‘বিগ ব্যাশ’ নিয়ে চিন্তিত ইয়ান চ্যাপেল
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘বিগ ব্যাশ’কে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১১-১২ মৌসুম থেকে নতুন রূপে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। টি-টোয়েন্টি ক্রিকেট খুব সহজেই দুর্নীতিতে আক্রান্ত হতে পারে বলেও ক্রিকেট অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়েছেন তিনি।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মূল মালিকানা অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে থাকলেও কিছু অংশ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফ্র্যাঞ্চাইজগুলোয় যারা বিনিয়োগ করবে, তাদের একটা বড় অংশ ভারত থেকে আসছে বলে গুঞ্জন উঠেছে। ভয়টা এখানেই ইয়ান চ্যাপেলের। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজগুলোতে যে টাকা-পয়সার লেনদেন হবে, তার একটা নিয়ন্ত্রণ ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে থাকা উচিত। এতে করে দুর্নীতির সুযোগ অনেকটাই কমে যাবে বলে ইয়ান চ্যাপেলের ধারণা। অস্ট্রেলিয়ার দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকায় তিনি লিখেছেন, ‘ব্যবসায়ীরা কোন দৃষ্টিকোণ থেকে এখানে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে, সেটার দিকে আয়োজকদের নজর রাখা দরকার। সেই সঙ্গে এখান থেকে যে মুনাফা হবে, সেখানেও যেন ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা অংশ থাকে, তা নিশ্চিত করা জরুরি। অস্ট্রেলিয়ার ভবিষ্যত্ ক্রিকেট প্রজন্মকে শক্তিশালী করার জন্যই এটা করা প্রয়োজন।’—দ্য সানডে টেলিগ্রাফ