‘বিগ থ্রি’র সামনে ইতিহাসের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার—কে জিতবেন এবারের ফ্রেঞ্চ ওপেন? সম্ভাবনায় হয়তো আরও অনেকেই আছেন, কিন্তু এই তিনজনের নাম নির্দিষ্ট করে বলার কারণ, আজ থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনে তিনজনের সামনেই ইতিহাসের হাতছানি। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার যেটিকে বলছেন, ‘খুুবই বিশেষ সময়’।ফেদেরার সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ২০১০ অস্ট্রেলিয়া ওপেনে। মানে ফেদেরারের কাছে গ্র্যান্ড স্লাম অধরা দুই বছরেরও বেশি সময় ধরে! অপেক্ষার প্রহরটা শেষ করে জিততে চান ১৭তম গ্র্যান্ড স্লাম। ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ ছয়টি করে শিরোপার মালিক এখন যৌথভাবে বিয়ন বোর্গ ও রাফায়েল নাদাল। বোর্গকে পেছনে ফেলে নাদাল এবার জিততে চান রেকর্ড সপ্তম শিরোপা। জোকোভিচের সামনে ৪৩ বছর পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। এর আগে ইতিহাসে মাত্র দুজনই এই কীর্তিটা গড়েছেন—রড লেভার ও ডন বাজ। রড লেভার আবার কীর্তিটা গড়েছিলেন দুবার ১৯৬২ ও ১৯৬৯ সালে। বাজ ১৯৩৮ সালে।১৯৬৯-এর পর ফেদেরার দুবার এই কীর্তির মুখে দাঁড়িয়েছেন। দুবারই সুইস তারকা ব্যর্থ হয়ে ফিরেছেন ইতিহাসের চৌকাঠ থেকে। উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর দুবারই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও হেরে গেছেন নাদালের কাছে। একবার করে সুযোগটা এসেছিল পিট সাম্প্রাস এবং নাদালের সামনেও। তাঁরাও পারেননি। জোকোভিচ পারবেন?গত বছরের উইম্বলডন, ইউএস ওপেনের পর এ বছরের অস্ট্রেলিয়া ওপেন—সর্বশেষ তিন গ্র্যান্ড স্লামই জেতা সার্বিয়ান তারকা আশাটাকে উঁচু তারে বেঁধেই নামছেন রোঁলা গাঁরোতে, ‘এটা এমন এক সুযোগ, অল্প কজন টেনিস খেলোয়াড়ই পেয়েছেন তাঁদের জীবনে। এটা আমি জানি, তবে আমি এটিকে নিচ্ছি চ্যালেঞ্জ হিসেবেই।’সম্ভাবনায় আরও অনেকে থাকলেও শেষ পর্যন্ত শিরোপা লড়াইটা ‘বিগ থ্রি’র মধ্যে হবে বলেই বিশ্বাস প্রায় সবার। সে তুলনায় মহিলা একক অনেকটাই উন্মুক্ত। দৃষ্টিটা একটু পেছনে ফেরালেই প্রমাণ মিলবে। সর্বশেষ চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা উঠেছে ভিন্ন চারজনের হাতে। গত বছর ফ্রেঞ্চ ওপেনে লি না, উইম্বলডনে পেত্রা কেভিতোভা, ইউএস ওপেনে সামান্থা স্টোসুর এবং এ বছর অস্ট্রেলিয়া ওপেনে জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। চারজনই গ্র্যান্ড স্লাম জিতেছেন প্রথমবারের মতো! তবে এই কঠিন সত্যটার পরও টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের পাদপ্রদীপের আলোয় তুলে এনেছেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।১৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা রোঁলা গাঁরোতে শিরোপা উৎসব করতে পেরেছেন মাত্র একবারই। সেটাও ১০ বছর আগে, ২০০২ সালে। শারাপোভা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেই ওঠেননি কখনো। তার পরও এঁরা ফেবারিট ফর্মের কারণে। মহিলাদের সর্বশেষ চারটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেই সমান দুটি করে শিরোপা জিতেছেন সেরেনা ও শারাপোভা। ওয়েবসাইট।