাঁর মতে, আজকের ম্যাচ কোন দিকে যাবে, তা আগের চেয়ে বলা কোনোভাবেই সম্ভব না। আজকের ম্যাচে অবশ্যই পরিষ্কার কোনো ফেবারিট নেই।