‘বিগ ব্যাশে’ ফিরছেন ওয়ার্ন
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনকে অনেক আগেই বিদায় বলেছিলেন শেন ওয়ার্ন। অবসরের পরও ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে বেশ কয়েকটি মৌসুম খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি লেগ স্পিনার। ছয় মাস আগে সেখান থেকেও সরে দাঁড়ানোর পর আবার ওয়ার্নকে মাঠে দেখা যাবে, এমন আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। তবে আবারও মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন ৪২ বছর বয়সী এই লেগ স্পিনার। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশে’ মেলবোর্ন স্টার্সের পক্ষে খেলবেন ওয়ার্ন।আজ মঙ্গলবার বিগ ব্যাশে খেলার ঘোষণা দিয়ে মেলবোর্নের এক সংবাদ সম্মেলনে ওয়ার্ন বলেছেন, ‘আমি এখন ৪২ বছরে পা দিয়েছি। দেখা যাক, এই বছরটা কেমন যায়। এটা হতে যাচ্ছে একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। আমরা এখান থেকে অনেক কিছু শিখতেও পারব। এই বছরটা কেমন কাটছে, এটা দেখার পর সিদ্ধান্ত নেব আরও কত দূর যাওয়া যায়।’আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিগ ব্যাশের সপ্তম আসর। ওয়ার্নের মাঠে ফেরার সিদ্ধান্তের উল্লসিত প্রশংসা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা মাইক ম্যাকেনা। তিনি বলেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটারকে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলতে দেখাটা আমাদের সবার জন্যই খুব আনন্দের।’ রয়টার্স।