'বিগ ফোর' করার প্রস্তাব পেয়েছিল পাকিস্তান!
ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের মোড়ল হয়ে ওঠার নাকি সুযোগ ছিল পাকিস্তানেরও। কিন্তু সেই সুযোগ পাকিস্তান হারিয়েছে নিজেদের ভুলে! এমন দাবি স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি নাজাম শেঠির। ‘ব্যাটে-বলে’ না মেলার দায় তিনি চাপিয়েছেন পিসিবির সাবেক সভাপতি জাকা আশরাফের ওপর।
মাস দুয়েক আগে আইসিসির সভায় প্রস্তাব পাস করিয়ে ক্রিকেট বিশ্বের প্রশাসনিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। শুরুতে কয়েকটি দেশ বিরোধিতা করলেও পরে তাতে সায় দিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া বাকি সব দেশই। সংস্কার প্রস্তাবে এখন সই করতে রাজি শ্রীলঙ্কা, হয়তো সে পথে হাঁটতে হবে পাকিস্তানকেও।
দুবাইয়ে আইসিসি সভায় যোগ দিতে পরশু দেশ ছাড়ার আগে নাজাম শেঠি বলেছেন, ‘বিগ থ্রি আমাদেরও আমন্ত্রণ জানিয়েছিল বিগ ফোর গঠন করতে। কিন্তু জাকা আশরাফ সেই প্রস্তাব ফিরিয়ে দেন।’ এখন পাকিস্তানকে বেশি ভোগান্তি পোহাতে হবে বলে মন্তব্য তাঁর, ‘আট দেশ এখন এক পক্ষে। অন্য পক্ষে শুধু পাকিস্তান। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আমাদের আর দরকারই হবে না আইসিসির।’ ভারতের সঙ্গে ক্রিকেটীয় সুসম্পর্ক গড়ে এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে চান পিসিবির শীর্ষ কর্তা, ‘ভারতের বিপক্ষে সিরিজ খেলতে না পারলে আপনি আয় করতে পারবেন না। সবাই ভারতের পদানত হয়ে থাকছে। কারণ, তাদের বিপক্ষে খেললেই আপনি টাকা কামাতে পারবেন।’
বিগ থ্রির সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করেননি জাকা আশরাফ। কিন্তু ওই প্রস্তাব কেন বাস্তবায়িত হয়নি, দিয়েছেন সেই ব্যাখ্যাও, ‘ভারত প্রথমে প্রস্তাব দিলেও পরে বলেছে, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের নাকি পাকিস্তানের ব্যাপারে আপত্তি আছে। সেই প্রস্তাবও লিখিত ছিল না। শুধু মুখের কথায় ভরসা রেখে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’ ওয়েবসাইট।